
অফিস শেষ করে একটু ঘুরতে যাওয়া কিংবা খেতে যাওয়া বা আড্ডা দিতে গিয়ে বাসায় ফিরতে অনেক রাত। স্বাভাবিকভাবেই ঘুমাতে যেতে দেরি হলো বেশ। কাজের কারণে সকালে যাঁদের উঠতে হলো, তাঁদের ঘুম পরিপূর্ণ হওয়ার কথা নয়। তাহলে তো সারা দিনের কাজই সারা যাবে না ঠিকঠাকমতো। আবার যাঁদের দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস? তাঁদের কাজ ঠিকঠাকমতো হলেও দিনের সব কাজ শেষ করার এত সময় পাবেন কোথায়? এই একটু অনিয়ম যেমন দৈনন্দিন জীবনের রুটিনে ছেদ আনতে পারে, তেমনি নিয়ম মেনে একটু গুছিয়ে চললে দিন পার করা যায় বেশ ভালোভাবে।
করপোরেট কোচের প্রধান পরামর্শক যিশু তরফদার জানান, যাঁরা গুছিয়ে কাজ করেন, তাঁদের সাফল্য অগোছালো মানুষের চেয়ে ৬০ শতাংশেরও বেশি। অথচ এই সাফল্যের কথা ভেবেই তো অনেকে রুটিনের বাইরে আরও বেশি কাজ করে। অতিরিক্ত কাজ নয়, বরং প্রতিদিনের গোছানো কাজ আপনাকে আরও বেশি এগিয়ে রাখতে পারে। এই পরামর্শকের মতে, নিজের সর্বোচ্চ কর্মদক্ষতা অর্জন করতে তিনটি ব্যাপার অবশ্যই মেনে চলতে হবে। সেগুলো হলো—নিয়মানুবর্তিতা, সময়নিষ্ঠা ও শৃঙ্খলা।
এসব নিয়ম মেনে একজন শিক্ষার্থী, কর্মজীবী ও গৃহিণী সহজে কীভাবে নিজেদের দৈনন্দিনের সব কাজ সামলে নেবেন? শিক্ষার্থীদের বেলায় যিশু তরফদারের পরামর্শ—এলোমেলো থাকা যাবে না। নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে। কারণ, দরকারের সময় কোনো কিছু পাওয়া না গেলে মেজাজ খারাপ হতে পারে। আর মেজাজ নিয়ন্ত্রণে না থাকলে যে কাজটি করতে চাচ্ছিল, সেটি করার ইচ্ছা হারিয়ে যেতে পারে। ছাত্রদের অবশ্যই একটা রুটিন থাকা উচিত।
কর্মজীবীদের বেলায়? যিশু তরফদার বললেন, কর্মজীবীদের প্রতিদিনই সময়মতো ঘুমাতে হবে এবং নিয়মমতো ঘুম থেকে উঠে প্রস্তুত হয়ে রওনা দিতে হবে অফিসে। মাথায় রাখতে হবে কর্মস্থলে সময়মতো পৌঁছানোর ব্যাপারটি। আর চাকরিজীবী যদি গুছিয়ে কাজ করে থাকেন, সে ক্ষেত্রে কাজ শুরু করতে কোনো বেগ পোহাতে হবে না। বরং আগের দিনের গোছানো কাজগুলো এগিয়ে থাকতে সাহায্য করবে। কাজ তো শুরু করা হলো, তারপর? শৃঙ্খলা মেনে কাজ করতে হবে। এতে বাড়বে কর্মদক্ষতা।
গৃহিণী হচ্ছেন বাড়ির ব্যবস্থাপক। তাই বাড়ি সামলানোয় তাঁর দায়িত্ব অনেক। এ ক্ষেত্রেও গুছিয়ে কাজ করে বাড়ির সমস্ত দায়িত্ব সেরে নিতে পারবেন তিনি।
শুরুতেই বলা হয়েছিল নিয়মানুবর্তিতা, সময়নিষ্ঠা ও শৃঙ্খলার কথা। সেসব মেনে পরিকল্পনা অনুসারে প্রতিদিনের কাজ চালিয়ে যান। আগে থেকে করে নিতে পারেন পুরো সপ্তাহ কিংবা বিশেষ কোনো কাজের পরিকল্পনা। তাতে আপনার অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। এবার শুধু সময়মতো কাজটি বাস্তবায়ন করেন। এবার নিজেই নিজের কাছে প্রশ্ন রাখতে পারেন, সাফল্য না এসে কি পারে?