নিয়মিত স্কুলে যাই...
শীতের সকালে বিছানার উষ্ণ আরাম ছেড়ে উঠতে মন টানে না কারোরই। কিন্তু স্কুলে যাওয়া শিশুদের উঠতেই হয়। আর তখনই দেখা যায় স্কুলে যাওয়ার প্রতি তীব্র অনীহা। পরিণতিতে মায়ের টানাহেঁচড়া, শিশুর কান্না, সারা দিন মন খারাপ করে ক্লাস করা এবং স্কুলে দিনে দিনে পিছিয়ে পড়া। শীতকালজুড়ে চলতে থাকা এই সমস্যার সমাধান সম্ভব একটুখানি আদরে। আবার প্রশ্ন আসে, এর কারণ কি শুধুই শীত?না বলতে পারা সমস্যা...চিকিৎসা মনোবিজ্ঞানী তামীমা তানজিন জানান, শীতে শিশুদের সকালে উঠতে ও স্কুলে যেতে অনীহা প্রকাশ করার পেছনে শীতের একটু ভূমিকা আছে বৈকি। শীতে স্কুল মানেই সকালে উঠে হাতে ও মুখে ঠান্ডা পানি লাগানো, পোশাক পাল্টানো। শীতসকালে তাদের লোশন দিতে হয়, পেট্রোলিয়াম জেলিদিতে হয়—অতিরিক্ত ভারী পোশাক তো আছেই। বড়রাই তো অনেক সময় তাল মেলাতে পারেন না। তামীমা তানজিন আরও বলেন, প্রতিযোগিতার এই যুগে শিশুদের প্রথম হতে হয়, নিয়মিত স্কুলে যেতে হয়, হোমওয়ার্ক করতে হয়! একপর্যায়ে তারা বুঝতে পারে, স্কুল মানেই নিজের বই-খাতা আর ব্যাগ নিয়ে আসা-যাওয়া করা নয়। এসব অনীহায় জন্ম হয় অভিযোগের। ঢাকার বাসাবোতে ধর্মরাজিক কিন্ডারগার্টেনের শিক্ষক লুৎফুন নাহার জানান, শীতে সাধারণ স্কুলগুলোয় শিশুদের উপস্থিতির হার সব সময়ই কম দেখা যায়। যে গুটিকয়েক শিক্ষার্থী আসে, তারা প্রায়ই অসুস্থ হয়ে পড়ে, নানা বিষয়ে অভিযোগ করতে থাকে। হাত-পা চুলকানো, অ্যালার্জি, কেউ বা মাথাব্যথার অভিযোগ করে। আবার অনেক অভিভাবকও আছেন, যাঁরা শিশুর আবদার শুনেই তাকে আর স্কুলে পাঠান না।সমাধান খুব সহজ...তামিমা তানজিন জানান এ সমস্যাগুলোর সমাধানের কথা। ‘রাতে ঘুমানোর সময় গল্পের ছলে আগামীকালের কথা শিশুকে মনে করিয়ে দিন। তাকে বলুন, স্কুলে গেলে বন্ধুরা কত খুশি হবে, ও পড়ালেখায় কত এগিয়ে যাবে, ক্লাস শিক্ষকেরা কত আদর করবেন ইত্যাদি। সকালে তৈরি হওয়ার সময় তার মুখে আপনি ফোঁটা ফোঁটা করে পেট্রোলিয়াম জেলি ও লোশন দিয়ে দিন, সে নিজেই মাখবে। রাতে ভারী লেপ-কম্বল চাপা না দিয়ে ফুলহাতা গরম জামাকাপড় ও শিশুর উপযোগী কম্বল ব্যবহার করুন। এ কারণে শিশুর ভারী পোশাকের প্রতি বিরক্তি তৈরি হবে না।’ মাস্টারমাইন্ড স্কুলের ইংরেজি সাহিত্যের শিক্ষিকা নুজহাত জেরিন বলেন, ‘স্কুলে ব্যতিক্রমী পাঠ্যসূচি দিয়েই আবহাওয়ার এ প্রভাব কাটানো সম্ভব। প্রতিটি শিশুর আলাদা-যত্ন নেওয়ার প্রতি মনোযোগী হতে হবে সবাইকে। স্কুলে খেলাধুলার সুযোগ রাখা উচিত। একই সঙ্গে মনে রাখতে হবে, পড়ালেখার বিষয়টি বাবা-মা যেন কোনোভাবেই চাপে পরিণত করে না ফেলেন।’ অন্যদিকে, লুৎফুন নাহার জানান, শীতকালে শিশুদের স্কুলমুখী করতে শিক্ষকেরা শীতকালের মজার বিষয়গুলো আলোচনা করতে পারেন। ধারাবাহিকভাবে গল্প বলতে পারেন, যেন গল্পের টানে টানে শিশুরা স্কুলে আসে। এ জন্য একজন শিক্ষককে বন্ধুর মতো হতে হবে।