নীলাচলে মিলেছে সব স্রোত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯ এপ্রিল বান্দরবানের নীলাচল পর্যটনকেন্দ্রে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় শিল্পীদের আর্ট ক্যাম্পে ছবি আঁকছেন শিল্পীরা  প্রথম আলো
৯ এপ্রিল বান্দরবানের নীলাচল পর্যটনকেন্দ্রে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় শিল্পীদের আর্ট ক্যাম্পে ছবি আঁকছেন শিল্পীরা প্রথম আলো

বান্দরবানের টাইগার পয়েন্টের নীলাচল অবকাশকেন্দ্রে যখন পৌঁছালাম, তখন সকালের মিষ্টি চেহারা ছেড়ে রুদ্র রূপ ধারণ করতে শুরু করেছে সূর্য। সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার ফুট উঁচুতে অবস্থিত এই পাহাড়চূড়ায় দাঁড়িয়ে হাত দিয়ে মেঘ ধরা যায়, বান্দরবান শহর ও তার পেছনে হাত-পা মেলে ছড়িয়ে থাকা পাহাড়সারি দেখতে দেখতে নিজেকে হারিয়ে ফেলা সম্ভব। রেলিং-ঘেরা চূড়ার এক কোণে বড় ছাতার নিচে বসে যেন হারিয়েই গিয়েছিলেন শ্রীলঙ্কার শিল্পী ইন্ডিকা পাতামানান্দা বাদুগে। কেমন লাগছে বান্দরবান? এই প্রশ্নে ধ্যান ভাঙল বাদুগের। চমকে উঠে ফিরে তাকিয়েই হাসিতে খানখান ভদ্রলোক। বললেন, ‘অসাধারণ! ঠিক আমার দেশের মতো!’
৯ এপ্রিল নীলাচলে উদ্বোধন হয় সার্ক দেশগুলোর শিল্পীদের তিন দিনব্যাপী আর্ট ক্যাম্পের। ভারত ও আফগানিস্তান বাদে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের ৩৪ জন শিল্পী অংশ নেন এতে। সে উপলক্ষে বাদুগেও এসেছিলেন এখানে। কেন এই আর্ট ক্যাম্প—এমন প্রশ্নের উত্তরে বাদুগে জানান, এ অঞ্চলের শিল্পীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ তৈরি। শিল্পের ভাষা, আঙ্গিক এসবের বিনিময়। তবে তাঁর কাছে সব ছাপিয়ে ভিন্ন দেশ ও সংস্কৃতির অভিজ্ঞতা অর্জনটাই বড় কথা।
বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সুর: সার্ক কালচারাল সেন্টারের উদ্যোগে এমন আর্ট ক্যাম্পের আগে দুবার শ্রীলঙ্কায় ও একবার মালদ্বীপে অনুষ্ঠিত হয়েছে। এবারের ভেন্যু বাংলাদেশের বান্দরবান। আর আয়োজক বাংলাদেশ শিল্পকলা একাডেমী। কেন বান্দরবান? বাংলাদেশের এই ছোট্ট পাহাড়ি জেলায় ১২টি নৃগোষ্ঠীর বসবাস। তা ছাড়া অপূর্ব নিসর্গশোভা তো আছেই। এমনটাই জানান সার্ক কালচারাল সেন্টারের উপপরিচালক সুন্দরী ডেভিড রডরিগো। আর্ট ক্যাম্পে বাংলাদেশের ১০ জন, নেপালের পাঁচজন, মালদ্বীপের চারজন, ভুটানের ছয়জন ও পাকিস্তানের একজন শিল্পী অংশ নেন।
শাকুরের ব্যস্ততা: কেবল নিজের ক্যানভাস নয়, বাংলাদেশের প্রবীণ শিল্পী আব্দুর শাকুর আর্ট ক্যাম্পের সব শিল্পীর ক্যানভাসের ওপর নজর রাখছিলেন। আর্ট ক্যাম্পের অঘোষিত দলপতিও বলা যায় তাঁকে। রং-তুলি, ক্যানভাস সবাই ঠিকঠাক পেলেন কি না, কে কোন জায়গায় বসে আঁকছেন, কোনো সমস্যা হচ্ছে কি না, এসব তদারক করছিলেন তিনি। শিল্পীরাও ভীষণ খুশি এই বয়স্ক তরুণকে পাশে পেয়ে।
সামঝানার মাচাং: রেলিং-ঘেরা নিরিবিলি একটা চত্বরে গাছের ছায়ায় একমনে ছবি আঁকছিলেন নেপালের শিল্পী সামঝানা রাজভান্ডারি। রেলিঙের বাইরে তাকালে বিস্তীর্ণ পাহাড় সারি, তার মধ্যে সরু সাপের মতো রাস্তা। সামঝানার ক্যানভাসেও ফুটে উঠছিল পাহাড় আর আকাশের মিতালির গল্প। ছায়াময় মাচাংঘরের পাশে একটা গাছও তুলির স্পর্শে ধীরে ধীরে প্রাণ পাচ্ছিল। সামঝানা জানান, বান্দরবান তাঁর দেশের কথাই মনে পড়িয়ে দিচ্ছে।
ভুটানের স্বশিক্ষিত শিল্পীরা: প্রত্যেক শিল্পীকে মাত্র দুদিনে আঁকতে হবে দুটো করে ছবি। ক্যাম্প শুরুর সঙ্গে সঙ্গে তাই তাঁরা ভীষণ ব্যস্ত হয়ে পড়েন। ব্যতিক্রম দেখা গেল কেবল ভুটানি শিল্পীদের ক্ষেত্রে। তাঁরা ধীরে চলো নীতিতেই যেন এগোচ্ছিলেন। পেমা শ্রিং, দরজি ওয়াংচুক, গিয়েম্পো ওয়াংচুক, জাম্পেল চেদা, চাঁদ ভট্টরাই ও জুকি নিমা—এই ছয় ভুটানি শিল্পীকে একসঙ্গেই পাওয়া গেল। তাঁরা জানান, ভুটানে চারুকলা শেখার কোনো উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান নেই। তাঁরা সবাই নিজেই ছবি আঁকা শিখেছেন। নিজেদের ‘সেলফ লার্নড আর্টিস্ট’ বলতেই পছন্দ করেন তাঁরা। স্বশিক্ষিত এই শিল্পীরা জানালেন বদলে যাওয়া ভুটানের কথা। এখন লম্বা ঝুলের স্কার্ট পরার বাধ্যবাধকতা নেই দেশটির নাগরিকদের। নিজেদের পরনের জিনস ও টি-র্শাট দেখিয়ে বললেন, ভুটান বদলাচ্ছে।
আঞ্জুম একাই এক শ: পাকিস্তান থেকে একাই এসেছেন শিল্পী আঞ্জুম আইয়ুব। একা হলেও তিনি গোটা আর্টক্যাম্প জমিয়ে রেখেছিলেন। পাকিস্তানের শিল্পীরা কি স্বাধীনভাবে কাজ করতে পারছেন? এমন প্রশ্নের জবাবে আঞ্জুম স্বতঃস্ফূর্তভাবে বলেন, ‘দেখুন তালেবান বা ধর্মীয় উগ্রবাদ পাকিস্তানের একটা অংশে আছে। সেটাই গোটা পাকিস্তানের চেহারা নয়। আমরা শিল্পীরা সেখানে স্বাধীনভাবে কাজ করি। আসলে মিডিয়া যা দেখায় তা পুরোপুরি আসল চিত্র নয়।’
আমি পাহাড় দেখেছি: পাহাড়হীন মালদ্বীপের তরুণ শিল্পী মো. নাশাথ বান্দরবান দেখে বিহ্বল হয়ে পড়েছিলেন। ঝাঁকড়া চুলের এই তরুণ শিল্পী বললেন, ‘আমি ঠিক বান্দরবানের পাহাড়গুলোর ছবি আঁকব না। বরং পাহাড় দেখার অনুভূতিটাই আঁকার চেষ্টা করছি। এই অনুভূতি কেমন, বলে বোঝানো যাবে না।’ নাশাথ চারপাশের গাঢ় নীল ছায়ায় ডুবে থাকা পাহাড়ের দিকে অবাক হয়ে আরও একবার তাকালেন।