নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ইয়াবা পাচার
মিয়ানমারে তৈরি নেশার বড়ি ইয়াবা পাচার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে ইয়াবার চালান ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল হোতারা। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার টেকনাফের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে বিজিবি, পুলিশ ও র্যাবের সদস্যরা চার হাজার ১৮২টি ইয়াবাসহ দুই পাচারকারী—মাহবুব আলম (৪০) ও মো. শরীফকে (২৩) গ্রেপ্তার করেন। গত ২৪ আগস্ট রাতে শাহপরীর দ্বীপ এলাকায় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা দামের ১৯ হাজার ৭০০টি ইয়াবাসহ মো. ইলিয়াছকে (২৩) আটক করে। ইলিয়াছ স্থানীয় মিস্ত্রিপাড়ার সলিম উল্লাহর ছেলে। এর আগে পুলিশ ইয়াবাসহ ইলিয়াছের বড় ভাই আবদুল শুক্কুরকে গ্রেপ্তার করেছিল। প্রায় ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে তিনি আবারও ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। বর্তমানে শুক্কুর ও সলিম উল্লাহ পলাতক। অভিযানে নেতৃত্বদানকারী শাহপরীর দ্বীপ বিজিবির কোম্পানি কমান্ডার সোহরাওয়ার্দী এর সত্যতা নিশ্চিত করে জানান, ইলিয়াছ নাফ নদী অতিক্রম করে ইয়াবার চালান নিয়ে মিয়ানমার থেকে শাহপরীর দ্বীপ আসার সময় তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সূত্র জানায়, ওই দিন রাত আটটায় বিজিবির সদস্যরা টেকনাফ-কক্সবাজার সড়কের দমদমিয়া চেকপোস্টে একটি খোলা জিপগাড়ি (চাঁদের গাড়ি চট্টমেট্রো-ঘ-০২-০২১২) তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ১৬১টি ইয়াবাসহ দুই পাচারকারী—মো. শামসুল হুদা (২৬) ও হোসেন আলীকে (৩৩) গ্রেপ্তার করেন। শামসুল হুদা উপজেলার নিলা ইউনিয়নের লেদা গ্রামের মৃত আবুল কাশেম এবং হোসেন আলী হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের আবুল মনজুরের ছেলে। জানা যায়, গত ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত সাড়ে সাত মাসে টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৮৫ কোটি টাকা মূল্যের এক লাখ ৬৭ হাজারটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটক করা হয় ১১৩ পাচারকারীকে। সূত্র জানায়, শুধু টেকনাফ সীমান্ত দিয়ে প্রতি মাসে ৫০০ কোটি টাকার ইয়াবা সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আমদানি করা পণ্য, লবণবোঝাই ট্রাক, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়িতে করে বেশির ভাগ ইয়াবার চালান পাচার হচ্ছে। এ ছাড়া মানুষের পায়ুপথ, মুরগির পেট, ফলমূল, সবজি, মোটরসাইকেল, দেশলাই ও সিগারেটের প্যাকেটভর্তি করে ইয়াবা পাচার হচ্ছে। ছোট্ট আকৃতির বড়ি হওয়ায় শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে এবং নানা কৌশলে ইয়াবা পাচার সহজ হচ্ছে। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশির ভাগ চালান ধরতে পারছেন না। এখন ইয়াবার চালান ধরার জন্য বিজিবি টেকনাফে ডগ স্কোয়াড নিয়ে এসেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, প্রায় প্রতিদিন ইয়াবার চালানসহ পাচারকারীদের ধরা হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে সক্রিয় কয়েকটি মাদক পাচারকারী সিন্ডিকেট নানা কৌশলে এই ইয়াবা চালান সরবরাহ দিচ্ছে। এ ব্যাপারে বিজিবির সদস্যদের সতর্ক রাখা হয়েছে। সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) ছত্রধর ত্রিপুরা জানান, ঢাকা, কক্সবাজার, টেকনাফ ও মিয়ানমারের চোরাচালানিরা সিন্ডিকেট করে ইয়াবার চালান সরবরাহ দিচ্ছে। ইয়াবাসহ সরবরাহকারীরা ধরা পড়লেও মূল হোতা ধরা পড়ছে না। তালিকাভুক্ত পাচারকারীরা চট্টগ্রাম-ঢাকা অবস্থান করে। টেকনাফ-কক্সবাজার সড়কে চলাচলকারী গাড়ি তল্লাশির পাশাপাশি অনুসন্ধানের জন্য ডগ স্কোয়াড ব্যবহার করা গেলে ইয়াবা পাচার বন্ধ করা সম্ভব হতো।