
বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে পরামর্শ দেয়, এমন একটি প্রতিষ্ঠান নিয়েই স্বপ্নের শুরুটা রিনালিয়া আবদুল রহিমের। মালয়েশিয়ায় জন্ম নেওয়া রিনালিয়া কাজ করছেন তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট নানা মাধ্যমে। বিভিন্ন পক্ষের কার্যকর অংশগ্রহণের উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি ধারণার বাস্তবায়ন বিষয়ে তিনি বিশেষজ্ঞ। কমপাস রোজ এসডিএন বিএইচডির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন। ইন্টারনেটে ওয়েবসাইটের ডোমেইন নিয়ন্ত্রণকারী সংস্থা ইন্টারনেট করপোরেশন অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারসের (আইসিএএনএন) উপদেষ্টা হিসেবেও কাজ করছেন।
রিনালিয়া ১০ বছরের বেশি সময় ধরে সরকার এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে কাজ করে যাচ্ছেন। রিনালিয়া রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে পাবলিক পলিসি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে।
গ্লোবাল নলেজ পার্টনারশিপের (জিকেপি) নির্বাহী পরিচালক হিসেবে কাজ করার পাশাপাশি মালয়েশিয়া সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) নীতিমালাসহ জ্ঞানভিত্তিক সমাজ গঠনের ক্ষেত্রে বিভিন্ন অবদান রাখছেন রিনালিয়া। জাতিসংঘ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, মালয়েশিয়া সরকার, দ্য ইন্টারন্যাশনাল টাস্কফোর্স অন ওমেন অ্যান্ড আইসিটি, ইয়ুথ সোশ্যাল এন্টারপ্রাইজসহ একাধিক শীর্ষ সংগঠনের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন রিনালিয়া আবদুলরহিম। নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে কাজ করে যেতে চান তিনি।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী
তথ্যসূত্র: আইসিএএনএন, ইনফোগভ ফোরাম