নীরীর জন্য ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমি এই প্রথম নীরীর জন্মদিন ভুলে গেলাম। তার জন্মদিন ততক্ষণে পার হয়ে গেছে। রাত ১২টা ৩০। সারা দিনে দুবার কথা হয়েছিল নীরীর সঙ্গে সেদিন, কিন্তু একবারও বুঝতে দেয়নি আজ ওর জন্মদিন। বিষয়টা চিন্তা করে বেশ খারাপই লাগছিল।
নীরীকে ফোন দিয়েছিলাম। ধরেনি ফোন।
দ্বিতীয়বার ফোন দিয়েছিলাম। একবার রিং বাজতেই ধরেছিল।
আমি বললাম, ‘নীরী, শুভ জন্মদিন। আই অ্যাম স্যরি।’
নীরী কিছুক্ষণ নীরব থেকে বলেছিল, ‘জন্মদিন ভুলে গেছে। আমাকে তো ভুলোনি। এতেই চলবে।’
‘তোমাকে কখনো ভুলতে পারব না।’
‘আমাকে ভুলে গেলে তোমার মাথা ফাটিয়ে দেব, চশমা খুলে নেব, আর বাবার ঘুমের ওষুধগুলো একত্রে খেয়ে ফেলব।’ স্বভাবসুলভ চপলতায় কথাগুলো বলেছিল নীরী।
‘আরে থামো। থামো। কী বলছ পাগলের মতো!’ আমার কণ্ঠে খানিকটা আশকারা ছিল।
নীরী হেসে বলেছিল, ‘আচ্ছা থামলাম। কিন্তু শেষ কথাটা কিন্তু সত্যি। তুমি ভুলে গিয়েছিলে তাই জন্মদিনের কোনো আয়োজন আজ করিনি, ভেবেছি তোমার যেদিন মনে পড়বে, সেদিনই জন্মদিন পালন করব।’
‘আসলে আজ দিনটা এত ব্যস্ততায় গেছে, কী আর বলব।’ অপরাধীর মতো গলায় বললাম।

‘আরে দূর বোকা। আজও আমার জন্মদিন। বাংলা সন অনুযায়ী আজ আমার জন্মদিন। এবার না হয় বাংলা সাল অনুযায়ী জন্মদিন পালন করব।’

আবেগে হৃদয় পূর্ণ হয়েছিল। এমনভাবেও কেউ ভাবতে পারে? বললাম, ‘নীরী, নীল শাড়িটা পরে বারান্দায় দাঁড়াতে পারবে? আমি তোমাকে দেখতে আসছি। যেভাবে হোক একগুচ্ছ গোলাপ আমি নিয়ে আসব।’

‘পাগল হলে নাকি? কী ঝড়বৃষ্টি হচ্ছে দেখেছ?’

‘আমি তবু আসব।’

বেরিয়ে পড়েছিলাম রাস্তায়। গোলাপ জোগাড়ে বেগ পেতে হয়নি। কাছেই ছিল ফুলের দোকান। তবে এমন ঝড়বৃষ্টি বহুদিন দেখিনি। মনে হচ্ছে প্রকৃতি যেন খেপে গিয়েছিল। আমি তবু এগিয়ে চলেছি। রাস্তায় হাঁটুপানি। আমার পা অবশ হয়ে এসেছিল। মোবাইল ফোনটায় পানি ঢুকে গিয়েছিল। কেটেছিল পায়ের কয়েক জায়গায়। তবু আমি দাঁতে দাঁত চেপে হাঁটছিলাম। এর মধ্যে চশমাটাও পানিতে পড়ে গিয়েছিল। তাই কিছু দেখতে পাচ্ছিলাম না। আন্দাজে ভর দিয়ে শুধু হেঁটে চলছিলাম। আমি বুঝেছিলাম প্রকৃতি সেদিন চাইছিল আমার সঙ্গে যেন নীরীর দেখা না হয়। কিন্তু আমিও কম জেদি না। আমি প্রকৃতিকে হারাতে চেয়েছিলাম। যদিও শেষরক্ষা হয়নি। বাতাসের গতি আমাকে হারিয়ে দিয়েছিল সহজেই। বাধ্য হয়ে একটা বাড়ির মধ্যে ঢুকে পড়েছিলাম। মনে হচ্ছিল ওখানেই মাথা ঘুরে পড়ে যাব।

নীরীর কাছে পৌঁছাতে পারিনি ওই রাতে। মেয়েটা সারা রাত নীল শাড়ি পরে বারান্দায় আমার জন্য অপেক্ষা করেছিল। বোকা মেয়েটার কাজলও গলে গিয়েছিল অশ্রুজলে।

আহা রে! পৃথিবীতে একটা মানুষ অন্তত আছে যে আমার জন্য কাঁদে। এ আনন্দের কোনো তুলনা নেই। নীরী, তোমাকে ভালোবাসি।

রিয়াজুল আলম, ঢাকা।