নিয়ম ভেঙে দিনে ময়লা অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ দুর্গন্ধের হানা। নাকে রুমাল চাপা দিয়েও কাজ হয় না। গায়ে নোংরা পানি ও ময়লা পড়ার আশঙ্কা সন্ত্রস্ত করে তোলে পথচারীদের। দিনের ব্যস্ত সময়ে এমন বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় সিটি করপোরেশনের খোলা ময়লার গাড়ি যাতায়াতের সময়।সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী, ময়লা অপসারণ ও পরিবহন করার কথা রাত ১২টার পর থেকে সকাল ১০টার আগ পর্যন্ত। কিন্তু মানা হচ্ছে না সে নিয়ম। নগরের প্রায় সব এলাকায় দিনের বেলায় ডাস্টবিনের ময়লা অপসারণ ও খোলা গাড়িতে পরিবহন করছে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, পরিচ্ছন্নতা বিভাগের আবর্জনাবাহী ট্রাক রয়েছে ৭৪টি। এগুলোর বেশির ভাগই খোলা। প্রতিদিন নগরের এক হাজার ৩৫০টি ডাস্টবিনের আবর্জনা এসব ট্রাকে করে পরিবহন করা হয়। আবর্জনা পরিষ্কারে নিয়োজিত আছেন এক হাজার ৯৯৫ কর্মী।সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী বলেন, ‘বিগত তত্ত্বাধায়ক সরকারের সময় রাতে ও ভোরে ময়লা পরিষ্কার ও পরিবহন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু রাতে পর্যাপ্ত আলো না থাকায় পরিচ্ছন্নতার কাজ ব্যাহত হয়। যার জন্য দিনব্যাপী ময়লা পরিষ্কার করতে হয়। আমাদের ট্রাকগুলোর বেশির ভাগই খোলা। এ কারণে দুর্গন্ধ ছড়ায় ও মাঝেমধ্যে বাইরে ময়লা পড়তে পারে।’ নগরের কাজীর দেউড়ি, আসকার দীঘির পাড়, আন্দরকিল্লা, ষোলশহর, বহদ্দারহাট, হালিশহরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল ১০টার পর কিংবা বিকেল তিনটা-চারটার দিকে ডাস্টবিন থেকে ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ চলছে। গত মঙ্গলবার বিকেল চারটা থেকে হেম সেন লেইন, জামালখান রোডে ময়লার ট্রাক রেখে আবর্জনা পরিষ্কার করছিল সিটি করপোরেশনের কর্মীরা। এ সময় ওই পথ দিয়ে নাকে হাত দিয়ে পথচারী ও শিক্ষার্থীদের চলাচল করতে দেখা যায়। এদিকে, ময়লা-আবর্জনা নিয়ে বিভিন্ন আবাসিক এলাকা এবং বিদ্যালয় ও কলেজের পাশে ফেলা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। কর্ণফুলী তৃতীয় সেতুসংলগ্ন বাকলিয়া শহীদ এনএমএমজে কলেজের পাশে এখন করপোরেশনের ময়লা ফেলা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, এখানে আবর্জনা ফেলার কারণে কলেজের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার মানুষ দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে। কলেজের অধ্যক্ষ আবদুল মালেক বলেন, ‘প্রায় ছয় মাস ধরে আমরা এ দুর্গন্ধের মধ্যে রয়েছি। এ কারণে শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা বসতে পারে না। এ ব্যাপারে আমি করপোরেশনে দু-একবার অভিযোগও করেছি। কিন্তু কোনো লাভ হয়নি।’