পুরো উপজেলায় একমাত্র নারী চেয়ারম্যান নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছেন নুসরাত জাহান। বুড়িশ্চর ইউনিয়নে চারজন পুরুষ চেয়ারম্যান পদপ্রার্থীকে পরাজিত করে জয় ছিনিয়ে এনেছেন তিনি। পেয়েছেন তিন হাজার ৫৭৩ ভোট। দেয়ালঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী এস এম মহিউদ্দীন (দোয়াত-কলম) পেয়েছেন দুই হাজার ৯৪৩ ভোট। চেয়ারম্যান পদে জয়ী হওয়ায় শুধু বুড়িশ্চর ইউনিয়ন নয়, নুসরাত জাহান পরিণত হয়েছেন টক অব দ্য হাটহাজারীতে। জানা যায়, বছর তিনেক আগে তাঁরই ভাশুর বুড়িশ্চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সরওয়ার মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার নিয়েছিলেন নুসরাত। এলাকার ভোটাররা বলেছেন, বিগত তিন বছর দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় ক্রমেই জনপ্রিয়তার শীর্ষে ওঠেন নুসরাত জাহান। মধ্যম বুড়িশ্চর এলাকার ভোটার মোহাম্মদ ইকবাল বলেন, বঞ্চিত নারীসমাজের অধিকার রক্ষায় তাঁর বিজয় বুড়িশ্চরে মাইলফলক হয়ে থাকবে। স্নাতক ডিগ্রিধারী নুসরাত জাহান সাবেক লায়ন গভর্নর রফিক আহমদের মেয়ে। নির্বাচনে জয়ী হওয়ায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নুসরাত জাহান বলেন, ‘এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এবং নারীর উন্নয়নে নিজেকে উৎসর্গ করে দিতে চাই।’