
মা চাইতেন মেয়ে ডাক্তার হবে। আর বাবার পছন্দ প্রকৌশল। কিন্তু মেয়ের যে পরিবেশ নিয়ে পড়ার ইচ্ছে! অনেকটা মা-বাবার মতের বিরুদ্ধে গিয়েই সৈয়দা নিশাত নায়লা ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে। মা-বাবাও মেয়ের ওপর আস্থা রেখেছেন। আস্থার প্রতিদান পাওয়া গেল ২০১৩ সালের ডিসেম্বরে। যখন শান্তিতে নোবেলজয়ী মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের ‘ক্লাইমেট রিয়েলিটি প্রজেক্ট’-এর প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য নিশাতের কাছে আমন্ত্রণ এল। সেই থেকে শুরু, এরপর শুধুই ছুটে চলা।
বন্ধুরা তাঁকে নিশাত ও নায়লা—দুটো নামেই ডাকেন। পড়ছেন শেষ বর্ষে। বলছিলেন, ‘দেশের বাইরে প্রথমবার একা যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু এই চ্যালেঞ্জটাই জীবনের লক্ষ্যটা নতুন করে ভাবার সাহস দিল।’ ক্লাইমেট রিয়েলিটি প্রজেক্টে অংশ নেওয়ার সুযোগকেই জীবনের ‘টার্নিং পয়েন্ট’ বলে মানেন তিনি। কেন? ‘প্রশিক্ষণের পর পরিবেশ এবং পরিবেশবিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করেছি। দেশ-বিদেশে আন্তর্জাতিক সেমিনারগুলোতে বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছি। সেখানে শতাধিক দেশি-বিদেশি মানুষের সামনে জলবায়ু বিজ্ঞান বিষয়ে প্রেজেন্টেশন দিয়েছি।’
২০১৫ সালের সেপ্টেম্বরে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট ২০১৭’-এর ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তখন ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়ার এশিয়া প্যাসিফিক স্টুডেন্ট ফোরামে বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন নিশাত। ২০১৬ সালে ফিলিপাইনে অনুষ্ঠিত ‘ক্লাইমেট রিয়েলিটি প্রজেক্টে’ মেন্টর হিসেবেও আমন্ত্রণ পান তিনি। সে বছর সারা পৃথিবী থেকে ১০ জনকে মেন্টর হিসেবে নির্বাচিত করা হয়েছিল, তাঁদের মধ্যে নিশাতই ছিলেন সর্বকনিষ্ঠ। তিনি বলেন, ‘সাতটি দেশ ঘুরে আমি পরিবেশ বিষয়ে ৩৪টিরও বেশি প্রেজেন্টেশন দিয়েছি। ক্লাইমেট রিয়েলিটি লিডারশিপ বোর্ডের ১২ হাজারের বেশি ক্লাইমেট লিডারের মধ্যে আমার অবস্থান এখন সপ্তম।’
নিশাত এখন ‘সাসটেইনেবল ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট’ নামে একটি প্রকল্পে কাজ করছেন, যার মূলমন্ত্র হলো মানসম্পন্ন জীবনধারণের জন্য সচেতনতা তৈরি। এই প্রকল্পের আওতায় পরিবেশ, সচেতন জীবনযাপন ও বিজ্ঞানবিষয়ক গবেষণায় কিশোর-তরুণদের অনুপ্রাণিত করার জন্য বিভিন্ন স্কুল-কলেজে সেমিনার আয়োজন করা হয়।
দেশে কোথাও পরিবেশবিষয়ক প্রতিযোগিতা হচ্ছে মানেই সেখানে নিশাত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল এনভায়রনমেন্ট কম্পিটিশন, বুয়েটের এনভায়রনমেন্ট উইক, আইইউটির সেনোভেশন, নর্থ সাউথ ইউনিভার্সিটির সিবিএ টেন ইয়ুথ কনফারেন্স, আইইউবির ক্লাইমেট চেঞ্জ রিসার্চ প্রোগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেচার ফেস্টিভ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রিসাইকেল অ্যান্ড ইন্সপায়ার—মোট কথা পরিবেশবিষয়ক কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া বাদ যায়নি তাঁর। স্বীকৃতিও মিলেছে বেশ কয়েকটিতে। ২০১৫ সালে অনুষ্ঠিত আইট্রিপলইর স্টুডেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি কনফারেন্সে পরিবেশ নিয়ে উত্থাপিত তাঁর একটি গবেষণাপত্র সেরার সম্মাননা পেয়েছিল। বিজনেস কেস কম্পিটিশনগুলোতেও নিয়মিত অংশ নেন তিনি।
বাবা সৈয়দ মো. আবুল কাশেম ও মা নিলুফার ইয়াসমিনের একমাত্র মেয়ে নিশাত। পঞ্চম শ্রেণিতে বৃত্তি পেয়েছিলেন। উদয়ন স্কুল থেকে মাধ্যমিক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক—দুটোতেই ছিল জিপিএ-৫। নিশাত বলেন, ‘আমাদের একটাই পৃথিবী। ছোট কমলা লেবুর মতো গোল, নীল। পরিবেশের প্রতি কৃতজ্ঞ থাকা আমাদের কর্তব্য।’