নিষ্প্রাণ অতীত
মাথাটা বড্ড ঝিমঝিম করছে। দুই কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। তুমি এখন কেমন আছো মা? তোমারও কি আমার কথা চিন্তা করতে গিয়ে এ রকম হয়? মনে আছে মা, কোনো এক বিষাক্ত ছোবলে আমি যখন ছিলাম ক্ষতবিক্ষত, চারপাশের সবাই এতই বিরক্ত যে আমার দিকে কেউ অবহেলা করেও তাকাত না—যদিও বা কেউ দয়া করে তাকাত, মনে হতো যেন নর্দমার কীট দেখছে। অথচ স্নেহময়ী মা তুমি তোমার সন্তানকে অবজ্ঞা করোনি। মাতৃত্বের সুশীতল ছায়ায় নিবিড়ভাবে বুক দিয়ে আগলে রাখলে সব ঝড়ঝঞ্ঝা থেকে।আর সেই আমিই একদিন আমার প্রয়োজন মেটাতে গিয়ে তিলতিল করে গড়ে তোলা তোমার প্রিয় সংসারের এটা-ওটা একটু একটু করে নিঃশেষ করে দিয়েছি। যখন-তখন চিত্কার, চেঁচামেচি করে তোমায় পাগল করে তুলতাম। একদিন বেপরোয়া আমি জ্ঞানশূন্য হয়ে তোমাকে মেরেছি। সঙ্গে সঙ্গে বড় আপু লাঠি নিয়ে তেড়ে এল। তখনো কী অসীম ধৈর্যে তুমিই আমায় বাঁচালে। আহ্! একেই বলে মাতৃস্নেহ। দুই হাত বাড়িয়ে জড়িয়ে ধরলে আমায়। এক সেকেন্ডে আমার অনুভূতি আমাকে অপরাধবোধে পুড়িয়ে মারল। কিন্তু হায়! পরক্ষণেই আবার সেই একই অবস্থা। শেষ সম্বল হাতের চুড়ি বিক্রি করে সেদিন তুমি আমায় প্রাণে বাঁচালে। কী অপরিসীম ধৈর্যশীল তোমার মাতৃত্বের মায়াবী ছোঁয়া।সেদিন কেমন করে তুমি আমায় বুঝিয়ে-সুঝিয়ে নিয়ে এলে ডাক্তারের কাছে। দিন-রাত আমার সেবায় নির্ঘুম রাত কাটিয়ে আমায় ভালো করে তুললে। আর এখন সেই প্রিয় সন্তানকে ছেড়ে দূর আকাশে তারাদের সঙ্গে চলে গেলে। জানো মা, এখন আমি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করি। তোমার খুব শখ ছিল মা—আমি যেন বিখ্যাত কোনো কবি বা লেখক হই। সেই ছোটবেলায় আমার কবিতা পড়ে তুমি মুগ্ধ হয়ে আমায় কত আদর করে দিতে। কিন্তু কী হবে তোমাকে এসব লিখে, তুমি কি আর দেখতে পাচ্ছ। তোমার সেই সন্তানটি এখন রাত-দিন তোমাকে নিয়ে কত ভাবে। তোমার সেই স্নেহের ছোঁয়া, ব্যথাভরা চোখের পানি, সন্তানের জন্য তোমার বুকের টিপটিপ ভালোবাসার রক্তক্ষরণ। সবই কেমন স্পষ্ট হয়ে আছে আজও আমার শিরায় শিরায়। ওই দূর আকাশের ঘন নীল আসমানের ওপার থেকে মাগো, তুমি যে আমায় তোমার স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছ—সে আমি স্পষ্টত বুঝতে পারছি। ভালো থেকো মা, খু...উ...ব ভালো।জিনাত নাজিয়াতেজগাঁও, ঢাকা