নীলরঙা পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিন কাজের শেষে জুরিখ লেকের ধার দিয়ে হাঁটছিলাম।লেকের ধারটায় নুড়ি বিছানো। হাঁটার সময় পায়ের আওয়াজ পাওয়া যায়।লেকের পাড় অনেকটা শান বাঁধানো ঘাটের মতো। ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে জলের ধারে। আগস্টের পড়ন্ত বিকেল। সূর্য ডুবু ডুবু করছে। ঝিরিঝিরি হাওয়া বইছে। লেকের জলে ছোট ছোট ঢেউ। দু-একটা সাদা নৌকা পাখির মতো ভেসে চলেছে জলের ওপর দিয়ে। বাতাস কেটে নৌকার মাথায় সুইস পতাকা উড়ছে। প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ ও ৯০ কিলোমিটার ব্যাসার্ধ নিয়ে বিশাল জলাধার।বিকেলটা অনেকেই উপভোগ করছেন।কেউ বা শান বাঁধানো সিঁড়ির ওপর বসে হাতে ঠান্ডা পানীয়, কেউ বা সঙ্গিনীর কোলে মাথা এলিয়ে শুয়ে। শান বাঁধানো চত্বরটির শেষে পায়ে চলা পথ। পথটি এঁকেবেঁকে চলে গেছে লেকের ধার দিয়ে বহু দূর। পথের ধারজুড়ে সবুজ বন, বাগান, ঘাসের সবুজ গালিচা। বাগানজুড়ে ফুলের সমারোহ। মিষ্টি একটা গন্ধ বাতাসে। লেকের ধারে পড়ে থাকা পাথরে জলের ঢেউ আছড়ে পড়ছে। ছোট ছোট মাছ পাথরে লেগে থাকা শ্যাওলায় ঠোকর দিচ্ছে। নুড়ি বিছানো পায়ে চলা পথটি যেন চলার জন্যই হাতছানি দেয়।চলতে চলতে কত কিলোমিটার চলে এসেছি জানি না।দূরে আবছা জুরিখ শহর। সূর্য ডুবে গেলেও লাল গোধূলির আকাশ। আঁধার নামতে এখনো দেরি। ক্লান্ত হয়ে জলের ধারে একটা বড় পাথরের ওপর বসি। বাঁ দিকে জলের ওপর কয়েকটা নলখাগড়ার গাছ কোমর অবধি ডুবিয়ে জলে দাঁড়িয়ে। ডান দিকে সবুজ চিরল পাতায় ছাওয়া একটা গাছ। গাছের কয়েকটা ডাল জল ছুঁয়েছে। চিরল পাতাগুলো কাঁপছে মৃদু হওয়ায়।হঠাৎ করেই পাতার ফাঁক দিয়ে উঁকি দিল ছোট একটি পাখি।ঈষৎ লম্বা ঠোঁটের পাখিটির ঘাড় অবধি উজ্জ্বল লাল রঙ। লেজ পর্যন্ত বাকি অংশ নীল। মনে হলো নাম না জানা পাখিটি যেন প্রকৃতি ফুঁড়ে বের হয়ে এল। যাকে উপলব্ধি করা যায়, ছোঁয়া যায় না। গাছের ওপর একাই নাচানাচি করে ফিরে গেল পাখিটি। দিন কয়েক পর গোধূলিলগ্নে ওই গাছের পাশে আবার গিয়েছি। কিন্তু নীল রাঙা পাখিটির দেখা পাইনি। হয়তো পাব না কোনো দিন। কিছু কিছু ক্ষণ আছে, হঠাৎ করেই উজ্জ্বলতা নিয়ে ধরা দেয় কয়েক মুহূর্তের জন্য। এও হয়তো তেমনই, যা হূদয়ের গভীরতায় থেকে যায় অনেক দিন।Êলিয়াকত হোসেন[email protected]