সাত পাহাড়ের কাম্পালা থেকে পাথরের শহর জিনজার দূরত্ব শত কিলোমিটার। জিনজা শহরের এক পাশ ঠেলে ভিক্টোরিয়া লেকের জল ঢুকে গেছে দক্ষিণ দিকে। সৃষ্টি করেছে নীল নদ। বাংলাদেশ থেকে যাওয়া সরকারি-বেসরকারি সদস্য মিলে এক প্রতিনিধিদলের সদস্য হিসেবে সেই ঐতিহাসিক স্থান দেখার সুযোগ হয়েছিল আমার। শীতের এক উজ্জ্বল দিনে আমাদের গাড়ি উত্তর-পূর্ব দিকে চলতে চলতে একপর্যায়ে থেমে গেল একটি গ্যাস স্টেশনে। গাড়ির উদরপূর্তি হবে এখানে। সেই সঙ্গে আমাদেরও। গ্যাস স্টেশনের মধ্যেই বেশ বড় একটি ডিপার্টমেন্টাল স্টোর। তার একপাশে রেস্তোরাঁ।গত দুই দিনে দেখেছি। আজও দেখছি, এখানকার সব উন্নয়ন হচ্ছে পশ্চিমা উন্নত বিশ্বের আদলে। গতকাল বিশাল শপিং কমপ্লেক্সের ভেতরে প্রচুর খালি জায়গা লক্ষ করেছি। শপিং কমপ্লেক্সে আসা সব গাড়ি সেখানে পার্কিং করা থাকে। আমাদের দেশের মতো রাস্তায় যত্রতত্র পার্কিং করে যানজটের সৃষ্টি করে না। বিভিন্ন অফিসে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, ফলে রাস্তায় পার্কিং করে রেখে আসা গাড়িতে ঝামেলার সৃষ্টি হয় না। এখানেও অনেক জায়গা, আমাদের গাড়ি তেল খাওয়ার পর এক কোণে অবস্থান করল।হাত-মুখ ধোয়ার পর আমরা একটা বড় টেবিলজুড়ে খেতে বসি। বিখ্যাত তেলাপিয়া সহযোগে ভাত, সবজি ইত্যাদি পরিবেশনের পর সবার চক্ষুস্থির হয়ে গেল। এত বড় তেলাপিয়া প্লেটজুড়ে পড়ে আছে যে অন্য কোনো দিকে নজর দেওয়ার অবকাশ পেলাম না। তার পরও বিশাল তেলাপিয়া চিবানোই শেষ করতে পারিনি গোটা মধ্যাহ্নভোজে, ভাত কিংবা সবজিতে হাত দেওয়া তো দূরের কথা। অন্যরা কেউ তেলাপিয়ার পিঠ, সবজিতে এক চামচ আর ভাতের গোল চাকতির দিকে হাত বাড়িয়েই আহারপর্ব সাঙ্গ করলেন। শেষ পর্যন্ত দেখা গেল, অর্ধেক খাবারই হাঁ করে তাকিয়ে আছে আমাদের দিকে। একসময়ে আমাদের অফিসে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করত উগান্ডার পিটারসন। সে বড় তেলাপিয়ার অনেক গল্প করেছে। তা যে আমাদের কল্পনার চেয়েও বড় হতে পারে তার প্রমাণ পাওয়া গেল নীল নদের উৎস অভিমুখী রেস্তোরাঁটিতে।মসৃণ পথের দুই ধারে সবুজের সমারোহ। শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি জলস্পর্শী হাওয়ার মাতম গায়ে লাগছিল না। তবে অক্সিজেন ভ্যালির উপস্থিতি অনুভব করছিলাম। অরণ্যঘেরা পথে তেমন কোনো বাড়িঘর নেই, নেই জনমানুষের উপস্থিতিও। আছে কিছু পাহাড়-পর্বত। তা-ও খুব বড় নয়। অনেকটা আমাদের রাঙামাটির পথের মতো। দুই পাশে সবুজ অরণ্যবেষ্টিত উঁচু ভূমি, তার বুক চিরে কালো পথ। ওপরে সাদা মেঘ আর অসীম নীল আকাশের উপস্থিতি। সব মিলিয়ে কাব্যিক পরিবেশ।কিছু সময় পর চালক এক জায়গায় গাড়ির গতি একটু শ্লথ করে একটি বড় ব্রিজ পার হতে গিয়ে স্টিয়ারিংয়ে হাত রেখে পেছনে না ফিরে উচ্চস্বরে বলে উঠল, এটি হলো জলবিদ্যুৎকেন্দ্র, যা নীল নদের ওপর নির্মিত হয়েছে। তাহলে কি নীল নদের উৎস আমরা ছাড়িয়ে এসেছি? না, এটি আসবে জিনজা শহর পার হওয়ার পর। তার আরও কয়েক কিলোমিটার বাকি আছে।নীল নদের উৎসমুখের স্বল্প ঢালুতে ওয়েন ড্যাম প্রকল্প নির্মাণ হয় ব্রিটিশ আমলে ১৯৫৪ সালে। ফলে জন্ম হয় উগান্ডা, তানজানিয়া ও কেনিয়ার জন্য নালাবালি জলবিদ্যুৎকেন্দ্র। তখন জনশ্রুতি ছিল, মিসরের ক্ষমতাসীন জোট নিরপেক্ষ প্রগতিশীল গণতান্ত্রিক নেতা জামাল আবদেল নাসেরের সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই কেন্দ্র নির্মাণ করেছিল ব্রিটেন। তাদের আশা ছিল, এতে নীল নদের জলের প্রবাহ কমে যাবে, যা মিসরের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। অবশ্য নীল নদের একাধিক উৎস থাকায় সম্ভবত এই জলবিদ্যুৎকেন্দ্র তেমনভাবে প্রতিক্রিয়ার সৃষ্টি করেনি মিসরের উর্বর ভূমিতে। পরবর্তী সময়ে এই বিদ্যুৎকেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে আরও একটি নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মিত হয় ২০০৬ সালে। কিজিরা পাওয়ার প্ল্যান্টের পর তৃতীয় আর একটি কেন্দ্র নির্মাণের প্রক্রিয়া চলছে জিনজা শহরের পাঁচ কিলোমিটার উজানে।তৃতীয় কেন্দ্রটি হলো ভুজালা জলবিদ্যুৎকেন্দ্র। এর নির্মাণ নিয়ে পরিবেশবাদী সংগঠনগুলো অনেক প্রতিবাদ করেছিল, যার কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছিল। নব্বইয়ের দশকে এর নির্মাণকাজ স্থগিত হয়ে যায়। পরে বর্তমান স্থানে আমেরিকান কোম্পানির প্রত্যক্ষ মদদে বিশ্বব্যাংকের সহায়তায় এর নির্মাণকাজ শুরু হয়, যা শেষ হবে ২০১২ সালে।আমাদের দেশে এ ধরনের স্পর্শকাতর এলাকায় প্রবেশ উন্মুক্ত নয়। কিন্তু এখানকার অবস্থা ভিন্ন। আমরা বিদেশিরাও অবলীলাক্রমে বাঁধের ওপর দিয়ে চলে এলাম। সজোরে বয়ে যাওয়া জলের ধারা দেখতে দেখতে এগিয়ে চললাম জিনজা শহরের অভিমুখে।আমাদের সামনে এখন জিনজা শহর। কাম্পালার পরে এটি উগান্ডার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর। একসময়ে বোসোগা রাজ্যের রাজধানী ছিল। ব্রিটিশ আমলে নিজস্ব তুলা থেকে কাপড় উৎপাদনের জন্য খ্যাতি ছিল এই শহরের। এ ছাড়া আছে চামড়া, চিনি, কফি প্রভৃতি শিল্প-কারখানা। সেই সঙ্গে হস্তশিল্পজাত দ্রব্যাদিও উৎপাদিত হয় এখানে। গুটিকয়েক হিন্দু, বৌদ্ধ মন্দিরও আছে এই শহরে। লাখ দু-এক মানুষের হালকা-পাতলা পরিবেশবান্ধব শহরটিতে ঘুরে বেড়ানোর আগ্রহ ছিল আমাদের অনেকের। শীতের দুপুরে এখানে রোদের তেজ বেশ, তাই এই ঝাঁজালো রোদের মধ্যে কারোর নামার আগ্রহ দেখা গেল না। শহরের মধ্যস্থলে একটি প্রাচীন শপিং সেন্টারে নেওয়া হলো আমাদের। এটি নির্মিত হয়েছে ১৯৩৯ সালে। একতলা নীল-সাদা রঙের ব্যতিক্রমী এই ভবনের দোকানগুলোও ছিল প্রায় বন্ধ। একসময়ে এসব স্থানে জাঁকিয়ে ব্যবসা করতেন এশীয় তথা ভারতীয় ব্যবসায়ীরা। স্বৈরশাসক ইদি আমিন তাঁদের শুধু উচ্ছেদই করেননি, অনেককে নির্মমভাবে হত্যা করে ফেলে দেওয়া হয় নীল নদের স্রোতধারায়। চালক এদিক-ওদিক কয়েক চক্কর দিয়ে মফস্বল শহরটির এক প্রান্তে গলফ মাঠসহ বেশ খোলামেলা স্থানে নিয়ে এল আমাদের। এখানকার একটি সাইনবোর্ড আমাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠল। নীল নদের উৎসমুখের দিকনির্দেশনা দেখে ভাবলাম, যাক শেষ পর্যন্ত তাহলে আমরা বিশ্বের দীর্ঘতম নদীর উৎসমুখে এসে গেছি। গাড়ির ভেতরে তখন খালি নীল নীল আবহ তৈরি হয়ে গেছে, যার যা জানা আছে তাই উদিগরণ করে চলেছে অবিরাম। এর মধ্যে গাড়ি একটি গেটের সামনে দাঁড়াল। এখানে ১০ হাজার মুদ্রা করে মাথাপিছু দিতে হবে। তাহলে গাড়ি নিয়ে আমরা যেতে পারব ঐতিহাসিক স্থানে। আমরা সবাই নেমে যে যার মতো ছবি তোলায় ব্যস্ত হলাম। এর মধ্যে চালক তালিমা গাড়ি ঘুরিয়ে পেছনে যাওয়ার জন্য আহ্বান জানাল। গাড়িতে বসার পর বলল, ‘ঘুরপথে আমরা এর চেয়ে ভালো ভিউ পাব। সেখানে যাওয়াই উত্তম।’ নীল নদের একটি ক্যানেল দেখতে দেখতে অতঃপর আমরা অরণ্যের পথ ধরে রিপন ফলসের সামনে এসে উপস্থিত হলাম।এখানে পথ উঁচু-নিচু। সিঁড়ি বেয়ে নেমে দেখি অপূর্ব দৃশ্য! নদের জল পাথরে ধাক্কা খেতে খেতে বিশাল স্রোতের আকারে কয়েক বাঁক ঘুরে নিচে নেমে গেছে। পরিচ্ছন্ন সেই নীল জলরাশির গর্জন আর সাদা স্রোত দেখতে দেখতে গরমে রোদের ছ্যাঁকা সহ্য করতে না পেরে আমি গিয়ে বসি একটি ছায়াঘেরা অস্থায়ী রেস্তোরাঁয়। আমার সঙ্গী হলো বাগেরহাটের বিবেকানন্দ। সেখানে এক বোতল করে ঠান্ডা পানীয় নিয়ে আমরা নীল জলের সাদা স্রোত দেখতে থাকি। উঁচু উঁচু পাথর নিচে থাকায় জল এখানে যেন ফুলে উঠছে অবিরাম। সেখানে মনে হয়, হীরার মুকুট বিস্তার লাভ করেছে ভিক্টোরিয়া লেক থেকে ভূমধ্যসাগর পর্যন্ত। সেই মুকুটই কি ধারণ করেছিলেন নীলনয়না মিসর-সম্রাজ্ঞী ক্লিওপেট্রা? ওপর থেকে ধেয়ে আসা স্রোতধারায় বেশ কিছু ছোট নৌকা, বিশেষত রাবার বোটে করে র্যাফটিং করছে তরুণ-তরুণীর দল। মনে হয়, তারা বুঝি সব ডুবে যাবে। কিন্তু না, বেশ কৌশল করে স্রোতের অনুকূলে তারা নেমে যাচ্ছে পেছনের শান্ত ধারায়। ওই ধারাটি গিয়ে বাধা পেয়েছে জলবিদ্যুৎ তৈরি হওয়া বাঁধে। রেস্তোরাঁর ভেতরটা বেশ ঠান্ডা। সেই ঠান্ডায় গিজগিজ করছে অল্প বয়সী ছেলেমেয়ে। চেহারা দেখে মনে হয়, এদের বেশির ভাগই বাইরে থেকে এসেছে। এর মধ্যে সাদা চামড়াও আছে। তারা শর্টস পরে নেমে যাচ্ছে রাবারের চাকা নিয়ে নীল নদের শান্ত অংশে। সাঁতার দিতে দিতে তারা একসময় পৌঁছে যেতে পারবে বিদ্যুৎকেন্দ্রের বাঁধে।সামরিক স্বৈরশাসক ইদি আমিনের সময়ে হাজার হাজার মানুষকে হত্যা করে ফেলে দেওয়া হতো ভিক্টোরিয়া লেকে। তাদের মৃতদেহ হতো কুমিরের খোরাক। কারও শরীর ভাসতে ভাসতে নীল নদের পথ ধরে গিয়ে আটকে থাকত ড্যামের গায়ে। ফলে ড্যাম একসময় পরিত্যক্ত হওয়ার উপক্রম হয়েছিল। বেলা গড়িয়ে একসময় বিকেল হলো। এবার আমাদের উঠতে হবে। সূর্যের তেজ কমলেও গরম আছে বেশ। সেই উষ্ণতাকে উপেক্ষা করে আমি সাঁতারু দলের পথ ধরে নেমে গেলাম জলের কাছে। হাত দিয়ে স্পর্শ করলাম জলধারা। কী ঠান্ডা আর পরিষ্কার সে জল! অঞ্জলি ভরে জল নিয়ে আবার ছড়িয়ে দিলাম নীল নদের বুকে। আমার স্পর্শ পাওয়া এই জল নিশ্চয়ই ছয় হাজার কিলোমিটার পাড়ি দিয়ে উগান্ডা সীমান্ত পার হয়ে সুদানের মরুভূমি আর ইথিওপিয়া হয়ে গিয়ে পড়বে মিসরে। মিসরের শতকরা ৯০ শতাংশ মানুষের কল্যাণের স্পর্শ নিয়ে সেই জল একদিন না একদিন গিয়ে অবশ্যই পৌঁছাবে ভূমধ্যসাগরে। নীল নদের স্পর্শ হাতে-মুখে নিয়ে উঠে এলাম উঁচু অরণ্যের পার্কিং স্পটে। এখান থেকে বাঁ দিকে ধূসর লেক দেখা যায় আবছাভাবে। সেই লেকের উত্তর অংশে জিনজা শহর। জিনজা অর্থ পাথর। পাথরে পাথরে সয়লাব ভিক্টোরিয়ার উত্তর দিক তথা জিনজা শহর। সেই পাথরের ফাঁকফোঁকর দিয়ে জল নেমে এসেছে নিচের দিকে। তাই নীল নদের উৎসমুখে গেলে কোনো নদের চিহ্ন দেখা যায় না। মন হয়, মাটি ফুঁড়ে জল বের হয়ে আসছে। সেই অপূর্ব দৃশ্য দেখা থেকে আমাদের বঞ্চিত করেছে তালিমা। আর কি কোনো দিন দেখা হবে সেই দৃশ্য? এভাবে কত কিছুই তো অধরা থেকে যায় মানুষের কাছে। আক্ষেপ হয় তখনই, যখন হরিণীর মতো ধরতে ধরতেও ধরা যায় না কোনো প্রার্থিত বিষয়। অথচ ব্যাপারটি ছিল মাত্র ১০ হাজার শিলিংয়ের, যা দিয়ে মাত্র দুই লিটার জল কিংবা বিয়ার কেনা যায়। তালিমারা কন্ট্রাক্ট নিয়েছে আমাদের এই সফরের। তার থেকে কত বেশি পরিমাণ অর্থ বাঁচাতে পারে তা-ই বোধ হয় তার উদ্দেশ্য। অলাভজনক এনজিও প্রতিনিধি হয়েও এরূপ লাভজনক বেনিয়া বৃত্তি বোধ হয় বিশ্বের অনেক দেশেই দৃশ্যমান। আমাদের দেশও তা থেকে বিচ্ছিন্ন নয়।নামকরণ যা-ই হোক, আমরা তো ছয় হাজার কিলোমিটারের বেশি নীল নদের সাদা অংশের সফেদ ফেনার আস্ফাালন উপভোগ করেই ফিরে এসেছি। অতএব ঝুলি আমাদের একেবারে শূন্য নয়। হোয়াইট আর ব্লু নিয়ে আপাতত মাথা না ঘামালেও চলবে বলেই মনে হয়।