নীল যন্ত্রণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালেহা খাতুনের চোখের ভাষা ঠিক পড়া যায় না। মাথায় হাত। তাকিয়ে আছেন, যেন ক্যামেরা নয়, অনিশ্চিত নিয়তির দিকে। তাঁর অদ্ভুত শূন্যদৃষ্টি পত্রিকার পাতা উল্টে যাওয়ার পরও মাথা থেকে সরতে চায় না। সালেহা খাতুনকে ইচ্ছে করলেই মাথা থেকে সহজে ঝেড়ে ফেলা যায় না। মাদকাসক্ত এক ছেলে মারা গেছে বছর খানেক হয়ে গেল। আরেকটা ছেলে বেঁচে ছিল। কিন্তু সেই মাদকাসক্তির অভিশাপে তাঁকেও এক অর্থে হারাতে হয়েছে সালেহার—সোপর্দ করে আসতে হয়েছে পুলিশের কাছে।সংক্ষেপে সালেহা খাতুনের সংবাদ হয়ে ওঠার গল্পটা এটুকুই। তবে সালেহা খাতুন একা নন। রাজশাহী থেকে আবুল কালাম আজাদ জানাচ্ছেন, মাদকের বিষে নীল আদতে গোটা চারঘাট গ্রাম। সীমান্তবর্তী চারঘাট গ্রামের বহু মানুষ জড়িত মাদকের ব্যবসার সঙ্গে। মাদকের ছোবলে দুই বছরে ঝরে গেছে পাঁচটি প্রাণ (সূত্র: বিশাল বাংলা, প্রথম আলো, ২৬ জুন ২০১১)। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত হলো কদিন আগে। যেমনটি হয়ে থাকে প্রতিবছর। এমন কোনো দিন কি আসবে, যেদিন এই মাদকবিরোধী দিবস আর আলাদা করে পালন করতে হবে না, পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে ‘মাদক’ নামের অভিশাপ? উত্তর জানা নেই। জানা নেই বলেই, আসলে, সালেহা খাতুনকে মন থেকে সরানো যায় না। তাঁর দুর্বোধ্য মর্মভেদী দৃষ্টি বিরাট এক প্রশ্নবোধক হয়ে কেবল মাথায় ঘুরপাক খেতে থাকে।  ইকবাল হোসাইন চৌধুরী