নীলফামারীর কফিন ইউরোপের বাজারে!
মূল রচনা: নীলফামারীর মানুষের হাতে তৈরি কফিন বা শবাধার সমাদৃত হয়েছে ইউরোপের বাজারে। পড়ুন জেরি নিকলসন ও ডেভিড হাউ নামের দুই ব্রিটিশ বন্ধুর ব্যতিক্রমী এক ব্যবসায়িক উদ্যোগের গল্প

‘এটা ঠিক যে বাংলাদেশে অনেক সমস্যা আছে। কিন্তু এখানে সম্ভাবনাও প্রচুর। করার অনেক কিছু আছে এই দেশে। ব্যবসা-বাণিজ্যের জন্য বাংলাদেশ দারুণ সম্ভাবনাময় একটা জায়গা।’
বলতে বলতে জেরি নিকলসনের মুখের হাসি চওড়া হয়। কিন্তু ব্যবসা-বাণিজ্য কি আদতেই এত সোজা? বাংলাদেশ নিয়ে এই ব্রিটিশ তরুণের আগ্রহ ও আশাবাদের উৎস কী? জানতে হলে ফিরে যেতে হবে লন্ডনে।
বছর বারো আগের কথা। প্রায় কাছাকাছি সময়ে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে জেরি নিকলসনের জীবনে। ফ্রিল্যান্সার আলোকচিত্রী ফিয়ানা এলিজাবেথ নিকলসনের সঙ্গে বিয়ে এবং ব্যাংকার টু দ্য পুওর বইটির সঙ্গে পরিচয়। কোনো এক বন্ধু জেরিকে উপহার হিসেবে দিয়েছিলেন বইটি। বিয়ের পরপরই পর্তুগালে সস্ত্রীক ছুটি কাটাতে গিয়েছিলেন জেরি। সেখানে আগাগোড়া পড়লেন বইটি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের লেখা এই বই পেশায় হিসাবরক্ষক জেরিকে টানল খুব। আগ্রহী করল বাংলাদেশের গ্রামের দরিদ্র নারীদের সম্পর্কে। ২০০৪ সালে প্রথম বাংলাদেশে আসার সুযোগ মিলল জেরি নিকলসনের। শহর তো বটেই, গ্রামগঞ্জেও অনেক ঘোরাঘুরি করলেন। প্রথমবারেই বাংলাদেশ মুগ্ধ আর নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ করল জেরিকে। পয়লা সফরেই একটা ব্যাপার পরিষ্কার বুঝে গেলেন জেরি। বাংলাদেশ দারুণ এক সম্ভাবনার জায়গা।

সম্ভাবনা যে বাংলাদেশে আছে, সেটা জেরি আরও বেশি নিশ্চিত হলেন ডেভিড হাউয়ের সঙ্গে পরিচয় হওয়ার পর। ডেভিডও যুক্তরাজ্যের মানুষ। কাজের ক্ষেত্র হিসেবে তিনি বেছে নিয়েছিলেন বাংলাদেশকেই। দুজনের বন্ধুত্ব হতে সময় লাগল না।
২০১০ সালের আগস্ট মাসে জেরি আবারও এলেন বাংলাদেশে। এবার একদম আটঘাট বেঁধে। স্ত্রী ফিয়ানার সঙ্গে এবার বাংলাদেশ অভিযানের সঙ্গী দুই শিশুকন্যা জোহানা ও আয়লাও। বন্ধু ডেভিড হাউ এদিকে বাংলাদেশে শুরু করেছেন ওয়েসিস কফিনস নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়ভাবে সহজলভ্য উপাদান দিয়ে কফিন তৈরি করে তা ইউরোপের বাজারে বিক্রির কাজ করে ওয়েসিস কফিনস। কিন্তু প্রতিকূলতাও ছিল নানা রকম। ছিল পুঁজির সংকট। সেই পুঁজির সংকট কাটাতে এগিয়ে এল জেরি ও ফিয়ানার গড়া প্রতিষ্ঠান টিন্ডার ক্যাপিটল। সঙ্গে যোগ দিল পানাপুর নামে যুক্তরাজ্যের আরেকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। তাঁদের এই সংগ্রামে সঙ্গী হলেন বাংলাদেশের নীলফামারীর দরিদ্র নারীরাও। সবার মিলিত চেষ্টায় গা-ঝাড়া দিয়ে উঠল ওয়েসিস কফিনস। ওয়েসিস কফিনসের জন্য বড় সুসংবাদ এল ২০১২ সালে। যুক্তরাজ্যের প্রথম সারির কফিন বিক্রেতা প্রতিষ্ঠান জে সি অ্যাটকিনসনের সঙ্গে চুক্তি হয়ে গেল ওয়েসিস কফিনসের।
বাংলাদেশের নীলফামারীর ওয়েসিস কফিনস এখন সফল এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম।
www.oasiscoffins.com
এই ওয়েবসাইটে গিয়ে রীতিমতো মুগ্ধ হতে হয়। দরকারমতো একটু সহযোগিতা পেলে বাংলাদেশের গ্রামের মানুষজন কী অসাধারণ সব কাজই না করতে পারেন! ওয়েবসাইটের দেখায় ওয়েসিস কফিনস সম্পর্কে পুরোপুরি ধারণা মিলল বটে। কিন্তু চক্ষু-কর্ণের বিবাদভঞ্জন হলো না।
সেই কারণেই ফোন করি নীলফামারীতে। খবর পেয়ে ত্বরিত নীলফামারীর উত্তরা ইপিজেডে ছুটে গেলেন আমাদের সেখানকার প্রতিনিধি মীর মাহমুদুল হাসান। বাস্তবে কেমন চলছে ওয়েসিস কফিনসের কার্যক্রম? সেটা পড়ুন তাঁর পাঠানো প্রতিবেদনে।