
নীনাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। মাঝেমধ্যে কোনো কারণ ছাড়াই বিশেষ কোনো ব্যক্তিকে দেখতে এমন ইচ্ছে করে। বোধ হয়, খুব জটিল কোনো রোগে ধরলে এমনটা হয়। মন আলগা হয়ে যায়, একটা ছটফটানি ভাব চলে আসে। অনেকে এটাও বলেন, পৃথিবী ছাড়ার আগে পরিচিত মুখগুলো আরেকবার দেখতে ইচ্ছে করে।
নীনা! সেই পাথুরিয়া গ্রামের নীনা। ভুল করে একটা মিসড কল এসেছিল। আমার তখন নতুন মুঠোফোন। একটা মিসড কল কিংবা এসএমএসের শব্দে রোমাঞ্চিত হওয়ার সময়। একটির বদলে পরপর তিনটি মিসড কল দিয়ে তাৎক্ষণিক প্রতিশোধ নিয়েছিলাম। শুরুটা সেদিন থেকেই।
নীনা ভীষণ চটেছিল।
‘কোনো ভদ্র মানুষ এভাবে মিসড কল দেয়?’
আমি টেক্সটের রিপ্লাই না দিয়ে পরপর আরও তিনটি মিসড কল দিয়েছিলাম! যথারীতি ঝাঁজালো প্রতিক্রিয়া। আমি এটাই চেয়েছিলাম। বলেছিলাম, ‘কোনো ভদ্র মানুষের ভাষা এমন হয়?’
তারপর সরাসরি ফোন। তারপর তো ইতিহাস!
নীনার তখন নিজস্ব মোবাইল ছিল না। বাবার মোবাইলে লুকিয়ে সিম ভরে আমাকে টেক্সট করত। আমিও এসএমএস পাঠিয়ে ডেলিভারি রিপোর্টের জন্য রাতভর অপেক্ষা করতাম। এসএমএসটা নীনা পেল তো?
শুরুর দিক সব উদ্ভট আজগুবি খেজুরে আলাপ হতো। কথার কোনো আগামাথা নেই। এসএমএস আসছে, এসএমএস যাচ্ছে এতেই যেন আনন্দ।
মাসখানেকের মধ্যে ভার্চু্যয়াল সম্পর্কটা আরেকটু গভীর হলো। প্রতিদিনের ভালো লাগা-খারাপ লাগার খবর ‘বিপ বিপ’ শব্দ করে আসতে শুরু করল। একদিন আমি খবর না নিলেই পরপর দুই দিন টেক্সটের রিপ্লাই দিত না নীনা। আমি অবশ্য ব্যতিক্রম ছিলাম। রিপ্লাই দেব না দেব না করেও দুই মিনিটের মধ্যেই দিয়ে দিতাম!
এসব সেই সত্য যুগের কথাবার্তা। তারপর জল গড়াতেই থাকল। নীনা মেডিকেল কলেজে চান্স পেল আর আমি বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো ছিলামই। একদিন বিপুল পরিমাণ সাহস সঞ্চয় করে চুপিচুপি নীনার কলেজে গিয়ে উপস্থিত হলাম। অনেক তো লুকোচুরি হলো। এবার দেখা করলে ক্ষতি কী?
আমার ফোন পেয়ে নীনার তো ত্রাহি অবস্থা! ‘তুমি এখানে কেন আসছ? কেউ দেখে ফেললে আমার জীবন শেষ! না বাবা, আমি দেখা করতে পারব না!’
নীনাকে মিথ্যে বললাম। ‘হা হা হা! ভয় পাইছ! আমি আসছি তোমাকে কে বলল? তোমার কলেজ কি আমার বাসার পাশে যে হেঁটে হেঁটে চলে আসব? আজব!’
তারপর স্বস্তির নিশ্বাস ফেলেছিল নীনা।
মেডিকেল কলেজে ভর্তির কয়েক মাস পর্যন্ত ভালোই ছিল। তারপর থেকে নীনা যেন কেমন হয়ে গেল। টেক্সট দিলে দুই ঘণ্টা পর রিপ্লাই করে। ফোন দিলে তো রিসিভই করে না। কখনো বন্ধুদের সঙ্গে আড্ডার অজুহাত কখনো বা পড়াশোনার। নিজ থেকে খবর নেওয়া তো প্রায় বন্ধ করেই দিল। আমি অভ্যস্ত হতে থাকলাম। ধীরে ধীরে একজন মেডিকেল ছাত্রী আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মধ্যে ‘ব্যবধানটা’ মেনে নিতে থাকলাম। সম্পর্কটা হাই-হ্যালোময় সামাজিক সম্পর্ক হয়ে গেল। একঘেয়ে, প্রাণহীন, ম্যাড়মেড়ে সম্পর্ক। এক মাস খবর না নিলেও নীনা আর অভিমান করে না। অনেক দিন পর ফোন দিলে ব্যস্ততার কণ্ঠে নীনা বলে, ‘কিছু বলবা?’
আমার অভিমান তীব্রতা হারাতে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষয়ে যায়। একপক্ষীয় গুরুত্বহীন অভিমানটা নিজের কাছেই বড় হাস্যকর মনে হয়। পৃথিবীতে অভিমান ছাড়াও অনেক কাজ করার আছে মানুষের।
একদিন নীনাকে জিজ্ঞেস করেই বসলাম, ‘এমন কেন হলো, নীনা?’
নীনা আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দেয়, এটা বাচ্চামির বয়স না। আমরা বড় হয়ে গেছি! এখন আমাদের বড়দের মতো চলতে হবে!
দূরত্ব বাড়তে থাকে। নিজের জগতে লীন হয়ে যায় নীনা। আমি সরে আসি অলিখিত অধিকারের অনধিকার চর্চা থেকে। পরাজিত সৈনিকের মতো একদিন মোবাইল নম্বরের পরিচয়টাও বদলে ফেলি। তারপর জল অনেক দূর গড়িয়েছে। গড়াতে গড়াতে একসময় শুকিয়ে গেছে। নীনা হয়তো টেরই পায়নি!
আজ আট বছর পর সেই অদেখা নীনাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। নীনা হয়তো এত দিনে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। টুকটাক নামডাকও হয়তো হয়েছে ওর। শুনেছি চিকিৎসকদের নাকি আবেগপ্রবণ হতে হয়। পাথুরিয়া গ্রামের আবেগী নীনাও কি আবেগহীন পাথর হয়ে গেছে?
আমার দৃঢ় বিশ্বাস, নীনা এ হাসপাতালেই আছে। শুধু আমার চোখেই ধরা দিচ্ছে না।
একটা কোমল হাত আলতো করে আমার হাত চেপে ধরে। এটা নিশ্চয় নীনার হাত! নীনাকে দেখার জন্য প্রাণপণ চেষ্টা করি। কে যেন ষড়যন্ত্র করে আমার চোখের ওপর কয়েক টনি ওজনের বোঝা চাপিয়ে দেয়। বারবার আমি ব্যর্থ হই। চারদিকে অন্ধকার দেখি! নিকষ কালো-ঘুটঘুটে অন্ধকার!
কোমল হাতটা আমার হাত ছেড়ে দেয়। একটা নিরুত্তাপ কণ্ঠ কানে এসে বিঁধে, ‘মালেক ভাই, লাশটা দ্রুত হিমঘরে পাঠানোর ব্যবস্থা করেন!’
আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকি! এ যে আমার নীনার কণ্ঠ!
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।