নিয়মিত ব্যায়াম করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোবেরা রহমান লিনু, ক্রীড়াবিদ
জোবেরা রহমান লিনু, ক্রীড়াবিদ

ছোটবেলায় বোঝার পর থেকেই শিখেছি ‘স্বাস্থ্যই সকল সুখের মূল’। এই কথাটা আমার মাথার ভেতর এমনভাবে ঢুকে আছে যে আমি আপ্রাণ চেষ্টা করি, নিজেকে ফিট রাখতে। যেহেতু আমি খেলোয়াড় ছিলাম, তাই আমাকে টিকে থাকার জন্য ফিট থাকতে হয়েছে। কিন্তু এই ফিট থাকাটা অতটা সহজ ছিল না।

আসলে জীবনে নিজেকে ফিট রাখাটা খুব জরুরি। আমি হয়তো অতটা ফিট না। তবুও এই বয়সে আমি নিজেকে সুন্দর আর ফিট দেখতে চাই।

এখনকার অনেক মেয়েদের মধ্যে একধরনের ভ্রান্ত ধারণা আছে। তারা মনে করে, না খেয়ে জিরো সাইজ হওয়াটাই সৌন্দর্য। এটাই ওদের কাছে কাছে ফিট থাকার মূলমন্ত্র। কিন্তু আমি মনে করি, ফিট থাকার প্রথম শর্ত হচ্ছে যে পরিমাণ ক্যালরিযুক্ত খাবার খাচ্ছে তা শারীরিক পরিশ্রমের মাধ্যমে ব্যয় করা। তাহলে বাড়তি মেদ জমবে না।

 আমি ছোটবেলা থেকে ব্যায়াম করি। পাশাপাশি খাওয়া-দাওয়াটাও সঠিকভাবে করার চেষ্টা করি। অনেকে আছে, যারা সকালে নাশতা খায় না। মনে করে, যাক এক বেলা তো কম খেলাম। পরে দেখা যায়, খিদে বেশি পাওয়ায় তারা দুপুরে দ্বিগুণ পরিমাণ খাবার খায়। সে কারণে আমি নিজে সকালের নাশতাটা খুব ভালোভাবে করি। দুপুর, রাতে মাছ, মাংস, সবজি সবই খাই। তবে পরিমাণে কম। যেদিন বেশি খেয়ে ফেলি পরদিন ব্যায়াম আর খাওয়াটার দিকে খেয়াল করি। আমার প্রিয় কাঁচা ছোলা। নিয়মিত না হলেও খাওয়ার চেষ্টা করি। কলা অনেকে খায় না ক্যালরি বেশি বলে। কিন্তু আমি নিয়মিত কলা খাই । ডিমের কুসুম সপ্তাহে দুটি আর পাঁচ দিন ডিমের সাদা অংশটা খাই।

আমার ফিট থাকার কোনো রহস্য আসলে নেই। নিয়ন্ত্রিত জীবন যাপন করতে চেষ্টা করি। মানসিকভাবে ভালো থাকতে চাই। খেজুর, দেশি ফল, আমার প্রতিদিনের রুটিনে থাকে কম-বেশি।

আর হাসিখুশি থাকার চেষ্টা করি।