
ব্যায়ামের হাজার সুফলের কথা আমরা জানি। শরীর সুস্থ থাকে। অসুখবিসুখের আশঙ্কা কমে। কিন্তু ক্যানসার? এ পর্যন্ত ক্যানসারের কিছু ওষুধ আবিষ্কার হয়েছে। কিছু উপকারও পাওয়া যাচ্ছে। কিন্তু নিয়মিত ব্যায়াম করলে যে ক্যানসারের আশঙ্কা দূর হয়, সেটা সম্প্রতি গবেষণায় জানা গেছে।
১.যাঁরা প্রতিদিন কিছু ব্যায়াম করেন, ধরা যাক প্রতিদিন কিছু সময় দৌড়ান, তাঁদের ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম। এটা বাস্তব জীবনে দেখা যায়।
২.যদি আপনি ক্যানসারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসায় ভালো হয়ে ফিরে আসেন এবং নিয়মিত দৌড়ান বা শারীরিক শ্রম হয় এমন কিছু ব্যায়াম করেন, তাহলে আপনার ক্যানসারে আবার আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়।
৩. নিয়মিত ব্যায়ামের ফলে শরীরে এমন কিছু ক্রিয়া-প্রতিক্রিয়া ঘটে, যার ফলে ক্যানসার সেল বাধাপ্রাপ্ত হয়। তবে এর বিস্তারিত তথ্য এখনো অন্ধকারে।
৪.ব্যায়াম কীভাবে ক্যানসার থেকে আমাদের বাঁচায় তা জানার জন্য ডেনমার্কের কোপেনহেগেন ইউনিভার্সিটিতে ড. পেরনিল হোজম্যানের নেতৃত্বে বিশিষ্ট বিজ্ঞানীরা ইঁদুরের ওপর গবেষণা চালান। একদল ইঁদুরকে খাঁচায় ঘূর্ণমান চাকার ওপর রাখেন, যেন বেশির ভাগ সময় তাদের চলাফেরার দৌড়ের ওপর থাকতে হয়। অন্য কিছু ইঁদুরকে খাঁচায় অলস বসিয়ে রাখা হয়। তাঁরা দেখেন দৌড়ানোর ফলে ইঁদুরের শরীরে সাইটোটকসিক-টি সেলের সংখ্যা দ্বিগুণ হয়। এগুলো শরীরের ত্রুটিপূর্ণ ও ক্ষতিকর সেল ধ্বংস করে। একই সঙ্গে ন্যাচারাল কিলার সেল পাঁচ গুণ বৃদ্ধি পায়। এগুলো শরীরে সতর্কবার্তা পাঠায় ও রোগ প্রতিরোধক অন্যান্য সেল জড়ো করে। এভাবে ক্যানসার রোধের সুযোগ সৃষ্টি হয়।
৫.ব্যায়ামের সময় রক্তে অ্যাড্রেনালিন হরমোন এবং ইন্টারলিউকিন-৬ অণুর পরিমাণ বৃদ্ধি পায়। এগুলো ক্যানসার রোধে ভূমিকা রাখে।
সূত্র: দ্য ইকোনমিস্ট, ২৭ ফেব্রুয়ারি ২০১৬