নিয়ম ভাঙা আবিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল পুরস্কারের ওয়েবসাইটটিতে (www.nobelprize.org) ঢুকলে ডানে একটি অনলাইন জরিপ অংশ আপনার চোখে পড়বে। সেখানে প্রশ্ন করা হয়েছে, ‘আপনি কি এর আগে কোয়াসিক্রিস্টালের নাম শুনেছিলেন?’ হ্যাঁ অথবা না ভোট দিয়ে দেখুন, না-এর পাল্লাই ভারী হবে নিশ্চিত (১২ অক্টোবর পর্যন্ত ‘না’ ছিল ৬৭ শতাংশ আর ‘হ্যাঁ’ ছিল ৩৩ শতাংশ)। এই প্রায় না জানা এক জিনিস কোয়াসিক্রিস্টাল আবিষ্কার করেছেন ইসরায়েলের বিজ্ঞানী ড্যানিয়েল শেচম্যান। আর এরই বদৌলতে এ বছর তিনি পেলেন রসায়নে নোবেল। লক্ষণীয় বিষয়, এর আগের তিনবার রসায়নে তিনজন করে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবার ড্যানিয়েল একাই এক শ!ব্রিটিশ শাসনাধীন ফিলিস্তিনের তেল আবিবে জন্ম ড্যানিয়েল শেচম্যানের। এমএসসি করেন ১৯৬৮ সালে, বিষয় ছিল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এবং একই বিষয়ের ওপর পিএইচডি করেন ১৯৭২ সালে। এর পরের তিন বছর এই বিজ্ঞানী পড়াশোনা করেন যুক্তরাষ্ট্রের ওহাইওর রাইট প্যাটারসন এয়ারফোর্স বেসে। ১৯৭৫ সালে যোগ দেন টেকনিয়নের ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে। ১৯৮১-৮৩ সাল পর্যন্ত সেখান থেকে সাময়িক ছুটি নিয়ে তিনি চলে যান জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে। সেখানে পড়াশোনা করেন ‘দ্রুত কঠিন হয়ে যাওয়া অ্যালুমিনিয়ামের পরিবর্তনমূলক ধাতব খাদ’ নিয়ে। ওই সময়ই ড্যানিয়েল আবিষ্কার করেন আইকোস্যাহেড্রাল পর্যায়। যার ফলে পরবর্তী সময়ে খুলে যায় কোয়াসিক্রিস্টাল গবেষণার দুয়ার।ড্যানিয়েলের স্ত্রী জিপোরা শেচম্যান ইসরায়েলের হাইফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। কাউন্সেলিং অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট বিভাগের প্রধান তিনি। এক ছেলে তিন মেয়ে তাঁদের।নোবেল পুরস্কার পাওয়ার পর ড্যানিয়েল বললেন, ‘এই প্রাপ্তি এবং উৎসব কেবল টেকনিয়ন কিংবা ইসরায়েলের মানুষের নয়, এই প্রাপ্তি পৃথিবীব্যাপী বিজ্ঞানের। আমি যা প্রতিষ্ঠা করেছি, তা নিয়ে পৃথিবীর হাজার হাজার বিজ্ঞানী কাজ করছেন। তাঁরাও এই পুরস্কারের অংশীদার। তাঁদের কারণেই আজকের বিজ্ঞান এই পর্যায়ে এসেছে।’এ কথা সত্যি, প্রথম দিকে ড্যানিয়েলের আবিষ্কার নিয়ে অনেকেই ছিলেন সন্দিহান। এমনকি সহকর্মীরাও ব্যাপারটি উড়িয়ে দিয়েছিলেন প্রায়! তবে লোকে যা বলে বলুক, ড্যানিয়েল সেসব কানেই তোলেননি। বিজ্ঞানের প্রতি বিশ্বস্ত এই মানুষটি তাই বললেন, ‘এত দিন ধরে আমি যা শিখেছি, তার মধ্যে প্রধান হলো একজন বিজ্ঞানীকে হতে হবে বিনয়ী। অন্য বিজ্ঞানীরা যা বলেন, তা মনোযোগ দিয়ে শুনবেন তিনি এবং পাঠ্যবইতে যা পড়েছেন, শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত তা সত্য বলে ধরে নেবেন না।’টুকরো জীবনজন্ম: ২৪ জানুয়ারি ১৯৪১, তেল আবিব, ইসরায়েলকর্মস্থল: রাইট প্যাটারসন এয়ারফোর্স বেস, জন হপকিন্স ইউনিভার্সিটি, এনআইএসটি, আইওয়া স্টেট ইউনিভার্সিটি এবং টেকনিয়ন—ইসরায়েল ইনস্টিটিউট অব টেকনোলজিযে কারণে নোবেল: কোয়াসিক্রিস্টাল উদ্ভাবনউল্লেখযোগ্য পুরস্কার: উলফ প্রাইজ ইন ফিজিকস (১৯৯৮), ইসরায়েল প্রাইজ (১৯৯৯)