নীল সাগরের তীরে যেন নতুন এক ঢেউ আছড়ে পড়ল। এই ঢেউ গান, কবিতা আর সুরের ইন্দ্রজালে তৈরি। গত ১৬ জুন বৃহস্পতিবার সমুদ্রকোলের ঐতিহাসিক শহর রামুতে হয়ে গেল এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। খিজারী আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ আয়োজনে আঞ্চলিক গান, পল্লিগীতি, হাসন, লালন, ভান্ডারী এবং এ অঞ্চলের ঐতিহ্যবাহী মালকাবানুর বিয়ের হঁলার গান উপস্থিত হলভর্তি দর্শকদের আন্দোলিত করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক (অনুষ্ঠান) বেগম সোলতানা রাজিয়া। স্বাগত বক্তব্য দেন কক্সবাজার বেতারকেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. আরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের পরিচালক সাইমুম সরওয়ার। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোশতাক আহমদ, বাংলাদেশ বেতারের বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক সোহরাব হোসেন, কৃষিবিষয়ক কার্যক্রমের পরিচালক আমান উল্লাহ মাহমুদ ও মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার ইউনিটের ডেপুটি কমান্ডার মো. শাহজাহান। প্রধান অতিথির বক্তব্যে সাইমুম সরওয়ার বলেন, এ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা-সংস্কৃতির প্রসার ঘটাতে বাংলাদেশ বেতারের ভূমিকা অগ্রগণ্য। সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক (অনুষ্ঠান) বেগম সোলতানা রাজিয়া বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির এ সময়ে দেশে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের ব্যাপক প্রসার হলেও বেতারের গুরুত্ব বিন্দুমাত্রও কমেনি। দেশে এখনো শক্তিশালী গণমাধ্যম হিসেবে বেতারের অবস্থান সুদৃঢ় আছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সাধারণ মানুষের সেতুবন্ধ রচনা করতে বেতারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে দর্শক-শ্রোতার মন ভরিয়ে দিয়েছেন রামুর শিল্পীরা। ‘মোর ভাবনারে কি হাওয়ায় মাতাল’। রবীন্দ্রনাথের এ গানটি গাইলেন আন্না পাল। কথা ও সুরের ঐশ্বর্যে ভরা পুরোনো দিনের গান পরিবেশন করেন শিল্পী মানসী বড়ুয়া। তিনি গেয়েছেন, ‘এই পৃথিবীর পরে’। জ্যেষ্ঠ শিল্পী রায়হান উদ্দিন পপি বড়ুয়ার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন ‘যেটুকু সময় তুমি থাক পাশে’। কক্সবাজার বেতারের সংগীত-প্রযোজক বশিরুল ইসলাম আর সংগীতশিল্পী মীনা মল্লিকের পরিবেশনায় শুধু সুরের আবেদনই ছিল না, তাঁদের প্রাণবন্ত গায়কি দর্শকদের মোহিত করেছে। ‘আমি ঘর ছাড়লাম বাউল হইলাম, তোমারও লাগিয়ারে’—শিল্পী বিভাষ সেন গুপ্তের কণ্ঠে যখন পল্লি রসাত্মক এ সুরের মূর্ছনা তখন পুরো মিলনায়তনে ছিল সুনসান নীরবতা। আঞ্চলিক গানের সম্রাজ্ঞী বুলবুল আক্তারের মেয়ে সুমী আক্তার শুনিয়েছেন ‘মইশখাইল্যা মিডা পান মজা, তরমুজ মজা পতেঙ্গায়’। গোলাম মোস্তফা ও সালেহা নাছরিন দ্বৈত কণ্ঠে গেয়েছেন আঞ্চলিক, ‘মননানরে বুঝাইয়ুম আঁই ক্যান গরি’। ব্যান্ড শিল্পী তালেব মাহমুদ গেয়েছেন, ‘স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গান গাইতে পারিনি বলে, নাইরে দুঃখের কোনো শেষ’। অনুষ্ঠানে উপভোগ্য ছিল রাখাইন শিল্পীদের পরিবেশনায় উপজাতীয় নৃত্য। মালকাবানুর দেশে রে... লোকগাথা ‘মালকাবানুর বিয়ের হঁলা’ পরিবেশন করে দর্শকদের ভিন্ন এক মাত্রায় পৌঁছে দেন শব্দায়ন রামু উপকেন্দ্রের শিল্পীরা। মনুমিয়া-মলকাবানুর বিয়ে নিয়ে রচিত এই ঐতিহাসিক লোকগাথা স্পর্শ করেছে সবাইকে।