চট্টগ্রাম জেলার ২০টি থানার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের প্রায় ৩০০ শূন্য পদের মধ্যে ১০০টি পূরণ হচ্ছে। এসব পদে নিয়োগ-প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীদের মৌখিক পরীক্ষা চলছে এখন।গতকাল বুধবার থেকে লিখিত পরীক্ষায় পাস করা ৩৪৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। মৌখিক পরীক্ষার ফলাফল ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানোর পর সেখান থেকে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এ ব্যাপারে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, ‘আমরা মৌখিক পরীক্ষার ফলাফল বিবরণী ৩১ মার্চের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠিয়ে দেব। এরপর মন্ত্রণালয় থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।’ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার অধীনে শহরের ছয়টি থানা এবং বৃহত্তর চট্টগ্রামের ১৪টি উপজেলার এক হাজার ৬৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে ৩০০টির মতো। প্রধান শিক্ষকের নিয়োগের বিধান অনুযায়ী কর্মরত শিক্ষকদের মধ্য থেকে ৬৫ শতাংশকে পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পরীক্ষার মাধ্যমে বাকি ৩৫ শতাংশ পদ পূরণ করা হয়। তবে মামলার কারণে দুবছর ধরে শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া বন্ধ রয়েছে। সূত্রে জানা যায়, গত বছরের ১২ অক্টোবর চার হাজার ৯০৪ জন পরীক্ষার্থী প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় অংশ নেন। এ বছরের ফেব্রুয়ারি মাসে ফলাফল প্রকাশিত হয়। তাঁদের মধ্য থেকে ৩৪৯ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ও আগামী শনিবারও এই পরীক্ষা চলবে।বুধবার প্রথম দিন ১১৭ জনের পরীক্ষা শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার আরও ১১৭ জনের এবং ২৪ মার্চ শনিবার বাকি ১১৫ জনের পরীক্ষা হবে।