নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে টেকনাফে জাটকা ধরা চলেছেই

নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকা থেকে জাটকা (ছোট আকারের ইলিশ মাছ) ধরা হচ্ছে অবাধে। এসব জাটকা দেদারসে বিক্রি হচ্ছে উপজেলার বিভিন্ন হাটবাজারে।
সরেজমিনে দেখা গেছে, টেকনাফ পৌরসভা, সদর, হ্নীলা, বাহারছড়া ও সাবরাং এলাকার জেলেরা নাফ নদী ও বঙ্গোপসাগরে কারেন্ট জাল পেতে জাটকা ধরছেন। ওই সব ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও নৌঘাটে এসব জাটকা পাইকারি হিসেবে ২৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এমনকি সদরের বাসস্টেশন বাজারেও জাটকা বিক্রি হচ্ছে অবাধে।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চির ছোট ইলিশ মাছ ধরা, পরিবহন ও বেচাকেনা নিষিদ্ধ। জাটকা না ধরার জন্য জেলেদের নানাভাবে প্রণোদনা ও সচেতনতামূলক সভা করা হচ্ছে। কিন্তু এরপরও তাঁরা শুনছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে বলেন, ‘নাফ নদীর ইলিশের চাহিদা বেশি। কিন্তু এ বছর বড় আকারের ইলিশের সংখ্যা খুবই কম। ফলে আমরা জাটকা ধরছি।’
উপজেলার সাবরাং, টেকনাফ ও হ্নীলা পাইকারি মাছ বাজারে গিয়ে দেখা যায়, বিক্রির জন্য যেসব ইলিশ এসেছে তার প্রায় ৯০ শতাংশই জাটকা। প্রতিটির ওজন ১৫০ থেকে ২৫০ গ্রামের মধ্যে।
টেকনাফ বাসস্টেশন মাছ বাজারের জাটকা বিক্রেতা ফরিদ আলম বলেন, ‘বিগত কয়েক বছরের মধ্যে এ বছর ইলিশ কম ধরা পড়ছে। বড় ইলিশের পরিমাণ খুবই কম।’
এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, জাটকা নিধন বন্ধ হলে ইলিশের বংশ বিস্তার বৃদ্ধি পায়। বর্তমানে নদী ও সাগরে ক্রমান্বয়ে মাছ কমে আসছে। অবাধে জাটকা ধরা হলে ভবিষ্যতে ইলিশশূন্য হয়ে পড়বে। জাটকা নিধন বন্ধের জন্য প্রশাসনিক তদারকি আরও জোরদার করা উচিত।
সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর হোসেন বলেন, বর্তমানে নাফ নদীতে যাঁরা জাটকা ধরছেন, তাঁরা অন্য এলাকার জেলে। এই ইউনিয়নের জেলেরা সরকারি বিধি মেনে ইলিশ ধরা ও বিক্রি বন্ধ রেখেছেন। এরপরও বাজারে কিছু কিছু জাটকা বেচাকেনা করতে দেখা যাচ্ছে।
অবশ্য উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ হুমায়ুন মোের্শদ দাবি করেন, তাঁদের তৎপরতার কারণে বর্তমানে নাফ নদী ও সাগরে জাটকা ধরা, বিক্রি ও পরিবহন বন্ধ রয়েছে। তিনি বলেন, জাটকা ধরা বন্ধ করার জন্য বিভিন্ন দল কাজ করছে। এরপরও কেউ জাটকা ধরে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কয়েক দিন আগেও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ছাড়া উপজেলার নাইট্যংপাড়া ও শাহপরীর দ্বীপ থেকে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা প্রায় আট লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছেন।