নীরবতার কথকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইমো টেলস প্রযোজনা ‘জার্নি টু জয়’। মাহমুদ খানের নির্দেশনায় এ পরিবেশনায় ছিল দুই বখাটের ক্ষমতাবানের কাছে আত্মসমর্পণের কথা। এটি এককথায় নির্মল হাসির গল্প। একজন ব্যর্থ ক্ষমতাবানের কাহিনি এবং দেবদূতের আশীর্বাদে সাফল্যের স্বর্ণশিখরে ওঠা কিংবা লোভের কারণে হারিয়ে যাওয়ার মতো দৈনন্দিন জীবনের তিন গল্প নিয়ে রচিত হয়েছে ‘জার্নি টু জয়’। এ রকম আরও কিছু পরিবেশনায় নারীর প্রতি সহিংসতা, বিচারবহির্ভূত হত্যা, সীমান্ত সমস্যা—ইত্যাকার বিষয় ভাষাহীন কথকতায় উপস্থাপন করেন শিল্পীরা, যা দর্শকের হূদয় ছুঁয়ে যায়। বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের আয়োজনে ২৬-২৮ মে বিভাগীয় মূকাভিনয় উৎসব হয়ে গেল। নগরের স্টুডিও থিয়েটারে উৎসবে অংশ নেয় প্যান্টোমাইম মুভমেন্ট, মাইমো টেলস ও অনাদিকল্প। অনুষ্ঠানের উদ্বোধন করেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী। প্রথম দিন প্যান্টোমাইম মুভমেন্ট পরিবেশন করে ‘অ্যান ইনোসেন্ট ডেথ’। রিজোয়ান রাজনের রচনা ও নির্দেশনায় এতে অভিনয় করেন হাসান, সাথী, কায়সার, রানা, মহিম, সময়, রাফি, ফয়সাল, ইমরান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন বিভাগীয় মূকাভিনয় উৎসবের আহ্বায়ক মাহমুদ খান। রিজোয়ান রাজন বলেন, এটি ১৯৯৬ সালের পুলিশের নির্যাতনের শিকার ডেন্টাল কলেজের এক ছাত্রের করুণ মৃত্যুর কাহিনি অবলম্বনে নির্মিত। এরই ধারাবাহিকতায় দেশে সমসাময়িককালে সংঘটিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের শিকার লিমন, সীমান্তে সংঘটিত ফেলানী হত্যা কিংবা ইভ টিজিংয়ের মতো ঘটনা ‘অ্যান ইনোসেন্ট ডেথ’-এর একটি অংশ। সমাপনী দিন ‘তৃতীয় বিশ্বে’ দেখানো হয়েছে দাসত্ব, শৃঙ্খলাবদ্ধ, ক্ষমতালোভী এবং স্বাধীনতা লাভকারী বিভিন্ন চরিত্রের লোকজনের সাম্রাজ্যবাদী আগ্রাসনের ভয়ে কাটানোর দিনগুলো। মাসউদুর রহমানের নির্দেশনায় দৃশ্যগুলো দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলে রাফসান, আসবাবীর, শাহরিয়ার, রোকন, আসমা, রুদ্র, সাদিয়া, প্রান্তিকা প্রমুখ। পরিবেশনা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্র মাহমুদুল হক জানান, ‘সমাজের অসংগতি, সমস্যা ও বাস্তবতা দক্ষতার সঙ্গে অবাচনিক ভাষায় তুলে ধরা হয়েছে যা সবাইকেই মুগ্ধ করে।’