সৈকতের সাদা বালিয়াড়িতে আছড়ে পড়ছে নীল ঢেউ। নির্জন সৈকতে লাল কাঁকড়ার ঝাঁক বেরিয়ে এসেছে গর্ত ছেড়ে, তাদের মাথার ওপরে চক্কর দিচ্ছে কয়েকটি গাঙচিল। বালিয়াড়িকে আড়াল করে দাঁড়িয়ে থাকা ঝাউবন আর নারিকেল বীথি দুলছে বাতাসে। একটানা ঢেউয়ের গর্জনের মধ্যেও শোনা যাচ্ছে নাম না জানা কোনো অতিথি পাখির কলতান। নিসর্গের এমন রূপ দেখতে হলে যেতে হবে কক্সবাজারের সাদা বালুর দ্বীপ সোনাদিয়ায়। কখন কীভাবে আসবেন: বর্ষায় সাগর উত্তাল থাকে বলে শীতকালই সোনাদিয়া আসার উপযুক্ত সময়। কক্সবাজারের ৬ নম্বর জেটিঘাট নাজিরাটেক থেকে প্রায় ৫ কিলোমিটার স্পিডবোট বা যন্ত্রচালিত নৌকায় (ট্রলার) সমুদ্র পাড়ি দিয়ে এ দ্বীপে আসতে হয়। এখানকার সাদা বালুর সৈকত, অতিথি পাখি, ঝাউবাগান ও প্যারাবন বনের সৌন্দর্য মুগ্ধ করবে যেকোনো পর্যটককে। তবে রাত্রিযাপনের ব্যবস্থা না থাকায় সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসতে হবে দ্বীপ থেকে।কেমন খরচ হবে: পাঁচ থেকে সাতজনের ধারণক্ষমতাসম্পন্ন একটি স্পিডবোটের ভাড়া প্রায় পাঁচ হাজার টাকা ও ট্রলারের ভাড়া পড়বে দুই হাজার টাকা। কক্সবাজার থেকে স্পিডবোটে সোনাদিয়া যেতে সময় লাগবে ২৫ মিনিট এবং ট্রলারে এক ঘণ্টা ২০ মিনিট। কী দেখবেন: মহেশখালী চ্যানেলের দক্ষিণ-পশ্চিমে সাগরের বুকে জেগে আছে সোনাদিয়া দ্বীপ। প্রায় তিন হাজার একর আয়তনের এ দ্বীপে মানুষ বসবাস শুরু করে ১৯৬০ সালের দিকে। দ্বীপের দক্ষিণ ও পশ্চিমে প্রায় ১৪ কিলোমিটারজুড়ে সমুদ্রসৈকত। প্রতিবছর শীতের সময় এই দ্বীপে প্রচুর অতিথি পাখি আসে। দ্বীপটি অতিথি পাখির নিরাপদ বিচরণক্ষেত্র। সোনাদিয়ার শুঁটকি সারা দেশে এক নামে পরিচিত। এখানকার শুঁটকি মহালগুলোও ঘুরে দেখেন পর্যটকেরা, পাশাপাশি শুঁটকি কিনেও নিয়ে যান। সোনাদিয়ার অন্যতম আকর্ষণ প্যারাবন। এই প্যারাবনে আছে কেওড়া, গেওয়া, হারগোজাসহ ২৭ প্রজাতির শ্বাসমূলী উদ্ভিদ। দ্বীপের সমুদ্রসৈকতের পাশঘেঁষে অবস্থিত সুউচ্চ বালিয়াড়ির তুলনা বাংলাদেশে নেই। দ্বীপের সৈকত এবং বালিয়াড়িতে বিপন্ন জলপাই বর্ণের সামুদ্রিক কাছিম (অলিভ রিডলে) ডিম পাড়ে। সোনাদিয়ার বালিয়াড়িতে ৩৫ প্রজাতির সপুষ্পক উদ্ভিদ জন্মে। এদের মধ্যে নিশিন্দা ও সাগরলতা সংখ্যায় বেশি দেখা যায়।