নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজনীতি চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আড়াই বছর ধরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। প্রথমদিকে বেশ কার্যকর ছিল এ নিষেধাজ্ঞা। কিন্তু এখন কাগজে-কলমেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। ছাত্রসংগঠনগুলো মানছে না। পুরোদমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর জড়িয়ে পড়ছে সংঘর্ষে।সম্প্রতি স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রসেনা বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে মিছিল সমাবেশ করেছে। এ ছাড়া নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ছাত্র সংগঠনগুলোর প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার বিষয়টি স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ নাসিম হাসান। তিনি প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। ভর্তি পরীক্ষার জন্য ছাড় দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ সিদ্ধান্ত অমান্য করলে ছাত্রসংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০০৯ সালের ১৩ মার্চ ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। এ প্রসঙ্গে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তছলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। আর এখন বহাল রাখারও কোনো যৌক্তিকতা নেই। তাই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত।’বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞার মধ্যেও ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ছাড়া দাবি আদায়ে অবরোধ কর্মসূচিও পালন করা হয়। এসব কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অন্তত ৪৪ দিন ব্যাহত হয়েছে। নিষেধাজ্ঞার মধ্যে রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার বিষয়টি স্বীকার করেছেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুনুল হক ও সহসভাপতি মোস্তফা সাইফুল ইসলাম। তাঁরা বলেন, ‘আমরা স্বল্প পরিসরে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আর এ মুহূর্তে ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা থাকার প্রয়োজন আছে বলে মনে হয় না।’ একই মন্তব্য করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নিষেধাজ্ঞা চলাকালে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে অন্তত তিন দফা সংঘর্ষের ঘটনা ঘটে। আর শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠনগুলোর মধ্যেও ছোট-বড় সংঘর্ষ হয়।ক্যাম্পাসে রাজনৈতিক নিষেধাজ্ঞা চলাকালে প্রথম সংঘর্ষের ঘটনা ২০০৯ সালের ১৩ মে রাতে। ওই দিন বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।