নীরব ক্যাম্পাসে প্রাণের ঢেউ
নীরব নিথর। ক্যাম্পাসজুড়ে কেউ কোথাও নেই, নেই কোনো প্রাণের স্পন্দন। গত এক মাসের বর্ষাকালীন ছুটিতে এমন চিত্রই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের। তবে ক্যাম্পাসের বর্তমান চিত্র একেবারেই উল্টো।ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণে আবারও মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। প্রাণ ফিরে পেয়েছে শ্রেণীকক্ষসহ শিক্ষার্থীদের আড্ডার স্থানগুলো।১ জুলাই বিশ্ববিদ্যালয় খোলার দিনই সরগরম হয়ে ওঠে ঝুপড়ি হিসেবে পরিচিত ক্যাম্পাসের চা-দোকানগুলো। জারুলতলা, সুনামি গার্ডেন, শহীদ মিনার, শহীদ বুদ্ধিজীবী চত্বর, বোটানিক্যাল গার্ডেন, স্টেশন চত্বর, গোল চত্বরসহ ক্যাম্পাসের প্রতিটি জায়গা মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীদের পদচারণে।‘গত এক মাসে ক্যাম্পাসকে ভীষণ মিস করেছি। তাই প্রথম দিনই চলে এসেছি ক্যাম্পাসে। বন্ধুরা সবাই মিলে বহু দিন পর ঝুপড়িতে আড্ডা দেব।’ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শরীফুল ইসলাম উচ্ছ্বাস নিয়ে কথাগুলো বললেন।ক্যাম্পাসের আড্ডার প্রাণকেন্দ্র কলা অনুষদের চায়ের দোকানগুলো। সেখানে গিয়ে দেখা গেল, কোনো চা-দোকানেই টুল-বেঞ্চ খালি নেই। তুমুল আড্ডা আর টেবিল চাপড়িয়ে সমবেত গানের পরিচিত দৃশ্য দেখা গেল বহু দিন পর। সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শান্তা ইসলাম বললেন, ‘অনেক দিন পর ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফিরলাম। ফিরেই ছুটে এসেছি প্রিয় ঝুপড়িতে। বন্ধুরা মিলে গান করছি, আড্ডা দিচ্ছি।’দীর্ঘ ছুটি শেষে ক্যাম্পাস খোলায় খুশি ঝুপড়ির দোকানিরাও। দোকানদার আবদুল হালিম বললেন, ‘ক্যাম্পাস বন্ধ থাকলে আমাদের ব্যবসাও প্রায় অচল হয়ে যায়। ক্যাম্পাস খোলা থাকলে শিক্ষার্থীদের আনাগোনায় ঝুপড়িও জমজমাট থাকে, আমাদের বেচাবিক্রিও ভালো হয়।’ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে আড্ডা দিচ্ছিলেন রাজনীতিবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী মনিরুজ্জামান, মাসুদুর রহমান ও তাঁদের বন্ধুরা। তাঁদের আড্ডায় যেন কিছুটা বিষাদের সুর। আড্ডারুদের একজন বললেন, ‘ক্যাম্পাসে আমাদের দিন ফুরিয়ে আসছে। এই ছুটিটাই সম্ভবত আমাদের ছাত্রজীবনে কাটানো শেষ ছুটি। এরপর পরীক্ষা শেষ করে ঢুকতে হবে কর্মজীবনে। তখন আর এ রকম দীর্ঘ ছুটিও হয়তো পাব না, এ রকম আর আড্ডাও দেওয়া হবে না।’বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিনে বিভিন্ন বিভাগে নিয়মিত ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক খান তৌহিদ ওসমান বলেন, ‘ক্যাম্পাস খোলার প্রথম দিনে (১ জুলাই) শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক। প্রথম দিনই রুটিন অনুযায়ী বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’উল্লেখ্য, গত জুন মাসের এক তারিখ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ষাকালীন ছুটি শুরু হয়। দীর্ঘ এক মাস ছুটি শেষে ক্লাস শুরু হয়েছে ১ জুলাই।