নীল জোছনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঘের একদম শেষে খুব শীত পড়ল। সঙ্গে কনকনে বাতাস। তেরাস্তার মোড়ের একদিকে, সাধারণত পার্কের দিকে বসে আবুর মা। এ দিকেই রোদ থাকে বেশি সময়। সকালে কাজে যাওয়ার পথে জয়নাব তাকে বসিয়ে দিয়ে যায়। গরমের দিনে ছায়ায় আর শীতের দিনে রোদে। রোদ্দুর মহাশয় তার সঙ্গে লুকোচুরি খেলে। সরে সরে যায়। আর সে প্রাণপণে রোদের পেছনে ঘুরঘুর করে। একই ভাবে তার পিছে ঘুরঘুর করে ছয় বছর বয়সী নাতি মজিদ মিয়া। দুই চোখে রোদকে দুই রকম দেখে আবুর মা। ছানি পড়া বাম চোখে রোদ্দুর ম্লান, কুয়াশায় ঢাকা। অল্প ছানির ডান চোখে সেই রোদ্দুর কী আশ্চর্য রকম জীবন্ত! কত হবে তার বয়স? ধন্ধে পড়ে আবুর মা। পঞ্চাশ নাকি ষাট? যে বছর ভাষা-ভাষা করে ছেলেরা মরল, তার পরের বছর নাকি তার জন্ম। এমনি এক শীতকালে। বাবার কাছে শুনেছিল সে। এ বয়সের জীবনে বাম চোখের ছানির বয়স বছর দুই। তার ভিক্ষুকজীবনের বয়সও প্রায় তা-ই। আগে জীবনটা এমন ছিল না। আবু যখন বেঁচে ছিল, কাজ করে খাওয়াত মাকে। বছর দুই আগে ভার্সিটিতে কী এক গন্ডগোলের মধ্যে পড়ে গুলি খেয়েছিল আবু। মরতে সময় বেশি নেয়নি। একমাত্র ছেলের মৃত্যুর শোক সামলাতে এমন কান্নাই কেঁদেছিল সে যে এক মাসের মাথায় চোখে ছানি ধরল। ছেলের মৃত্যুর পর সে চেপে বসল পুত্রবধূ জয়নাবের কাঁধে। বসে বসে সারা দিন এসব কথাই ভাবে আবুর মা। নীরবে কৃতজ্ঞতা জানায় জয়নাবকে। স্বামী মরার পর ইচ্ছা করলে তাকে অনায়াসেই ফেলে যেতে পারত মেয়েটা। তা না করে তার মতো এক বুড়িকে টেনে চলেছে। অথচ কারও কথা না শুনে এই মেয়েকে যখন ঘরে তুলল আবু তখন কত গালাগালই না সে করেছিল জয়নাবের বাপ-মা তুলে। জয়নাবের একার আয়ে সংসার চলে না বলেই তাকে ভিক্ষা করতে হয়। সন্ধ্যায় বাড়ি ফিরে রাঁধতে বসে জয়নাব। শীতকালে বেশির ভাগ দিন গরম ভাত আর শিমভর্তা। কোনো কোনো দিন জয়নাবের আনা তরকারি। দুপুরে এটা-সেটা খাওয়া মুখে এই খাবার খেতে খারাপ লাগে না আবুর মায়ের। রান্নার শেষে চুলার পাশে বসেই খাওয়া সারে তারা। মজিদ মিয়া গোগ্রাসে খায়। খাওয়া শেষে নিজের ঘরে ঢুকে ত্রাণের লাইনে দাঁড়িয়ে পাওয়া কম্বলের নিচে ঢোকে আবুর মা। জয়নাব যে তাকেই কম্বলটা ব্যবহার করতে দিয়েছে, এ জন্য অন্তর থেকে দোয়া করে মেয়েটার জন্য। চোখ প্রায় লেগে এসেছিল, এমন সময় পাশে নড়াচড়া টের পেয়ে চোখ মেলে আবুর মা। নাতি মজিদ কম্বলের তলায় ঢুকে গুটিসুটি মেরে শোয়। আবুর মা বুঝতে পারে, হারেছ এসেছে। জয়নাবের কেমন যেন আত্মীয় হয় হারেছ। জয়নাবের বিভিন্ন কাজ পাওয়া আর তার ত্রাণ পাওয়া নির্ভর করে এই হারেছের ওপর। বিনিময়ে মাসে দু-চার দিন হারেছ থাকে জয়নাবের ঘরে। এসব দিনে নাতি এসে থাকে তার কাছে। সারা দিনের পর রাতেও দাদির কাছে থাকতে পছন্দ করে না মজিদ। কিন্তু এ ব্যবস্থা একদিনে বা কোনো সুখকর প্রক্রিয়ায় গড়ে ওঠেনি। হারেছকে ভয় পায় আবুর মা। জয়নাব কোনো একদিন তাকে ও ছেলেকে ফেলে হারেছের সঙ্গে চলে যাবে, সেই ভয়। জয়নাব চলে গেলে তার আর মজিদের কী হবে? এই ভয়েই রোজ ভিক্ষার অংশ সরায় সে।‘আইজ আইলেন যে?’ পাশের ঘর থেকে জয়নাবের কণ্ঠ ভেসে আসে।‘আইজ আমু না! কও কী! আইজ তো ভেলেমটাইম ডে। আইজই তো আওনের দিন।’ বলতে বলতে হাসে হারেছ।এসব শুনতে চায় না আবুর মা। অভিশাপের সাগরে হারেছকে ভাসাতে ভাসাতে নাতিকে কাছে টেনে নেয় সে।সবুজ ওয়াহিদ, অভয়নগর, যশোর।