নীল সাগরের প্রবাল দ্বীপে
নীল সাগরের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে এখন পর্যটকের ঢল নেমেছে। প্রতিদিন হাজারো পর্যটকের পদচারণে মুখর হয়ে উঠছে দ্বীপ। শুক্র ও শনিবার একেবারে ঠাসা থাকে পর্যটকে। ছেঁড়াদিয়া, বাতিঘর, পাথুরে বাঁধ, কেয়াবন আর নারকেল বীথি বিমোহিত করছে তাঁদের।জানা যায়, শীতের শেষ দিকে এসে পর্যটকেরা ভিড় করেন বেশি। এ সুযোগে পর্যটকবাহী জাহাজ ও ট্রলারগুলো বহন করছে অতিরিক্ত যাত্রী। ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিচ্ছেন পর্যটকেরা। এ ছাড়া আবাসিক হোটেল-কটেজ ও খাবার হোটেলগুলোও অতিরিক্ত টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।গত শুক্রবার সকাল নয়টার দিকে দমদমিয়া জেটি ঘাটে গিয়ে দেখা গেছে, জনপ্রতি ৫০০ থেকে এক হাজার টাকা নিয়ে এ রুটে চলাচলকারী ঈগল-১, সি-ট্রাক, এলটিসি কুতুবদিয়া, এফভি সোনারগাঁ এবং অবকাশ ক্রুজ ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করছে। জাহাজে উঠে চেয়ারে বসা তো দূরের কথা, ঠাসাঠাসি করে দাঁড়ানোরও জায়গা না পেয়ে অবাক হন পর্যটকেরা। জাহাজে যাত্রী তোলার উপযুক্ত ব্যবস্থাও টেকনাফে নেই বলে অভিযোগ করেন যাত্রীরা। ওই দিন সকালে কাঠের সাঁকো দিয়ে সোনারগাঁ ও অবকাশ ক্রুজ জাহাজে ওঠার সময় তিনজন পর্যটক নদীতে পড়ে যান। অবশ্য তাঁদের দ্রুত উদ্ধার করা হয়। উপজেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন অভিযান চালিয়ে এফভি সোনারগাঁ ও অবকাশ ক্রুজকে অতিরিক্ত যাত্রী পরিবহন করার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এর আগেও এ রুটে চলাচলকারী কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ডাইনসহ পাঁচটি জাহাজকে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে জরিমানা আদায় করা হয়েছিল।এফভি সোনারগাঁ জাহাজের ব্যবস্থাপক তোফায়েল আহমদ অতিরিক্ত যাত্রী বহনের কথা স্বীকার করে বলেন, এখন পর্যটকের চাপ একটু বেশি। তাই কাউকে ফেলে না রেখে সবাইকে নিতে গিয়ে জরিমানাও গুনতে হয়েছে।ঢাকার টঙ্গী এলাকা থেকে সপরিবারে বেড়াতে আসা পর্যটক মোহাম্মদ হুমায়ুন কবির ক্ষোভ প্রকাশ করে বলেন, সি-ট্রাক ও স্পিডবোটগুলো প্যাকেজের নামে গলাকাটা বাণিজ্য চালাচ্ছে। এতে হয়রানির শিকার হচ্ছে পর্যটকেরা। সেন্ট মার্টিনে জেটি থেকে ছেঁড়াদিয়া যেতে জনপ্রতি এক হাজার টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে। এফভি সোনারগাঁ জাহাজের ব্যবস্থাপক তোফায়েল আহমদ সিন্ডিকেট ও অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের অভিযোগ স্বীকার করে প্রথম আলোকে বলেন, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তিন দিনের সরকারি ছুটি থাকায় পযর্টকের চাপ একটু বেশি। তাই কাউকে ফেলে না রেখে সবাইকে নিতে গিয়ে জরিমানাও গুণতে হয়েছে।কুমিল্লা থেকে আসা পর্যটক মিজারুল ইসলাম (৪৫) ও কামাল হোসেন (৪৭) বলেন, এখানে প্রতিটি হোটেল কটেজে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া নিচ্ছে। হোটেলের কক্ষের ভাড়া ৫০০ টাকার বেশি হওয়ার কথা নয়, সেগুলো নেওয়া হচ্ছে এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ হাজার টাকা। খাবারের হোটেলগুলোর মান খুব খারাপ। এসব ব্যাপারে প্রশাসনের নজর দেওয়া উচিত। সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, দ্বীপে পযর্টকের সংখ্যা একটু বেড়েছে। কিন্তু সেন্টমার্টিনে এখান পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সেন্টমার্টিনের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানান, সেন্টমার্টিনে এখন পর্যটকের ঢল নেমেছে। পর্যটকদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করার খবর পাওয়া যাচ্ছে। উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।