মিরসরাইয়ের মধ্যম মায়ানী গ্রামের আবুল কাশেম বাঁশ-বেতের বেড়া বানিয়ে সংসার চালান। কিন্তু গত এক মাস বাঁশ-বেত পড়ে পড়ে পচেছে, কাজে মন দিতে পারেননি। স্ত্রী কুসুম বিবি দরজায় কড়া নাড়ার শব্দ শুনলেই জানতে চান তাঁর ছেলে ইমরান বিদ্যালয় থেকে ফিরল কি না!সড়ক দুর্ঘটনায় নিহত আবুতোরাব বহুমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ইমরান হোসেনের মৃত্যুর এক মাস পূর্ণ হলো আজ। সময় শোককে অনেকখানিই মুছে দেয়। কিন্তু ইমরানের পরিবারে কিছুই স্বাভাবিক হয়নি।ইমরানের বোন জান্নাতুল ফেরদৌস শোকের ধাক্কা সামলাতে পারেননি। ভাইয়ের মৃত্যুর পর বাকরুদ্ধ হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। কিন্তু স্বাভাবিক হয়ে ওঠেননি এখনো। কুমিল্লা সরকারি মহিলা কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন তিনি। কিন্তু পরিবারের সদস্যরা এখনো জানেন না ফলাফল। পরীক্ষার রোল নম্বর মনে করতে পারছেন না জান্নাতুল, মনে করতে পারলেও বলতে পারছেন না। মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার এক মাস পরও ইমরানের পরিবারের মতোই নীরবে শোক বয়ে বেড়াচ্ছেন নিহতদের পরিবার। মধ্যম মায়ানী, পূর্ব মায়ানীর মনুভূইয়াপাড়া এবং মঘাদিয়ার মাস্টারপাড়া, জলদাসপাড়া ও শেখের তালুকের ৩৯ জন ছাত্রসহ নিহত ৪১ জনের পরিবারে এখনো কেবলই শোকের ছায়া। কান্না থামছে না নিহতদের বাবা-মা, ভাইবোন ও স্বজনদের।মঙ্গলবার সরেজমিনে আবুতোরাব গিয়ে এমন চিত্রই দেখা গেল। দুর্ঘটনায় আহত সন্তানদের নিয়েও শঙ্কা কাটছে না মা-বাবার। আবুতোরাব বিদ্যালয়ের সবচেয়ে বেশি শিক্ষার্থী ওই সড়ক দুর্ঘটনায় মারা গেছে। বহু চেষ্টার পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিহত সহপাঠীদের শোক সামলে ক্লাস করছে। অংশ নিয়েছে দ্বিতীয় সাময়িক পরীক্ষায়ও।আহতদের নিয়ে অভিভাবকেরা চিন্তিত: আবুতোরাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর সাদেক জানান, সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র হাবিবুল্লা সাগর ওই দুর্ঘটনায় আহত হয়েছিল। তার রোল নম্বর ১। আহত হওয়ার পর তার চিকিৎসা চলে চট্টগ্রামের সেন্টার পয়েন্ট হাসপাতালে। অভিভাবকেরা ভেবেছিলেন সে সুস্থ হয়ে গেছে। কিন্তু গত শুক্রবার (৫ আগস্ট) সাগর তার বাবার সঙ্গে আবুতোরাব বাজারের মাছ বাজারে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এখন সাগরের বাবা মাহবুবুল আলম ছেলেকে নিয়ে আশঙ্কায় আছেন। একই কথা বলেন সপ্তম শ্রেণীর আহত ছাত্র জুয়েল বড়ুয়ার বাবা ভদ্রসেন বড়ুয়া। তিনি বলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসার পর জুয়েলের জ্বর উঠেছিল। তার খাওয়াদাওয়া কমে গেছে।উল্লেখ্য, দুর্ঘটনায় আহত অষ্টম শ্রেণীর ছাত্র কাজল চন্দ্র নাথ চিকিৎসাধীন অবস্থায় ৪ আগস্ট ঢাকায় মারা যায়। স্মৃতিসৌধের কোনো উদ্যোগ নেই: মর্মান্তিক দুর্ঘটনার পর আবুতোরাব উচ্চবিদ্যালয়ের মাঠে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া শোকসভায় ঘোষণা দিয়েছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব দুর্ঘটনাস্থলে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা হবে। কিন্তু এক মাস পরও কোনো উদ্যোগ লক্ষ করা যায়নি। এ প্রসঙ্গে মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির নিজামী জানান, ‘আমি শুনেছি, সাংসদ মোশাররফ হোসেন দুর্ঘটনাস্থলে এবং শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া আবুতোরাব বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে স্মৃতিসৌধ নির্মাণ করবেন। কিন্তু এ ব্যাপারে এখনো আমাকে কেউ কিছু জানাননি।’মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাঈদ কুতুব জানান, স্মৃতিসৌধ নির্মাণের ব্যাপারে এখনো প্রশাসনিকভাবে তাঁকে কিছু জানানো হয়নি।