নুসরাতের 'দেশী' এগিয়ে চলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার জলেশ্বরীতলার রায়বাহাদুর সড়কে বুটিক হাউস ‘দেশী’তে ক্রেতাদের পোশাক দেখাচ্ছেন নুসরাত জাহানl ছবি: সোয়েল রানা
বগুড়ার জলেশ্বরীতলার রায়বাহাদুর সড়কে বুটিক হাউস ‘দেশী’তে ক্রেতাদের পোশাক দেখাচ্ছেন নুসরাত জাহানl ছবি: সোয়েল রানা

পরিবারের সবাই চাকরিজীবী। মা-বাবার ইচ্ছা পড়া শেষ করে চাকরি করুক। কিন্তু অন্য কিছু করার কথা ভাবলেন নুসরাত জাহান। ২০০৯ সালে উচ্চমাধ্যমিক দিয়ে ঢাকায় গেলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করতে। মোহাম্মদপুর এলাকার একটি বাসায় ওঠার পর নুসরাত দেখলেন, সেখানে বাসায় বসে ছাত্রী ও কর্মজীবী নারীরা পোশাকে ব্লক, বাটিক ও হাতের কাজ করে ভালো উপার্জন করছেন।
নুসরাত বললেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি। বগুড়ায় ফিরে ভর্তি হলাম আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগে। ভাবলাম, বাড়িতেই যখন থাকব, তখন চাকরির বিকল্প কিছু একটা করব। সেই চিন্তা থেকেই মাত্র সাত হাজার টাকা দিয়ে ১৫টি দেশি থ্রি-পিস কিনে এনে বাসায় হাতের কাজ শুরু করলাম। ডিজাইন করা এসব থ্রি-পিস পাশের বুটিক হাউসে দিতাম। প্রচুর সাড়া পেলাম। সবাই কাজের প্রশংসা করল।’

এভাবে অল্পদিনে সাফল্য পেলেন নুসরাত। মাত্র ছয় মাসে ব্যবসার পরিধি বেড়ে গেল তাঁর। ডিজাইন করা থ্রি-পিস সরাসরি ক্রেতাদের কাছে তুলে ধরতে বাসার পাশে বুটিক শপ খুললেন তিনি। নাম দেন ‘দেশী’। নুসরাত নিজেই বললেন তাঁর সফল্যের কথা। তিনি বলেন, এখন ব্যবসার পরিধি অনেক বেড়েছে। ৭ হাজার টাকা থেকে পুঁজি বেড়ে হয়েছে ৫০ লাখ টাকা। ১৮ জন নারী-পুরুষ কাজ করেছেন। ফেসবুকে(www.facebook.com/deshibogra) পোশাকের ডিজাইন দেখে দেশ-বিদেশের ক্রেতাদের কাছ থেকে প্রচুর অর্ডার আসছে।’ বগুড়া শহরের অভিজাত এলাকা হিসেবে পরিচিত জলেশ্বরীতলার রায়বাহাদুর সড়কে বুটিকস হাউস ‘দেশী’তে বসেই কথা হচ্ছিল নুসরাতের সঙ্গে। পুরো ব্যবসা নিজেই সামলান তিনি। ব্যবসার পাশাপাশি সরকারি আজিজুল হক কলেজ থেকে এ বছর মাস্টার্স পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

নুসরাত বলেন, ‘পোশাকে ব্লক-বাটিক ও হাতের কাজ শেখা শৈশবে, প্রবাসী এক খালার কাছে। ২০০৯ সালে বুটিক হাউস খোলার পর ওয়েবসাইট ঘেঁটে হালফ্যাশনের ডিজাইন শেখার কাজ রপ্ত করেন। নামীদামি ফ্যাশন ডিজাইনারদের কাজ দেখে পোশাকে সেই ডিজাইন ফুটিয়ে তোলার চেষ্টা করতেন। সফলও হয়েছেন।
নুসরাত জানান, ‘দেশী’র পাশেই তাঁর বুটিকের কারখানায় ব্লক, বাটিক ও নকশার কাজ করেন কারিগরেরা। কয়েকজন নারী অর্ডার নিয়ে বাড়িতে বসেই কাজ করেন। বর্তমানে কারখানায় সালোয়ার-কামিজ,
থ্রি-পিস ছাড়াও শাড়ি, বিছানার চাদর, কুশনকভার, শালে হাতের কাজ করা হচ্ছে। ‘দেশী’র সালোয়ার-কামিজের দাম ৮০০ থেকে ১০ হাজার, শাড়ি ৮৫০ থেকে ১৫ হাজার, বেডকভার ৮০০ থেকে পাঁচ হাজার, শাল ৫০০ থেকে ৫ হাজার, কুশনকভার ২০০ থেকে ৮০০, জানালার একেকটি পর্দা ৫০০ থেকে ২ হাজার ৫০০ টাকা।
নুসরাত বলেন, ‘দেশি পোশাককে বিদেশের বাজারে তুলে ধরতেই ব্যক্তিগত ফেসবুক পেজে ‘দেশী’র সব নিত্যনতুন ডিজাইন ও হালফ্যাশনের ক্যাটালগের ছবি আপলোড দিচ্ছি। বাইরে থেকে প্রচুর অর্ডার আসছে। এখন লেখাপড়া শেষ করে আরও একটি ফ্যাশন হাউস খুলতে চান নুসরাত।