নু খেও ক্রাকাইয়া নেইখোবই

মা, ও মা, মা গো! বলে ডেকে উঠতে পারলে বাঙালির পরানের যে গহিন ভেতর কথা বলে ওঠে, তা নিশ্চয়ই অন্য কোনো ভাষায় মাকে ডেকে আমরা কোনো দিনও পাব না। বাঙালিমাত্রই যেমন এ কথা স্বীকার করবেন, তেমনি প্রত্যেক ভাষাভাষীর কাছেই নিজ নিজ মায়ের ভাষা এমনই অমূল্য। আর মা-মাতৃভাষা-মাতৃভূমি তো পরস্পর অবিচ্ছেদ্য। কিন্তু সমাজ ও সভ্যতার ক্রমবিবর্তনে দুনিয়াজুড়েই হারিয়ে যেতে বসেছে লাখো-কোটি মানুষের মায়ের ভাষা। আজ আন্তর্জাতিক মা দিবসে মাকে স্মরণ করে আমরা কি বলতে পারি—নু খেও ক্রাকাইয়া নেইখোবই! বিপন্ন প্রায় খিয়াং ভাষায় যার অর্থ—টিকে থাকুক মায়ের ভাষা। বাংলাদেশের ‘বিপন্ন ভাষা’ নিয়ে পড়ুন মা দিবসের এই বিশেষ প্রতিবেদন।
বিপন্ন ভাষা
কোনো কারণে যদি এমন হয় যে আপনার কথা কেউই বুঝতে পারছে না। আপনার মনের ভেতর জমে থাকা হাজারো আবেগ-অনুভূতি প্রকাশে মরিয়া হয়ে ছটফট করছেন আপনি। অথচ দুনিয়ার কোনো মানুষই আপনার ভাষা বুঝতে পারছে না। ভাবতে পারেন বিষয়টা কতটা কষ্টের, কতটা তীব্র বেদনার হতে পারে? এমনটাই ঘটেছিল প্রাচীন ‘বো’ ভাষার একমাত্র জীবিত ব্যক্তি বোয়া সিনিয়রের ক্ষেত্রে। তাঁর স্বামীর মৃত্যুর পর তিনি একেবারেই নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। অন্যদের সঙ্গে কথাবার্তা চালানোর জন্য তাঁকে শিখতে হয় আন্দামানি-হিন্দি। মাতৃভাষায় কথা বলার মতো সঙ্গী আর কাউকে পাননি। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে বো ভাষা তো হারিয়ে গেলই, সেই সঙ্গে প্রাচীন একটি সংস্কৃতিও হারিয়ে গেল চিরতরে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দা গ্রেট আন্দামানিজ গোত্রের ‘বো’ ভাষা ও সংস্কৃতি এভাবেই হারিয়ে গিয়েছিল।
প্রাচীনকাল থেকে পৃথিবীর নানা প্রান্তে যুগে যুগে প্রচলিত অনেক ভাষাই আজ আর নেই। অনেক ভাষাই পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। কখনো প্রাকৃতিক কারণে কোনো জাতি-সম্প্রদায় বা জনগোষ্ঠী পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণে, কখনো সামাজিক বা রাজনৈতিকভাবে গুরুত্বহীন হয়ে পড়ার কারণে বা ক্ষুদ্র কোনো ভাষাগোষ্ঠীর শেষ কথকের মৃত্যুর কারণে অনেক ভাষা বিলুপ্ত হয়ে গেছে। সমাজ-রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষার সঙ্গে তাল মেলাতে মাতৃভাষার চর্চা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে অনেক ক্ষুদ্র ভাষাভাষী গোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষ। তাই ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেক ভাষা। আর কিছু ভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকির মধ্যে পড়েছে।
বিশ্বজুড়ে ভাষা নিয়ে কাজ করে জাতিসংঘের সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো। এই বিশ্ব সংস্থাটির হিসাব অনুসারে পৃথিবীর ৬ হাজার ভাষার মধ্যে ২ হাজার ৪৯৮টিই বিপন্ন। বিপন্নতার পাঁচটি মাত্রায় ভাগ করা হয়েছে ওই ভাষাগুলোকে। বিপন্নতার মাত্রাগুলো হলো—
১) বিপন্ন: শিশুরা এ ভাষায় কথা বলে, কিন্তু সব সময় সব জায়গায় বলে না।
২) নিশ্চিতভাবে বিপন্ন: মাতৃভাষা হিসেবে শিশুরা ঘরে আর ভাষাটি শেখে না।
৩) ভয়াবহভাবে বিপন্ন: দাদা-দাদি বা বয়স্ক প্রজন্ম এ ভাষায় কথা বলেন, মা-বাবা বা তাঁদের প্রজন্ম সে ভাষা বুঝতে পারেন, কিন্তু নিজেদের মধ্যে সে ভাষায় কথা বলেন না এবং শিশুদেরও ভাষাটি আর শেখান না।
৪) চূড়ান্ত বিপন্ন: বয়স্ক প্রজন্মই শুধু ভাষাটি ব্যবহার করেন, কিন্তু তাঁদের মধ্যেও অনেকেই ভাষাটি ভুলে গেছেন এবং যারা জানেন তাঁরাও সব সময় সে ভাষায় কথা বলেন না।
৫) অবলুপ্ত: কেউই আর ভাষাটিতে কথা বলেন না।

বাংলাদেশের বিপন্ন ভাষা
২০১০ সালে প্রকাশিত ইউনেসকোর ‘অ্যাটলাস অব ওয়ার্ল্ডস ল্যাঙ্গুয়েজ ইন ডেনজার’ (অনলাইন সংস্করণ) অনুসারে বাংলাদেশে বিপন্ন ভাষার সংখ্যা পাঁচটি। এর মধ্যে বিষ্ণুপ্রিয়া মণিপুরি, ককবোরক ও কুঁড়ুখ হচ্ছে বিপন্ন, বোম নিশ্চিতভাবে বিপন্ন এবং সাক ভয়াবহভাবে বিপন্ন ভাষা।
কিন্তু ক্রমহ্রাসমান জনগোষ্ঠী, অন্যান্য ভাষার প্রভাব, সীমাবদ্ধ ব্যবহারিক ক্ষেত্রসহ আরও নানা কারণে উল্লিখিত ভাষাগুলো ছাড়াও বাংলাদেশের আরও অনেক ভাষাই বিপন্ন। যেমন—খুমি, খিয়াং, পাংখোয়া প্রভৃতি। এর মধ্যে বোম, খুমি, ককবোরক, সাক প্রভৃতি পার্বত্য চট্টগ্রামে, বিষ্ণুপ্রিয়া মণিপুরি সিলেটে, কুঁড়ুখ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে এবং পাংখোয়া ভাষাভাষীরা রাঙামাটির বাঘাইছড়ি এলাকায় বসবাস করেন। এ ভাষাগুলোর সবগুলোই প্রাচীন ঐতিহ্যসম্পন্ন। কিন্তু বর্তমানে ভাষাগুলোর নিজস্ব সংস্কৃতি প্রায় লুপ্ত এবং ভাষাগুলোও টিকে আছে একেবারে বিপন্ন অবস্থায়।
আদিবাসী ভাষাগুলো অনেক ক্ষেত্রেই বিপন্নতার ঝুঁকিতে থাকে। এর কারণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার বলেন, ‘একটি ভাষা একদিনে হারিয়ে যায় না। বাংলাদেশের আদিবাসী ভাষাগুলোর মধ্যে অধিকাংশেরই ঘরের বাইরে ব্যবহারের সুযোগ কম। দৈনন্দিন নানা প্রয়োজন মেটানো থেকে শুরু করে বিনোদন, পড়াশোনা প্রভৃতি ক্ষেত্রে যখন অন্য ভাষা ব্যবহার করা হয়, তখন আর নিজের ভাষার প্রতি আগ্রহ থাকে না। এ ছাড়া ভাষিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আধিপত্যের কারণে সংখ্যালঘু ভাষাগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।’ ভাষাবিজ্ঞানের এই অধ্যাপক কুঁড়ুখ ভাষার উদাহরণ দিয়ে বলেন, ‘এ ভাষার জনগোষ্ঠী বেশি থাকার পরও এটি একটি বিপন্ন ভাষা। কারণ, কুঁড়ুখ ভাষার বর্তমান প্রজন্ম এই ভাষা ব্যবহার করে না। পূর্বের প্রজন্ম মারা গেলে এ ভাষা ব্যবহার করার মতো আর কেউ থাকবে না।’

টিকে থাকুক মায়ের ভাষা
একটি ভাষার সঙ্গে জড়িয়ে থাকে একটি জাতির আদি ইতিহাস, জ্ঞান ও প্রজ্ঞা। তাই একটি ভাষার মৃত্যু মানে একটি জাতির ইতিহাস হারিয়ে যাওয়া, জ্ঞান-বিজ্ঞানে তাঁদের অবদান হারিয়ে যাওয়া। এই পরিপ্রেক্ষিতেই সাংস্কৃতিক বৈচিত্র্য এবং স্থানীয় জ্ঞান-বিজ্ঞানকে বৈশ্বিকভাবে কাজে লাগানোর অভিপ্রায়ে এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে ইউনেসকো। বিশ্ব সংস্থাটির এ বছরের আহ্বান ছিল—বিশ্বজুড়ে প্রাথমিক শিক্ষায় অন্তত তিনটি ভাষায় পাঠদান চালু করা, প্রথমত শিক্ষার্থীদের মায়ের ভাষা, একটি জাতীয় বা আঞ্চলিক ভাষা এবং একটি আন্তর্জাতিক ভাষা।
কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, পাঠ্যপুস্তক প্রণয়ন শেষ না হওয়া এবং অন্যান্য জটিলতার কারণে বাংলাদেশ এই আহ্বানে সাড়া দিয়ে এখনও এই কার্যক্রম শুরু করতে পারেনি। আমাদের মহান ভাষা আন্দোলনের সংগ্রামী দিনটিকে স্মরণ করেই প্রতিবছরের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় বিশ্বজুড়ে। ফলে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার মতোই বিপন্নপ্রায় ভাষাগুলোকে বাঁচানোর জন্যও জাতি হিসেবে আমাদের দায়িত্ব অনেক বেশি।
ভাষাবিজ্ঞানী সৌরভ সিকদার বলেন, মা ও মায়ের ভাষার প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশের বিপন্ন ভাষাগুলোকে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি বলেন, ‘যে ভাষাগুলো অনেক বেশি বিপন্ন হয়ে গেছে সেগুলোর বিভিন্ন দলিল দস্তাবেজ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে ভাষাটির অস্তিত্ব একেবারে বিলুপ্ত হয়ে না যায়। বিপন্ন হতে চলছে এমন ভাষাগুলোর ব্যবহার বাড়াতে হবে, লিপির উন্নয়ন করতে হবে, বইপুস্তক রচনা করতে হবে, সংস্কৃতির উন্নয়ন, গান কবিতা, গল্প, লোককথা প্রভৃতি সংগ্রহ করে সংরক্ষণ করতে হবে। এ ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা এবং সচেতন মহলের অংশগ্রহণ জরুরি।’
মায়ের ভাষা নিয়ে খিয়াং ভাষাভাষী অংথুই খিয়াংয়ের সঙ্গে কথা হয়েছিল। ৪৫ বছর বয়সী অংথুই পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। তাঁর পূর্বপুরুষেরা রাঙামাটি জেলার একটা গ্রামের নিবাসী হলেও তিনি এখন থাকেন একই জেলার কাপ্তাইয়ে। তাঁর মাতৃভাষা খিয়াং দ্রুতই আরও বিপন্ন হয়ে যাচ্ছে বলে জানান তিনিও। মা দিবসে তাঁর একটি চাওয়া জানতে চাইলে তিনি খিয়াং ভাষায় বলেন, ‘নু খেও ক্রাকাইয়া নেইখোবই।’ টিকে থাকুক মায়ের ভাষা।