নীল জোছনায় পাম জুমেরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাম জুমেরায় একটি স্থাপনার সামনে লেখক।
পাম জুমেরায় একটি স্থাপনার সামনে লেখক।

সে দিন ছিল নীল জোছনার রাত। ২০১২ সালের ২৯ আগস্টের কথা। এ দিন বিশ্বের কোটি কোটি মানুষ ছিল কৌতূহলী। তাদের এই আগ্রহের কারণ, চাঁদকে কোথাও কোথাও স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় দেখা যাবে এবং সেখানে জোছনা হবে আরও উজ্জ্বল। সেই স্থানগুলোর একটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

নীল চাঁদের হাতছানি অবগাহন করতে দুবাইয়ে পর্যটকেরা ভিড় জমিয়েছিল পাম জুমেরায়। সে দিন দুবাইপ্রবাসী আমরা কয়েকজনও গেলাম পাম জুমেরায় নীল চাঁদোয়ায় ঘেরা খেজুরগাছের সবুজ মরা পাতার ফাঁকে চাঁদের লুকোচুরি দেখতে। রবিউল ভাই, জাফর ভাই, জাবেদ ভাই ও মশকুরকে নিয়ে আমাদের যাত্রা। দুবাইয়ের দেরা শহর থেকে রাত একটার দিকে ছুটে চলি পাম জুমেরায়।

ভালোবাসায় রাতকে দিন করতে এই জোছনা-মাতলামি আমাদের। নীরব রাস্তায় গাড়ি চালিয়ে রাত আড়াইটার দিকে পৌঁছলাম পাম জুমেরায়। এলাকাটি ভিআইপিদের জন্য। এখানে সাধারণ মানুষ খুব কমই আসে। বিশেষ করে সৌদি আরবের শেখ এবং বিশ্বের বড় ব্যবসায়ীরা নানা ব্যবসার কাজে এসে ওঠেন পাম জুমেরার হোটেল বা রিসোর্টগুলোতে। চারপাশের রিসোর্টগুলোর অনেক খ্যাতি। গিনেজ বুকে নাম লিখিয়েছে তাদের আপন স্বকীয়তায়।

পাম জুমেরায় জোছনা রাত।
পাম জুমেরায় জোছনা রাত।

খেজুরগাছের পাতার ফাঁকে নীল জোছনার আলোয় আলোকিত আশপাশের রঙিন দালানগুলো। রিসোর্টের পুরো আলো নিভিয়ে রাখা হয়েছে। শুধু রাখা হয়েছে বাইরের কিছু ও গেটের হালকা আলোর বাতি। চাঁদকে উপভোগ করার জন্যই এ আয়োজন।

আয়োজন আমাকে মনে করিয়ে দিল সুনামগঞ্জের সাবেক পৌর মেয়র মরহুম কবি মমিনুল মউজদীনের কথা। জোছনাপাগল এ কবি যখন সুনামগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন তখন মাঝেমধ্যেই পুরো শহরের আলো নিভিয়ে শহরবাসীকে দেখাতেন জোছনার আলো।

পাম জুমেরায় নীল জোছনার সৌন্দর্য দেখার পাশাপাশি আমরা ফুরফুরে মেজাজে তুলতে থাকলাম ছবি। শুধু আমরাই নয়, ইউরোপসহ নানা দেশের পর্যটকেরাও তুলছেন ছবি। তাঁদের উন্মাদনা আমাদের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল। সত্যি, সে দিন পাম জুমেরায় চাঁদের জোছনার আলোর সৌন্দর্য ছিল অন্য রকম।   

পাম জুমেরা দুবাই সরকারের মালিকানাধীন পরিকল্পিত একটি কৃত্রিম দ্বীপমালা ও পর্যটনকেন্দ্র। এর দৈর্ঘ্য ৫২০ কিলোমিটার (৩২০ মাইল)। সাগর তীরের একাংশ এলাকা বিশেষ প্রযুক্তির মাধ্যমে বালি দিয়ে ভরাট করে এই দ্বীপমালা তৈরি করা হয়েছে। ২০০১ সালে এই কাজ শুরু হয়ে ২০০৭ সালে শেষ হয়। এখানে বিভিন্ন স্থাপনার নির্মাণে বেশির ভাগ শ্রমিক ছিলেন বাংলাদেশি। পাম জুমেরা দ্বীপমালায় রয়েছে অসংখ্য স্থাপনা। রাতে চারপাশের হোটেল আর রিসোর্টগুলো দেখলে মনে হয় যেন কাগজ দিয়ে নির্মাণ করা হয়েছে এগুলো। রিসোর্টে রয়েছে নানা আয়োজন। সব মিলিয়ে পাম জুমেরা মিনি এক পর্যটন দুনিয়া। একদিকে বিশাল আয়োজন, অন্যদিকে কৃত্রিম দ্বীপ ও খোলা আসমান জানান দেয় মনসাগরে অবগাহনের।

লুৎফুর রহমান

(সম্পাদক, মাসিক মুকুল)

দুবাই, সংযুক্ত আরব আমিরাত