খাগড়াছড়ি জেলা সদরের নুনছড়ি এলাকায় নিয়ম ভেঙে পাথর তোলা হচ্ছে। এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কয়েক বছর ধরে পাথরের ব্যবসা করছেন বলে অভিযোগ আছে।খাগড়াছড়ি ইউনিয়নের গুগড়াছড়ি বাজারের কাছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১ নম্বর রাবার বাগানে পাহাড় ও ঝরনা থেকে সংগ্রহ করা পাথর মজুদ করা হয় বলে জানা গেছে। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েক হাজার ঘনফুট পাথর জড়ো করে রাখা হয়েছে। পাথরের স্তূপের পাশে দুটি পাথর ভাঙার যন্ত্র পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা আছে। তবে এ সময় পাথর সংগ্রহের কাজে যুক্ত কোনো শ্রমিককে দেখা যায়নি। মঙগ্রাম পাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানান, খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আম্যে মারমা এই পাথর ব্যবসার সঙ্গে জড়িত। গুগড়াছড়ি গ্রামের আরেক বাসিন্দা জানান, পাহাড়ের বড় বড় গাছপালাও শেষ। এখন পাথর তোলা হচ্ছে। ছড়া থেকে পাথর তোলার কারণে পানি শুকিয়ে যাচ্ছে। এখন ছড়ার তলায় কূপ খনন করেও পানি পাওয়া যায় না। গরগজ্যাছড়ি গ্রামের বাসিন্দা ধনগুলো চাকমা জানান, আম্যে মারমা তিন-চার বছর ধরে পাথরের ব্যবসা করছেন।খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আম্যে মারমা নুনছড়ি এলাকার রাবার বাগানেরভেতর স্তূপ করা পাথরগুলো তাঁর বলে স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, একটি বুদ্ধমূর্তি ও কালভার্ট তৈরির জন্য এসব পাথর সংগ্রহ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে তিনি জড়িত কি না জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।এ ব্যাপারে খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম শাহ্ হাবিবুর রহমান হাকিম জানান, পাহাড় কাটা ও পাহাড় থেকে পাথর তোলা নিষিদ্ধ। কোনো স্থান থেকে পাথর তোলা ও পাহাড় কাটা হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করা হবে।