নিয়মানুবর্তিতাই সব আমেনা বেগমের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করে ১৯৯৯ সালে ১৮তম বিসিএসে অংশ নেন। বিসিএসে সম্মিলিত মেধাতালিকায় ষষ্ঠ স্থান অর্জন করে বেছে নেন পুলিশ ক্যাডার। চাকরিতে যোগদানের এক সপ্তাহ আগে ব্যবসায়ী সানিয়াৎ লুৎফীর সঙ্গে বিয়ে হয়। বিশ্ববিদ্যালয়ে তাঁরা সহপাঠী ছিলেন। স্বামী সানিয়াৎ থাকেন চট্টগ্রামে। খুব ভোরে দিন শুরু হয় তাঁর। সকালে ঘণ্টা খানেক ব্যায়াম করেন তিনি। এরপর ফোনে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন খানিকক্ষণ। মেয়ে সূরা মাইয়া লুৎফীকে খাওয়াদাওয়া করিয়ে নিজে তৈরি হন। ঠিক সাড়ে নয়টার মধ্যে কার্যালয়ে হাজির হন। শুরু হয়ে যায় কর্মব্যস্ত একটা দিন।‘সাফল্যের মূলমন্ত্রই হচ্ছে নিয়ম মেনে চলা। নির্দিষ্ট নিয়মের মধ্যে না চললে সবকিছুই যেন এলোমেলো হয়ে যায়। সব সময়ই আমি সময়ের মূল্য দেওয়ার চেষ্টা করেছি, সারা জীবনই করে যাব।’ বলেন তিনি।
সম্প্রতি তিনি নারীদের জন্য জেলার বিভিন্ন থানায় নারী সহায়তা কেন্দ্র চালুর কাজ শুরু করেছেন।
বই আর ফুলের বাগান—দুটোই দারুণ পছন্দ তাঁর। কাজের ফাঁকে নিজেই হাত লাগান বাগানের পরিচর্যায়। আর বইও পড়েন বাগানে বসেই। চাকরিজীবনে প্রথমে কুমিল্লা জেলায় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরে ২০০৫ সালে পদোন্নতি পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও পরে র্যা ব সদর দপ্তরে যোগ দেন।
২০০৬ সালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পূর্ব তিমুরে বাংলাদেশ আর্মড পুলিশ ইউনিটের ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে প্রথম বাংলাদেশি হিসেবে আমেনা বেগম আন্তর্জাতিক নারী পুলিশ সংস্থার এশিয়া অঞ্চলের সমন্বয়ক পদে নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদেও তিনি দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে তিনি বাংলাদেশে ‘প্রথম এশিয়ান উইমেন পুলিশ কনফারেন্স’–এ সমন্বয়কের দায়িত্ব পালন করেন। আমেনা ‘বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক’–এরও প্রতিষ্ঠাকালীন সদস্য। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (এসপি), এআইজি (হাইওয়ে পুলিশ) এবং পার্বত্য রাঙামাটি জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।
২০১২ সালে ‘আইজেনহওয়ার ফেলোশিপ’–এর জন্য মনোনয়ন পান। যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগ ও বিশ্ববিদ্যালয়গুলো থেকে পুলিশিংয়ের ওপর অভিজ্ঞতা অর্জন করেন তিনি। এ ছাড়া মেক্সিকো, জার্মানি, দক্ষিণ আফ্রিকাসহ ইউরোপে পুলিশের বিভিন্ন সেমিনারে অংশ নিয়েছেন। পাশাপাশি তিনি অটিস্টিক চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সঙ্গে জড়িত আছেন।