নিসর্গে মানুষের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপার নীল সমুদ্রের কোল ঘেঁষে সুউচ্চ পাহাড়। অপূর্ব এই নিসর্গের টানে মহেশখালীতে সারা বছরই ছুটে আসেন পর্যটকেরা। শিবচতুর্দশীর মেলা উপলক্ষে মহেশখালীতে আসা দেশি-বিদেশি পর্যটকদের জন্য অপূর্ব এই নিসর্গ বাড়তি পাওনা। প্রতিবছরের মতো এবারও মেলায় পর্যটকের ঢল নেমেছে। দ্বীপের মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত আদিনাথ মন্দিরে গত বুধবার থেকেই আসছেন পর্যটকেরা। ইতিমধ্যেই জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। মেলা উপলক্ষে বিভিন্ন পণ্য নিয়ে বসেছে প্রায় ৮০০ দোকান। ১৫ মার্চ পর্যন্ত চলবে এই মেলা। বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, মেলা প্রাঙ্গণে হাজারো মানুষের ঢল। দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন তীর্থযাত্রীরা। প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কা ও মিয়ানমার থেকেও এসেছেন অনেকে। তবে অন্যান্য বছর তীর্থযাত্রীরা নানা ধরনের ভোগান্তির শিকার হলেও এবার উপজেলা প্রশাসন সতর্ক থাকায় তেমন পরিস্থিতির উদ্ভব হয়নি। তীর্থযাত্রীদের সেবায় নিয়োজিত ছিল স্বেচ্ছাসেবক দল। ঢাকা থেকে মেলায় আসা ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘মেলায় প্রায় ৮০০ দোকান বসেছে এবার। মেলার প্রথম দিনে তেমন বেচাকেনা না হলেও পরদিন থেকে ব্যবসা জমে উঠেছে।’ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলার স্থানীয় বাসিন্দা কালীচরণ দে বলেন, ‘মেলায় বিভিন্ন এলাকার মানুষজন আসেন। সব মিলিয়ে একটা মিলনমেলা তৈরি হয়।’ এখানে এলে ঐতিহ্যবাহী জিলাপি কেনেন বলে জানান কালীচরণ। অন্যান্য বছর মেলাকে কেন্দ্র করে জুয়ার আসর, অশালীন নাচ-গান এবং মাদক কেনাবেচা হলেও এবারে চিত্র ছিল ভিন্ন। মেলা তদারকি কমিটি এ ধরনের কর্মকাণ্ড বন্ধের উদ্যোগ নিয়েছে। তীর্থযাত্রীদের মধ্যে যাঁরা নৌপথে কক্সবাজার হয়ে এসেছেন তাঁদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হয়েছে বলে অভিযোগ আছে। কাঠের নৌকায় ২৫ টাকার স্থলে ৩৫-৪০ টাকা এবং স্পিডবোটে ৬৫ টাকার স্থলে ৮০-১০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের কথা জানা গেছে।চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা মিলন কান্তি দে বলেন, কক্সবাজার থেকে মহেশখালীতে স্পিডবোটে আসতে ৬৫ টাকার স্থলে তাঁর কাছ থেকে ৮০ টাকা ভাড়া নেওয়া হয়েছে। আদিনাথ মেলার তদারকি কমিটির সহসভাপতি দীপক পাল জানান, অন্যান্য বারের চেয়ে এবার বেশি তীর্থযাত্রী এসেছেন।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, আদিনাথ মেলায় তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন মেলা সুষ্ঠুভাবে চলছে বলে জানান। তিনি বলেন, ‘তীর্থযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মহেশখালী আদিনাথ জেটিঘাটে দুজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।’