নীল নবঘনে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা মানেই যেন নীলের ঘনঘটা। বৃষ্টি শুরুর আগে নীল আকাশে অভিমানের মতো জড়ো হয় ধূসর মেঘমালা। তারপর? অঝোর বর্ষণ। যেন কিশোরী মেয়েটির ঘন পল্লব ছাপিয়ে বয়ে চলা অশ্রুধারা। রংঝলমলে সব ফুলের রং ধুইয়ে বেলি ফুলের শুভ্রতা ফুটে ওঠা অবশেষে। আর আকাশের নীলেও তখন কী অদ্ভুত স্বচ্ছতা! বৃষ্টিঝরা দিনে মনে বয়ে যেতেই পারে এমন ভাবনা। এমন দিনে মন ছেয়ে যেতেই পারে বিষাদের ঘন নীলে অথবা স্নিগ্ধতার নীলাভ আবরণে। এই বর্ষায় হোক না তবে নীল রঙের উদ্যাপন। একটি দিন সেজে উঠুন নীল রঙে।ফ্যাশন হাউস রঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহার প্রিয় ঋতু বর্ষা। মনের ক্যানভাসে কীভাবে রাঙান তিনি বর্ষাকে? তিনি বললেন, বর্ষা উদ্যাপন মানেই হলো বর্ষার নীল রংগুলো নিয়ে খেলা। তা বৃষ্টি শেষের সোনালি রোদে রাঙা ঝকঝকে নীল হতে পারে বা আরও গভীর কোনো নীল। বর্ষায় একদিন অফিসে নীল সিনথেটিক পোশাক পরতে পারেন। বৃষ্টিতে ভিজলে দ্রুত শুকাবে। ঘামেও চটচট করবে না। বৈপরীত্যের ফ্যাশনেও ফুটিয়ে তুলতে পারেন নীলকে। তাতে নীলের সঙ্গে বেছে নিন অন্য উজ্জ্বল রংগুলো। শাড়ির আঁচলে কিংবা সালোয়ার, ওড়নার জন্য বেছে নিতে পারেন সবুজ, হলুদ, কমলা, গোলাপি কিংবা লাল। আবার শুধু নীলেও আনতে পারেন বৈচিত্র্য। জারিফ ফ্যাশন অ্যান্ড ক্র্যাফটসের প্রধান ডিজাইনার আজিজুর রহমানের প্রথম পছন্দ নীলের সঙ্গে সাদার মিশেল। তিনি বলেন, ‘বর্ষার বেলি ফুলের মতোই স্নিগ্ধতা ছড়াতে পারে নীলের সঙ্গে সাদা রঙের উপস্থিতি। বর্ষা বলতেই আমার মনে চলে আসে পেখমতোলা ময়ূরের কথা। ময়ূরের পেখমের যেকোনো রং নীলের সঙ্গে মানায়। কোনো বিশেষ পার্টিতে বেছে নিতে পারেন দেশি শাড়ি। শাড়ি সাদা হলেও আঁচলে যদি বর্ষার সব রং ফুটে থাকে, তাহলে মেকআপে নীলকে প্রাধান্য দিতে পারেন।মেকআপে নীলকে প্রাধান্য দিলে তা কেমন হতে পারে, জানালেন রেড বিউটি স্যালনের প্রধান রূপ বিশেষজ্ঞ আফরোজা কামাল। তিনি বললেন, নীল রঙের মতোই স্নিগ্ধ হওয়া চাই নীল বর্ষার সাজ। মেকআপের বেজ হতে হবে খুব হালকা। শুধু প্যানস্টিক বা তরল ফাউন্ডেশন ব্যবহার করে ঘরে বসেই তৈরি করুন বেজ। হালকা মিষ্টি কোনো রং বা গোলাপি রঙে সাজাবেন ঠোঁট। আর চোখে নীল রঙের খেলা খেলতে পারেন। নীলচে বা সাদাটে যে শাড়িই পরুন না কেন, চোখে নীল রঙের ব্যবহার ভালো লাগবে। নীল লাইনারে মোটা করে চোখ আঁকতে পারেন। ময়ূরকণ্ঠী নীল শ্যাডো দিয়ে কালো লাইনারেও চোখ আঁকতে পারেন। অথবা শুধু নীল কাজল লাগাতে পারেন। নীল লেন্স পরলে কালো মাসকারা ও কাজল দিতে পারেন। যদি মুখে তেমন মেকআপ না করেন, তাহলে শাড়ির সঙ্গে পরে নিন বড় নীল টিপ, চুলে জড়ান বেলি ফুলের মালা। শুভ্রতায় ও স্নিগ্ধতায় আপনার রং হয়ে উঠুক নীল।