নানা অস্থিরতা সত্ত্বেও অন্যান্য বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ২০১০-১১ শিক্ষাবর্ষের সম্মান ভর্তি পরীক্ষার আয়োজন সম্পন্ন করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সোনালি স্বপ্ন নিয়ে আসা ভর্তি পরীক্ষার্থীরা আবাসনসংকট, যানজট ও বৃষ্টি উপেক্ষা করে মুখর করে রেখেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নবীনেরা এখন সাক্ষাৎকারের আশায়। কাটা পাহাড়, শহীদ মিনার আর ঝুপড়িগুলো এখন তাঁদের দখলে।তবে এবারের আয়োজন ছিল গতবারের চেয়ে কিছুটা ভিন্ন। আবেদনের প্রক্রিয়া ছিল মুঠোফোনের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে। পরীক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করেছেন অনলাইনে। ফলাফল জানতে পেরেছেন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে। প্রবেশপত্রের সঙ্গে আসন-বিন্যাস দিয়ে দেওয়াতে ভোগান্তি অনেক কম হয়েছে। প্রশাসন সূত্রে জানা যায়, ২৪ নভেম্বর বিজ্ঞান অনুষদের মাধ্যমে সাক্ষাৎকার নেওয়া শুরু হবে এবং ১১ ডিসেম্বর আইন অনুষদের মাধ্যমে শেষ হবে।রাস্তায় প্রচণ্ড যানজট থাকায় ভর্তি পরীক্ষার্থীদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়েছে। নগরের নিউমার্কেট থেকে বিশ্ব্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছাতে এক ঘণ্টার জায়গায় লেগেছে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। নাঈমুল ইসলাম নামের বিশ্ববিদ্যালয় রুটে চলাচলকারী ‘তরী’ সার্ভিসের চালক প্রথম আলোকে বলেন, ‘আমি আটটায় নিউমার্কেট থেকে রওনা হয়ে সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় পৌঁছেছি। মুরাদপুর, অক্সিজেন, আমান বাজার, বড়দীঘির পাড় ও চৌধুরীহাট পয়েন্টে যানজট থাকায় দু-আড়াই ঘণ্টা বেশি লেগেছে।ভর্তিযুদ্ধে অংশগ্রহণকারী শফিক আহমেদ প্রথম আলোকে জানান, ভর্তি পরীক্ষা শেষ। আইন অনুষদে সুযোগ পেয়েছি। এখন সাক্ষাৎকারের পালা। আমার ছোটবেলা থেকে লালিত স্বপ্নগুলো বাস্তবে রূপান্তরিত হতে যাচ্ছে।কাটা পাহাড়ে আড্ডারত রফিকুল ইসলাম নামে এক পরীক্ষার্থী প্রথম আলোকে জানান, ‘এ বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। শাটল ট্রেন, পাহাড়,ঝরনা আর ঝুপড়িগুলো আমাকে হাতছানি দিয়ে ডাকছে। আমি এ বিশ্ববিদ্যালয়ের মায়ায় বন্দী হয়ে গেছি। আমাকে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতেই হবে।’বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহ আলম প্রথম আলোকে জানান, ‘সবার সহযোগিতায় আমরা স্বচ্ছ ও সুন্দরভাবে সম্মান ভর্তি পরীক্ষা শেষ করতে পেরেছি। এবারের আয়োজনের অনেকটা অনলাইনের মাধ্যমে সম্পন্ন হওয়ায় বিশেষ করে স্বচ্ছ হওয়ায় বদলি পরীক্ষার্থী (প্রক্সি) কিংবা বহিষ্কারের তেমন কোনো ঘটনা ঘটেনি।’