নীলে দিনবদল
নীল চাষ। ইতিহাস ঘেঁটে দেখলে নেতিবাচক স্মৃতিই উঠে আসবে। কিন্তু যদি বলি, এই নীল চাষ করেই কয়েক শ ঘরের চাষি এখন সুখে বাস করছেন। শুধু তা-ই নয়, বিদেশের ফ্যাশনপ্রেমীরাও এখন বাংলাদেশের নীলের মাধুর্যে মুগ্ধ। কোনো দাদন নয়, জোরজবরদস্তিও নয়, স্বতঃস্ফূর্তভাবেই এখন চাষ হচ্ছে নীলের। এই নীল দিয়ে রাঙিয়ে তৈরি হচ্ছে পোশাক, কাঁথা, চাদর, কুশনকভারসহ আরও কত কী। আর এতেই রংপুর অঞ্চলের অনেক মানুষের মুখে ফিরেছে হাসি। দারিদ্র্য দূরীকরণ প্রকল্প হিসেবে যাত্রা শুরু করে ফ্যাশনের চকচকে দুনিয়ায় বেশ পোক্ত জায়গা করে নিয়েছে নীলে রাঙানো নানা পণ্য। বাংলার ঐতিহ্য আর এ সময়ের ফ্যাশন—এই দুইয়ের মেলবন্ধনে এসব পণ্য হয়ে উঠেছে দেশে-বিদেশে জনপ্রিয়।পেছন ফিরেবাণিজ্যিকভাবে নীল চাষের প্রচলন না থাকলেও বাংলাদেশের উত্তরাঞ্চলে এই গাছ পাওয়া যেত। সেখানে এই গাছকে বলা হয় মালগাছ। ওই এলাকার মানুষ নীলগাছ ব্যবহার করত জমির উর্বরতা বাড়াতে। পরে গাছটি শুকিয়ে নিয়ে খড়ি বানানো হতো। নীল চাষ সম্পর্কে চাষিদের তেমন কোনো ধারণা ছিল না। ২০০৬ সালের শেষের দিকে এলাকার একজন আগ্রহী চাষি এবং কেয়ারের একজন কর্মকর্তা ভারতের গোয়ায় বায়োডা ইন্ডিয়া নামের প্রতিষ্ঠান থেকে নীলের চাষ সম্পর্কে ধারণা নিয়ে আসেন। এরপর ২০০৭ সালে দেশে এসে স্বল্প আকারে চাষ করা হয়। তাতে নিশ্চিত হওয়া গেল যে এখানে এ ধরনের চাষ করা সম্ভব। সিদ্ধান্ত নেওয়া হলো বড় আকারে চাষ করার। উদ্যোগটি নেওয়া হলো সে বছরই। প্রথমবার ৬০০ কেজি নীল উৎপাদন করা হয়েছিল। এরপর ২০০৮ সালে নিজেরা কটেজ অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রির (এনসিভিআই) রংপুরে যাত্রা শুরু হয় একটি লিমিটেড কোম্পানি হিসেবে। এর পরের গল্প শুধুই সামনের দিকে এগিয়ে চলার। ‘ভারতের দিল্লি, কলকাতা, বেঙ্গালুরুসহ কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গার মেলায় অংশ নিয়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছি আমরা। বিদেশের ফ্যাশনপ্রেমী মানুষগুলো এখন অপেক্ষা করে থাকে এনসিভিআইয়ের সামগ্রী কেনার জন্য। এনসিভিআই করার উদ্দেশ্য ছিল একদম প্রান্তিক মানুষগুলোর সঙ্গে ফ্যাশন-দুনিয়ার যোগাযোগ ঘটানো, যেটি ইতিমধ্যেই সফল। বর্তমানে সিঁড়ির অর্থায়নে বাংলাদেশ কেয়ারের অধীনে সেতু প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে, যার একটি রূপ হলো নিজেরা কটেজ অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি, যার মালিক এবং কর্মচারী বাংলাদেশের পাঁচটি জেলার এক হাজার ৮০০ মানুষ’, জানান কেয়ার বাংলাদেশের ইমপ্যাক্ট ডিরেক্টর আনোয়ারুল হক।নীলের নানা পণ্যএনসিভিআইয়ের ফ্যাশনসামগ্রী তুলে ধরেছে আদি বাংলার রূপ। কিন্তু একদমই সমকালীন ফ্যাশনের সঙ্গে মানানসই করে। প্রাকৃতিক নীল রঙে রাঙানো কাপড়ে মনকাড়া কাঁথা ফোঁড়ের কাজ করে তৈরি হচ্ছে এসব পণ্য। আছে কাঁথা, স্কার্ফ, শাল, ফতুয়া, কুশনকভার, ব্যাগ প্রভৃতি। আনোয়ারুল হক বলেন, ‘ফ্যাশন-দুনিয়া এখন অনেক বেশি পরিবেশ সচেতন। পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি সামগ্রীগুলো যদি সমসাময়িক নকশার হয়, তাহলে চাহিদা আরও বেড়ে যায়। প্রাকৃতিক রঙের সঙ্গে কাঁথা ফোঁড়ের অভিনব ডিজাইন বিদেশের ফ্যাশনপ্রেমীদের মুগ্ধ করেছে। এর মাধ্যমে প্রকাশ পাচ্ছে আমাদের স্বকীয়তাও।’নীলগাছ থেকে উৎপাদিত রংকে কাপড়ে ব্যবহারের উপযোগী প্রাকৃতিক রঙে রূপান্তরিত করা হয় প্রথমে। কাপড়টা প্রয়োজন অনুযায়ী নীল রঙে রাঙিয়ে সুচের ফোঁড়ে নানা নকশা ফুটিয়ে তোলা হয়। কাঁথার ঐতিহ্যবাহী ডিজাইনের একটি বৈশিষ্ট্য হলো ‘লহরি ভাব’। কাপড়ের জমিনে এই লহরি বা ঢেউয়ের ভাবটি আনা হয় বিশেষ ফোঁড়ের মাধ্যমে। কাঁথা ফোঁড়ের প্রাচীন এই পদ্ধতিটি ব্যবহূত হচ্ছে এনসিভিআইয়ের সব সামগ্রীতে। এ ছাড়া রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধার কাঁথা ফোঁড়ের নকশাও ফুটিয়ে তোলা হচ্ছে পোশাকসহ অন্যান্য পণ্যে। এসব পণ্যের আরেকটি বৈশিষ্ট্য হলো, বাংলার কাঁথা স্টিচের সঙ্গে জাপানের শিভরি টেকনিক (টাইডাই)। নীলে রাঙানো ফতুয়াগুলোয় ছোট, মাঝারি ও লম্বা—সব ধরনের হাতাই দেওয়া হচ্ছে। কোনোটার সামনে কুচি, কোনোটা আবার পাঞ্জাবি স্টাইলে করা হচ্ছে। ভিন্নতা আনতে শিভরির ডিজাইন করা কাপড় পাড় হিসেবে ব্যবহূত হয়েছে ফতুয়ায়। এর সঙ্গে পরতে পারেন টাইডাই করা স্কার্ফ। আছে ছেলেদের শার্টও। দুধসাদা কাপড়ের কাঁথায় ব্যবহার হয়েছে নিখুঁত নীল ফোঁড়, বিপরীত রঙের সমন্বয়ও আছে। এর সঙ্গে মানানসই বালিশ ও কুশনকভারও পাবেন।কাঁথার জন্য ব্যবহার করা হয়েছে কুমিল্লার খাদি কাপড়। শালের জন্য ফ্যাশন হাউস প্রবর্তনার তৈরি খাদিটিই বেছে নিয়েছে এনসিভিআই। স্টোল কিংবা স্কার্ফ বানানো হচ্ছে রাজশাহী সিল্ক, অ্যান্ডি, মটকা, ক্রেপ দিয়ে। ব্যাগগুলো তৈরি হয়ে আসছে রিসাইকেল কাপড় দিয়ে। ঢাকায় এনসিভিআইয়ের কোনো দোকান নেই। তবে আগামী পয়লা বৈশাখের আগে ঢাকায় এই পণ্যগুলো নিয়ে মেলার আয়োজন করবে কেয়ার বাংলাদেশ। তবে তার আগেই যদি কিনতে চান, তাহলে চলে যেতে পারেন রংপুরের গোয়ালপাড়ার রাজেন্দ্রপুরে, যেখানে এনসিভিআইয়ের নিজস্ব সেন্টার থেকে কেনা যাবে এসব সামগ্রী। এ ছাড়া ই-মেইলে যোগাযোগ করে পছন্দের পণ্যটি কিনে নিতে পারেন। ই-মেইল: [email protected]।