ময়ূরী ভাগ্যে বিশ্বাস করে না, অথচ নিজের ভাগ্যকে মাঝেমধ্যেই গালমন্দ করে। বিশেষত, আজ বিকেলের মতো ঘটনা যখন ঘটে। সন্ধ্যায় বাড়ি ফিরে মুঠোফোনটি টেবিলের ওপর রাখতে গিয়ে টের পেল, একটা মিসড কল এসেছিল। নম্বরটি তার ভীষণ আপন, মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে সে নম্বর বীণা বাজায়। এ নম্বরে কারণে-অকারণে কতবার ফোন করেছে, তার একটা মোটামুটি হিসাব তার কাছে আছে। গত এক বছরে ৩৬৫ বারের কম হবে না। ময়ূরী ফোন করলে হ্যাঁ-না ধরনের সাংকেতিক উত্তর পায়, যেন ওপারের কণ্ঠস্বরের কথা বলা নিষেধ। কিন্তু ভুলেও ওই নম্বর থেকে কোনো দিন ফোন ভাগ্যে জোটেনি। প্রতিটি অপ্রত্যাশিত রিংটোনেই কেঁপে ওঠে অনেক প্রত্যাশিত সেই নম্বর দেখার আশায়। মনে মনে ঠিক করে রেখেছে ওই নম্বর থেকে ফোন এলে সে কী বলবে, কী করবে। এ পরিকল্পনা কয়েক রকমের। এক, কোনো সাড়া দেবে না। দুই, বলবে, ‘হ্যালো, কেমন আছেন?’, যেন ওই ফোন আসাটা একটা ডালভাত ব্যাপার। তিন, খুব আদিখ্যেতা করে বলবে, ‘এ মা! আপনি ফোন করেছেন আমাকে? আমি ভাবতেই পারিনি!’ চার, নম্বর দেখে চেনা সত্ত্বেও অতি বিস্ময়ে গলা ফাটিয়ে বলবে, ‘কে বলছেন, ঠিক চিনতে পারছি না।’ পাঁচ...। তবে ময়ূরী নিজেও জানে, এই ফোন এলে সে এমন করে সাড়া দেবে, যা পরিকল্পনায় তো নয়ই, কল্পনারও অতীত। কী যে হয়! এত ভেবে, গুছিয়ে কথা বলাই হয় না, এমনকি সামনে পড়ে গেলে যেভাবে তাকানোর কথা রাতদিন ভেবে রেখেছে, তার ধার-কাছ দিয়েও যায় না। একই অফিসে দুজন কাজ করে। একজন শুধু প্রশ্নকারী, অন্যজন সংক্ষিপ্ত উত্তরদাতা। ময়ূরীর কোনো দিন কোনো উত্তর দিতে হয়নি। তিনি হয়তো ভেবেই রেখেছেন, ময়ূরীকে কোনো প্রশ্ন করার মানে হয় না, কী জানে ও! কিন্তু একটু সোজা ধরনের প্রশ্ন করলে ও নিশ্চয়ই পারবে। এই যেমন ‘কেমন আছেন’ ধরনের। কয়েকটি উত্তর ওর তৈরি করা আছে। বলবে, ‘এই তো বেঁচে আছি,’ ‘আমি কেমন থাকি তাতে আপনার কী,’ ‘আর গরিবের থাকা,’ ‘আমার ভালো থাকা যে আপনার কাছে...,’ অথবা...। ময়ূরীর ভাগ্যটা নেহাতই মন্দ; নয়তো সেদিন তিনি এসে যখন জিজ্ঞেস করলেন, ‘সুচ-সুতা আছে? শার্টের বোতামটা হঠাৎ খুলে গেছে। মিটিংয়ে যেতে হবে।’ সেদিন হাতের কাছে সুচ না থাকার দুঃখ সুচ হয়ে আজও তার বুকে বেঁধে।আরও একদিন অফিসের গেটে দেখা। রিকশা থেকে নেমে বললেন, ‘৫০০ টাকার ভাংতি হবে?’ না, ময়ূরী তেমন কপাল নিয়ে জন্মায়নি। সেদিন সঙ্গে কোনো টাকাই ছিল না, নয়তো রিকশাভাড়াটা মিটিয়ে দিতে পারত। এর পর থেকে সব সময় খুচরা পয়সাসহ বিভিন্ন নোট মিলিয়ে মোট ৫০০ টাকা আলাদা করে রেখেছে, মরে গেলেও এতে সে হাত দেবে না। কিন্তু তাঁর আর কখনো ভাংতি দরকার হয়নি।কিন্তু আজকের ফোনটার কিছু বুঝতে পারল না ময়ূরী। কত সাত-পাঁচ ভাবছে, কিছুতেই মেলাতে পারছে না। অসুখ করেনি তো, বুকের ভেতর থেকে ঢিপঢিপ শব্দ কানে এল। হঠাৎ কোথাও চলে যাচ্ছেন, তাই জানিয়ে যেতে চান। এমন কোনো কারণ নেই যে তাকে বলে যেতেই হবে, অন্তত তাঁর দিক থেকে তো নয়ই। যত দোষ ওই মোবাইল ঘোষের, ঠিকমতো বাজল না কেন? এক সহকর্মীর বাসায় রাতের খাবারের আয়োজন ছিল, সেখানে গিয়ে বুঝল মিসড কলের রহস্য। তিনি সঙ্গে আসার লোক খুঁজছিলেন। বাড়িটা চেনেন না। ইশ্, এত মন্দ কপাল হয়! সঙ্গে আসতে চেয়েছিলেন! ময়ূরীর দম বন্ধ হয়ে যেতে চায়। সন্ধ্যা যখন রাত হতে থাকে, যখন আর আশা করার আশা থাকে না, তখন তিনি ঠিকই চলে আসেন। ময়ূরীর পরিকল্পনার কথাগুলো হারিয়ে যায়; কিছু বলা হয় না। তিনিও সবার মধ্যে ময়ূরীকে ঠিক দেখেছেন কি দেখেননি, বোঝা যায় না। নিজের এই অপ্রয়োজনীয় উপস্থিতিকে সরিয়ে নিয়ে আসে রান্নাঘরে গৃহকর্ত্রীকে সাহায্য করার অজুহাতে। ভাবছে, মাথা ধরেছে বলে সবার অলক্ষে চলে যাবে। টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে। সেই তিনি হঠাৎ সবার মাঝখান দিয়ে হেঁটে এসে ময়ূরীকেই বললেন, ‘আমি পোলাও খেতে পারি না, সাদা ভাত আছে?’ এই নির্ভরতা ময়ূরীর কানে বৃষ্টির মতো বাজল। আছে কি নেই, সে কিছুই জানে না, তবু মুখে বলল, ‘ভাত নিশ্চয়ই আছে। একটু বসুন, দিচ্ছি।’ নাহিদ খানমেলবোর্ন থেকে