বাংলাদেশের শাস্ত্রীয় সংগীতাঙ্গনে বরেণ্য শিল্পী ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া। তিনি শুধু গানই গাননি, অনেক গান লিখেছেন এবং সুরও দিয়েছেন। চট্টগ্রামের শাস্ত্রীয় সংগীতাঙ্গনের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করেছেন তিনি। সংগীতপ্রিয় মানুষের কাছে তাঁর জন্মস্থান তীর্থস্থান স্বরূপ। ফটিকছড়ি থানার আবদুল্লাহপুর গ্রামের বাড়িটা আজ সংগীতপিয়াসুদের কাছে একটি দর্শনীয় স্থান। ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার স্মৃতিবিজড়িত সেই বাড়ি, ব্যবহূত জিনিসপত্র, আঙিনা, গ্রাম ও শ্মশানকে ঘিরে সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ ৮ নভেম্বর দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। প্রথমেই শিল্পীর শ্মশানে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এরপর শুরু হয় বাড়ির উঠোনে আয়োজিত স্মৃতিচারণা পর্ব। সভাপতিত্ব করেন সদারঙ্গের সম্পাদক শিল্পী স্বর্ণময় চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন পণ্ডিত বিজন চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান মো. হোসেন আলী তালুকদার। এ ছাড়া বক্তব্য দেন রবীন্দ্রনাথ বড়ুয়া, অরবিন্দ বড়ুয়া, বাবুল চন্দ্র বড়ুয়া, আ ন ম নাছির উদ্দিন, সমর বড়ুয়া প্রমুখ। বক্তারা নীরদ বরণ বড়ুয়ার বাড়িটি সংরক্ষণ, বাড়ির সঙ্গে সংযোগ সড়ক পুনর্নির্মাণ, শ্মশান সংরক্ষণ ও বাড়িতে তাঁর প্রতিমূর্তি স্থাপনে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ক্লাবের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন। অনুষ্ঠানের শেষ পর্বে নীরদ বরণ বড়ুয়া রচিত বন্দেশ সহযোগে সমবেত গুরুবন্দনায় অংশগ্রহণ করেন সদারঙ্গের শিল্পীরা। প্রথমেই গান গেয়ে শোনান নীরদ বরণ বড়ুয়ার কন্যা ফাল্গুনী বড়ুয়া। এ ছাড়া কনকচাঁপা কায়স্থগীর, প্রমিত বড়ুয়া, অনামিকা দাশ চৌধুরী ও শুভ দাশও সংগীত পরিবেশন করেন। তবলায় সংগত করেন রাজীব চক্রবর্তী ও সুরজিৎ সেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজীব দাশ।