নীল-সবুজের লালাখালে...
কিছুদিন আগে শুনেছিলাম, আমাদের দেশেই নাকি এমন একটা খাল আছে, যার পানি নিটোল সবুজ, সেখানে নাকি আকাশের ছায়া কেটে কেটে নীল-সবুজের রাস্তা চিরে এগিয়ে যায় খয়েরি-কালো নৌকা। যেখানে নাকি মাঝিরা সুযোগ পেলেই নৌকা চালানো বাদ দিয়ে টুপ করে নেমে পড়ে আয়না জলে! এমন জায়গা না দেখার মতো ঘোরতর অন্যায় আমি কীভাবে করি! তাই আর দেরি না করেই ছুটে গেলাম পাহাড়ঘেরা সবুজের নগর সিলেটের লালাখালে। সঙ্গী ছিল তিনজন—মারুফ, রিতু আর চঞ্চল।এই যাত্রার শুরুটা হয়েছিল বাংলাদেশের বাইরের একটা ঝরনা দেখা দিয়ে, সেটার নাম ‘পাংতুমাই’ ঝরনা। ভারতের পাহাড়ি দেয়ালঘেঁষে হুসহুস করে সাদা পানির নহর ছিটিয়ে পড়তে থাকা এই ঝরনাটা বাংলাদেশের না, তবে বাংলাদেশ থেকে দেখা যায়, তৃপ্তি নিয়ে গোসল করা যায় এর পানিতে। সেই ঝরনায় গোসল করে ফেরার পথেই পড়ে লালাখাল। ঘাটে তার সারি সারি নৌকা বাঁধা, এ জন্যই বোধ হয় জায়গাটার নাম সারিঘাট। নৌকার তলদেশ পর্যন্ত নির্দ্বিধায় চলে যায় দৃষ্টি। অনেক আকাঙ্ক্ষার লালাখালের পূর্ণ রূপ দেখতে তাই সবুজ সিএনজিচালিত অটোরিকশাকে বিদায় করে নেমে গেলাম সবুজ পানিতে। নৌকাওয়ালা উৎসুক চোখে জানতে চাইল, যাবেন কোথায়? আমাদের মহাপণ্ডিত মারুফ তখন দিশেহারা, তার চোখ দেখে মনে হলো ঠিক এ মুহূর্তেই ভুলে গেছে যে সে কোথায় যাবে! অগত্যা মাঝিকেই জিজ্ঞেস করলাম যে এই খালের পাড় ধরে কোথায় কোথায় যাওয়া যায়? তিনি আমাকে পুরোপুরি হতাশ করে জানালেন কোথাও যাওয়া যায় না। ভারতের ভেতরে নাকি এই খাল ঢুকে গেছে! তবে ঘণ্টা হিসেবে নৌকায় করে ঘোরা যাবে, বিরতি হিসেবে একটা চা-বাগানে নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা যাবে। বান্দরবানে গেলে চান্দের গাড়ির ছাদটা যেমন নিজের একচ্ছত্র সম্পত্তি বানিয়ে নিই, ঠিক তেমনি এবার নৌকার ছাদও বিপুল উল্লাসে দখল করে ফেললাম। সৌন্দর্য দেখতে হলে ওপর থেকে দেখতে হয়, এ জন্যই পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী হলো পাখি।সবুজ পানির ঘাট পেরিয়ে নৌকাটা যেই একটু সামনে এগোল, তখনই ক্রমান্বয়ে আমার ভুল ভাঙতে লাগল। এতক্ষণ যে সবুজ দেখে চোখ কচলেছি সে তো নস্যি, এখানে সেই সবুজের ভেতর হুড়মুড় করে নীল আকাশ ঢুকে পড়ে তার সৌন্দর্যের মাত্রাকে করে ফেলেছে আকাশছোঁয়া, বাঁ পাশের পাহাড়ের ছায়া আর ডান পাশের মেটে বালু কোনো প্রভাবই ফেলতে পারছে না রাজসিক এই ঠান্ডা তরলের ওপর। আমাদের নৌকার পাশ দিয়ে বিকট শব্দে বেরিয়ে গেল বালুবোঝাই দুটো ট্রলার, পানি এখানে এতই স্বচ্ছ যে সেই ট্রলারের প্রপেলার থেকে শুরু করে তলদেশের শেষ কোনায় লেগে থাকা কালো আলকাতরার ছোট্ট বিন্দুটাও নজর এড়াল না। যতই সামনে এগোচ্ছি বারবার সেন্ট মার্টিনের কথা মনে পড়ছে, এমন পরিষ্কার পানি হুমায়ূন আহমেদের ওই ‘রুপালি দ্বীপ’ ছাড়া আর কোথাও নেই। আয়নার মতো স্বচ্ছ পানিতে ঠিক যেন গায়ে গা লাগিয়েই ভেসে আছে তুলতুলে শিমুল তুলোর মতো সাদা সাদা মেঘগুলো, একেকটা নৌকা যায় আর ঢেউয়ের দোলায় তুলোগুলো একটু নড়েচড়ে আবার মুগ্ধ হয়ে নিজের চেহারা দেখতে থাকে। নৌকার গলুইতে বসে রিতুও অনেকক্ষণ সবুজ আয়নায় তার চেহারা দেখল, ব্যাপারটা বোধ হয় মাঝির ভালো লাগল না, তিনি নৌকা ভিড়িয়ে দিলেন চুপচুপে ভেজা বালুর গায়ে, বাংলাদেশের সীমানা নাকি এখানেই শেষ! মন খারাপ করে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে রইলাম সীমানা পার হওয়া বালুকার শেষ সীমার দিকে, সেখানকার লালাখাল আরও রং নিয়ে বর্ণিল সেজে হারিয়ে গেছে পাহাড়ের কোলে।যেখানে নামলাম, সেটা বাংলাদেশের সীমানার শেষ চা-বাগান—ম্যাগনোলিয়া টি গার্ডেন। সৌন্দর্য এখানে নতুন করে তার দোকান খুলে বসল, সে দোকানে পণ্যের কমতি নেই— পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, তার ওপর সাজানো-গোছানো বাংলো আর মাঝেমধ্যে উঁকি দেওয়া ছোট ছোট হ্রদ যেন প্রতি মুহূর্তেই জানিয়ে দিচ্ছে এ দেশটার সীমানা ছোট হলেও এ দেশের সৌন্দর্যের সীমানাটা বিশাল। চা-বাগানের ভেতর দিয়ে টিলা টক্কর পার হয়ে অনেক ওপরে উঠলে এক নজরে দেখা যায় পুরো বাগানটা। সবুজ চাগাছের জানালা গলে হালকা বাঁকা হয়ে চলে যাওয়া পিচঢালা রাস্তাটা দেখে অসহ্য এক আনন্দে বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে, ঠিক সেই রাস্তাটার শেষ মাথায় রোদের আলোয় চিকচিক করে টলছে সবুজ সোনা—লালাখাল। তার পানিতে দাপাদাপি-লাফালাফি শেষ করে আমাদের নিয়ে নৌকা যখন আবার ঘাটে ফিরল, তখন বিকেল প্রায়। শেষ বিকেলের আলোয় মুখ থুবড়ে পড়েছে লালাখালের সবুজ বরণ, সেখানে এসে ঠাঁই করে নিয়ে টলটলে সোনা রং। প্রকৃতি এখানে বর্ণিল, রং এখানে দলছুট, দৃষ্টি এখানে স্বপ্নীল—এটা লালাখাল...কীভাবে যাবেনঢাকার সায়েদাবাদ থেকে প্রায় সব বাসই সিলেট যায়, ভাড়া নেবে জনপ্রতি ৪৫০ টাকা করে। সিলেটে নেমে বাসে করে জাফলংয়ের উদ্দেশে রওনা দিতে পারেন। পথিমধ্যে সারিঘাটে নেমে যাবেন। এ ছাড়া সিলেট থেকে সিএনজিচালিত অটোরিকশায় করেও সারিঘাট যেতে পারেন। সেখান থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে লালাখাল হয়ে চা-বাগান পর্যন্ত ঘুরে আসতে ট্রলারভাড়া ৮০০-১২০০ টাকার মতো নেবে। চিপসের প্যাকেট, পলিথিন, সিগারেটের টুকরোজাতীয় অপচনশীল দ্রব্য খালের পানিতে ফেলবেন না।সিলেটে আরও যা দেখবেনজাফলংপাথরকন্যা বলা হয় জাফলংকে। এক পাশে মেঘ ছুঁয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবুজ পাহাড়, আরেক পাশে অপরূপা ডাউকি নদী। ভারত-বাংলাদেশের জিরো পয়েন্ট থেকে শুরু করে খাসিয়াপাড়া পর্যন্ত উদ্দাম বেগে ছুটে চলা এই নদীর পেটভর্তি নানা রঙের বর্ণিল পাথরে। জাফলংয়ের মামার বাজারঘাট থেকে ডাউকির দিকে তাকালে বহু যত্ন করে সাজিয়ে রাখা নৌকাগুলো একনজরে দেখা যায়। এখান দিয়েই যেতে হয় ‘পাংতুমাই’ ঝরনায়। জাফলং যাওয়ার পথে অবশ্যই বাংলাদেশের সবচেয়ে বড় চা-বাগান ‘মালিনীছড়া চা-বাগান’ দেখে যাবেন।লাউয়াছড়া জাতীয় উদ্যানমৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যানটি বিখ্যাত মূলত এর অসাধারণ জীববৈচিত্র্যের কারণে। পুরো বাংলাদেশে যে ১০ প্রজাতির নর বানর পাওয়া যায়, তার ছয় প্রজাতিই রয়েছে এখানে। বাংলাদেশে সবচেয়ে বেশি উল্লুকের বসবাস এই বনে। বনের মাঝ দিয়ে ছুটে গেছে ঢাকা-সিলেট রেললাইন। শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়া যাওয়ার পথেই পড়ে ভাস্কর্য ‘চা-কন্যা’। এই বনটা অনেক ঠান্ডা, শীতল।হামহাম ঝরনাসিলেটের কমলগঞ্জ উপজেলার শেষ সীমানায় কুরমা বিটের চম্পারায় চা-বাগানসংলগ্ন কলাবন গ্রামের রাজকান্দি রিজার্ভ ফরেস্টের গহিনে এর অবস্থান। বর্ষাকালে এর পানির তীব্রতা অনেক। শ্রীমঙ্গল থেকে এক দিনেই এই ঝরনায় যাওয়া-আসা করা যায় বলে দিন দিন এখানে পর্যটকের সংখ্যা বেড়ে চলেছে। হামহামে যাওয়ার একটু আগেই মোকামটিলা নামের পাহাড়ের গা ঘেঁষে ‘আতিকা ফলস’ নামে আরেকটা অসাধারণ সুন্দর ঝরনার অবস্থান। মাধবকুণ্ড ঝরনামৌলভীবাজারের বড়লেখায় মাধবকুণ্ডের অবস্থান, বর্ষার সময় এই ঝরনায় পানির উচ্ছ্বাস থাকলেও শীতকালে প্রায় মৃত সরু পানির ধারায় পরিণত হয় এটি। মাধবকুণ্ডের বাঁ পাশ নিয়ে পাহাড় বেয়ে এর ওপরে ওঠা যায়, সেখানে পাথরের এক ভিন্ন জগৎ, এই পথ দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যায় পাহাড়ের আরও অনেক ভেতরের দিকে-গভীরে-গহিনে। এই ঝরনা ঘিরে উঠেছে পর্যটন কেন্দ্র। এর কাছাকাছি পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া যায়।রেমা কালিঙ্গা সবুজ, সবুজ আর সবুজ। আঁকাবাঁকা সরু রাস্তা, চারদিকে গাছ আর গাছ। বিভিন্ন গাছের ফাঁকফোকর দিয়ে উঁকি দিয়ে যায় অর্কিড, শিউলিসহ নানা জাতের ফুল। সঙ্গে বিভিন্ন ধরনের পাখির দেখা পাওয়াটা তো তালিকার মধ্যে আছেই। চোখ তো জুড়াবেই, মনও ভরে উঠবে প্রশান্তিতে। বলছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় রেইন ফরেস্ট রেমা কালিঙ্গার কথা। শ্রীমঙ্গলের কাছেই অবস্থিত রেমা কালিঙ্গার সৌন্দর্য আপনার মন ভরিয়ে তুলবেই।শ্রীমঙ্গল ও চুনারুঘাট—এ দুই জায়গা থেকেই রেমা কালিঙ্গা যাওয়া যায়। শ্রীমঙ্গল থেকে যদি যেতে চান, তাহলে ফোর হুইল ড্রাইভ গাড়ি হলে ভাল হয়। সময় লাগবে দেড় ঘণ্টা। চুনারুঘাট থেকে যেতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট। সাধারণত যেতে হবে মোটরবাইক অথবা সিএনজিচালিত অটোরিকশায় করে। তবে এ পথ দিয়ে গেলে নৈসর্গিক দৃশ্য থেকে কিছুটা বঞ্চিত হতে হবে। কারন এ রাস্তায় চা বাগান, মাটির রাস্তা, বনের সৌন্দর্য্য পাওয়া যাবে না। রেমা কালিঙ্গায় থাকার জায়গার কিছুটা অসুবিধা হতে পারে। এ জন্য ভোরে যদি রওনা দেওয়া যায়, তাহলে রেমা কালিঙ্গায় সারা দিন ট্রেকিং করে সন্ধ্যাবেলায় শ্রীমঙ্গলে ফেরত আসতে পারবেন। মোমেনূর রশীদ সিদ্দিকীরাতারগুল বনথইথই স্বচ্ছ পানিতে ভাসছে এই বন, সেই পানির আয়নায় সারাটা দিন নিজের চেহারা দেখে মুগ্ধ হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকে চির সবুজের এই সোয়াম্প ফরেস্ট। নৌকা নিয়ে ঘুরতে হয় এই বনে, বানর আর সাপের সঙ্গে দোস্তি করে ঢুকতে হয় এই বনে। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এর অবস্থান, সিলেট থেকে অটোরিকশা নিয়েই সরাসরি গোয়াইনঘাট যাওয়া যায়। সেখান থেকে নৌকা নিয়ে ঢুকতে হয় হিজল-করচের এই বনে। বনে বেড়ানো জন্য সবচেয়ে আদর্শ সময় হলো বর্ষাকাল।