তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, আইন ও সালিসকেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন ‘বায়ান্ন সাল থেকে বাঙালি পরিচয় দিয়ে যাঁরা আন্দোলন-সংগ্রাম করেছেন তাঁদের জাতিসত্তা ও শেকড়ের ওপর দফায় দফায় আঘাত এসেছে, করা হয়েছে অত্যাচার। আঘাতকারী ইয়াহিয়ার দোসররা ১৯৭১ সালে চূড়ান্ত সীমায় এসে হত্যা করেছে এ দেশের শ্রেষ্ঠ সন্তানদের। এ হত্যাকাণ্ডের শিকার যাঁরা, তাঁদেরই একজন শহীদ অধ্যক্ষ নূতনচন্দ্র সিংহ।’ ১৩ এপ্রিল বিকেলে রাউজান কুণ্ডেশ্বরী মহাবিদ্যালয় প্রাঙ্গণে শহীদ অধ্যক্ষ নূতনচন্দ্র সিংহের ৪০তম মৃত্যুবার্ষিকী, স্মরণসভা ও স্মৃতি বৃত্তিদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুলতানা কামাল আরও বলেন, ‘১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন ছিল। কিন্তু সংবিধানের ব্যাপারে কারও দ্বিমত ছিল না। ৭৫ সালের পর সংবিধানে রাষ্ট্রধর্ম সংযোজন করায় এ দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। এদের সহযোগিতা করেছে উর্দি পরা অস্ত্রধারী ব্যক্তিরা। তবে এ দেশের মানুষ শেকড়ের ওপর আঘাতকারী কোনো অপশক্তিকে ক্ষমা করেননি, করবেনও না।’ যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ৪০ বছরে অনেক চক্রান্ত হয়েছে, খুনিদের রক্ষায় দেশি-বিদেশি চেষ্টা চলেছে। এখনো সেই চেষ্টা অব্যাহত আছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। স্বাধীনতার ৪০ বছর পর শহীদ অধ্যক্ষ নূতনচন্দ্র সিংহকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করায় সন্তোষ প্রকাশ করেন বক্তারা। তাঁরা নূতনচন্দ্র সিংহকে হত্যার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার সালাউদ্দিন কাদের চৌধুরীকে অভিযুক্ত করেন। নূতনচন্দ্র সিংহ স্মৃতি সংসদ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফজলী হোসেন। বক্তব্য দেন নারীনেত্রী বেগম মুশতারী শফী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌরেন বিশ্বাস, আয়কর আইন উপদেষ্টা সুপ্রিয় চক্রবর্তী, অধ্যাপক বেণু কুমার দে, জাহিদুর রহমান, কানাই লাল দাশ, সজল চৌধুরী, সাবেক মেয়র দেবাশীষ পালিত ও নূতনচন্দ্র সিংহের দৌহিত্র রাজিব কুমার সিংহ। উল্লেখ্য, রাতে মঞ্চস্থ হয়পরীবানু নাটক।