নীড়হারা পাপুয়ানরা
অপূর্ব সুন্দর স্বর্গপাখির (বার্ড অব প্যারাডাইজ) দেখা মেলে সে দেশে। মানুষজন এখনো যেন সেই আদি যুগেই পড়ে আছে। চার লাখ ২০ হাজার ৫৪০ বর্গকিলোমিটার ভূখণ্ডের অধিকাংশই গ্রীষ্মমণ্ডলীয় অরণ্য আর পাহাড়। প্রশান্ত মহাসাগরের এই দ্বীপটি সম্পর্কে পৃথিবীর লোক কমই জানে। দ্বীপটির নাম পশ্চিম পাপুয়া। কয়েক শ আদিবাসী গোষ্ঠীর বাস সেখানে। প্রায় ৩০০ ভাষায় কথা বলে তারা। কিন্তু এগুলোর কোনোটাই পৃথিবীর আর সব দেশের মানুষ বোঝে না। মাত্র ১৫ শতাংশ পাপুয়ান আমাদের চেনাজানা কোনো ভাষায় কথা বলতে পারে। নিউগিনির পশ্চিমাঞ্চলকে বলে পশ্চিম পাপুয়া। সেখানে ইন্দোনেশীয় সেনাবাহিনীর চালানো হত্যাযজ্ঞ সর্বপ্রথম পৃথিবীর মানুষের দৃষ্টি কাড়ে। পশ্চিম পাপুয়াতে সাড়ে ২৬ লাখ মানুষ বাস করে। শিকারজীবনেই এখনো অভ্যস্ত পাপুয়ানরা।বিশ শতকের মাঝামাঝি পর্যন্ত পশ্চিম পাপুয়া ছিল ডাচদের কলোনি। ১৯৫০ সালে ডাচরা পশ্চিম পাপুয়াকে স্বাধীনতা দেওয়ার প্রস্তুতি নেয়। ১৯৫৯ সালে পাপুয়ান কাউন্সিল গঠন করা হয়। সেই কাউন্সিলই পশ্চিম পাপুয়া নামটি দেয়। পাশাপাশি একটি জাতীয় সংগীত ও ভোরের তারাখচিত একটি পতাকা পায় পশ্চিম পাপুয়া। ১৯৬১ সালের ১ ডিসেম্বর স্বাধীন দেশে প্রথম পতাকা ওড়ায় পাপুয়ানরা। কিন্তু সেই স্বাধীনতার স্বাদ বেশি দিন উপভোগ করতে পারেনি তারা। পরের বছরই ইন্দোনেশীয় সেনাবাহিনী সেখানে হামলা চালায়। প্রতিবাদ জানায় নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। ওই হামলার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুতি নেয় ডাচ ও মার্কিন সেনাবাহিনী। কিন্তু জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনার টেবিলে বসে নেদারল্যান্ডস। পশ্চিম পাপুয়াকে জাতিসংঘের হাতে তুলে দেয়। কিন্তু ১৯৬৩ সালের মাঝামাঝি ইন্দোনেশিয়া পশ্চিম পাপুয়ার নিয়ন্ত্রণ নিয়ে নেয়।ইন্দোনেশিয়ার ক্ষমতা তখন জেনারেল সুহার্তোর হাতে। খনিজ সম্পদে সমৃদ্ধ পশ্চিম পাপুয়াকে পশ্চিমা বহুজাতিক প্রতিষ্ঠানের কাছে একরকম বেচেই দেন সুহার্তো। ফ্রিপোর্ট নামে একটি প্রতিষ্ঠান পশ্চিম পাপুয়া থেকে তামা সংগ্রহের অনুমতি পায়। পর্বতে অনুসন্ধান চালিয়ে মার্কিন এই প্রতিষ্ঠানটি তামার পাশাপাশি স্বর্ণও উত্তোলন করে। ১৯৯২ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি পশ্চিম পাপুয়া থেকে ৩৩ বিলিয়ন মার্কিন ডলার আয় করে। বিনিময়ে পাপুয়ানরা দরিদ্র থেকে হয়েছে দরিদ্রতর। ৫৬ শতাংশ পাপুয়ান চরম দরিদ্র। আর ৯০ শতাংশেরও বেশি গ্রামে স্বাস্থ্য ও চিকিত্সাসেবা বলে কিছু নেই। পাপুয়ানদের এমন লাঞ্ছনাগঞ্জনার কথা বহির্বিশ্ব যেন জানতে না পারে, সে জন্য ইন্দোনেশীয় সরকার গ্রীষ্মমণ্ডলীয় অরণ্যের এই দেশটিতে বিদেশি সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের প্রবেশ করতে দেয় না।১৯৯৮ সালে জেনারেল সুহার্তো ক্ষমতাচ্যুত হন। পাপুয়ানরা সেই দিনটি নেচে-গেয়ে উদ্যাপন করেছিল। আনন্দের আতিশয্যে পাপুয়ানরা সেদিন ভোরের তারাখচিত তাদের নিজস্ব পতাকা উত্তোলন করে। ব্যাপারটাকে মোটেও ভালোভাবে নেয়নি ইন্দোনেশীয় সেনাবাহিনী। পতাকা তোলার অভিযোগে ১৫০ জন আদিবাসীকে হত্যা করে তারা। পশ্চিম পাপুয়ায় এমন হত্যাযজ্ঞ এখনো চলছে। তবে পাপুয়ানরা নির্বিচারে যে মারই খেয়ে যাচ্ছে তা নয়, অনেকে প্রতিবাদ করছে। প্রতিবাদ করতে গিয়েও অকাতরে প্রাণ দিচ্ছে অনেকে। অনেককে করা হচ্ছে ভিটেমাটিছাড়া। এমনি ছয় হাজার পাপুয়ান আজ বনে বিশেষ ক্যাম্পে বাস করে। তবে আশার কথা হচ্ছে, ইন্দোনেশীয় সেনাবাহিনীর বর্বর নির্যাতনের কাহিনী এখন আর ওই দ্বীপের মধ্যে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে বিশ্বময়। বিশ্ববাসী এত দিনে জেনে গেছে, একদা সুখে-শান্তিতে যারা বসবাস করছিল, তাদের আজ বড্ড দুঃসময়। যে দেশে একদা স্বর্গপাখি নীড় বেঁধেছিল, সুখের সে নীড় ভেঙে খান খান হয়ে গেছে।—ওয়েবসাইট অবলম্বনে