নুনের গুণকীর্তন আর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশেষজ্ঞরা বলছেন—হূদরোগ ও স্ট্রোকে মৃত্যুর জন্য দায়ী অন্যতম যে খাদ্যটি; সেটি এই নুন বা লবণ। ছবি: দ্য গার্ডিয়ান
বিশেষজ্ঞরা বলছেন—হূদরোগ ও স্ট্রোকে মৃত্যুর জন্য দায়ী অন্যতম যে খাদ্যটি; সেটি এই নুন বা লবণ। ছবি: দ্য গার্ডিয়ান

নুনের গুণকীর্তনের শেষ নেই যেন, ভালোবাসার তুলনা দিতে গিয়ে এক রাজকন্যা তাঁর বাবাকে বলেছিল— তোমাকে আমি নুনের মতো ভালোবাসি। গল্পটা সম্ভবত আমরা সবাইই জানি। কিন্তু নুন ভক্তরা যতই নুনের গুণগান করুন না কেন বিশেষজ্ঞরা বলছেন—হূদরোগ ও স্ট্রোকে মৃত্যুর ক্ষেত্রে দায়ী অন্যতম খাদ্য এই নুন বা লবণ। এ কারণে খাবারে লবণ মেশাতে নিরুত্সাহিতই করছেন চিকিত্সকেরা। এতে কাজও হয়েছে বেশ। যুক্তরাজ্যে দৈনিক লবণ খাওয়ার হার ১৫ শতাংশ কমেছে। এতে হূদরোগ ও স্ট্রোকে মৃত্যুর হার কমেছে ৪০ শতাংশ। দ্য গার্ডিয়ান অনলাইন এ খবর জানিয়েছে।
কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের একদল গবেষক খাবারে লবণের ব্যবহার এবং স্বাস্থ্যের ওপর এর প্রভাব নিয়ে এ গবেষণা করেন। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত সময়ে যুক্তরাজ্যের মানুষদের স্বাস্থ্য ও জীবনযাপনের নানা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গবেষণাটি পরিচালিত হয়। গবেষণার ফল বিশ্লেষণ করে তাঁরা বলছেন, লবণ খাওয়া কমালে তা জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে হূদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা কমে আসে। চিকিত্সাবিষয়ক সাময়িকী ‘বিএমজে ওপেন’ এই গবেষণার ফল প্রকাশ করেছে।

২০০৩ সালে যুক্তরাজ্যে ‘লবণ খাওয়া কমানোর’ কর্মসূচি শুরু হয়। ২০১১ সালে এসে দেখা যায়, যুক্তরাজ্যে লবণ খাওয়ার হার দৈনিক গড়ে ১৫ শতাংশ কমে গেছে। দিনে তা গড়ে ৯ দশমিক ৫ গ্রাম থেকে কমে ৮ দশমিক ১ গ্রামে এসে দাঁড়িয়েছে।

লবণ গ্রহণের পরিমাণ কমায় এই আট বছরে স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা প্রতি লাখে ১৩৪ জন থেকে কমে ৭৮ জন হয়েছে। অর্থাত্ স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রাণহানি ৪২ শতাংশ কমেছে। একই সময়ে দেশটিতে হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রতি লাখে ২৩২ জন থেকে কমে ১৩৯ জন হয়েছে। অর্থাত্ এই সময়ে হূদরোগে আক্রান্ত হয়ে প্রাণহানি ৪০ শতাংশ কমেছে।

এ ছাড়া লবণ গ্রহণ কমায় এই সময়ে গড়ে মানুষজনের রক্তচাপ কমারও তাত্পর্যপূর্ণ প্রমাণ পাওয়া গেছে। তবে গবেষকেরা স্বীকার করেছেন, এই আট বছরে হূদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হওয়ার অন্যান্য ঝুঁকিও কমেছে।

গবেষকেরা বলছেন, মানুষের সচেতনতার কারণে ২০০৩ থেকে ২০১১ সাল সময়ে যুক্তরাজ্যে লবণ বিক্রির পরিমাণ কমেছে। আর এতেই রক্ষা পেয়েছে অনেক জীবন। খাদ্যে লবণ কমাতে দেশটির খাদ্য প্রস্তুতকারীদের আরও অনেক করণীয় আছে বলে মত দিয়েছেন গবেষকেরা।