নূতনের কেতন ওড়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ। নতুনের আগমনে মুখর শ্রেণীকক্ষ আর ক্যাফেটেরিয়া। নাচ, গান আর আড্ডার ডালি নিয়ে বসেছে আনন্দ আয়োজন। উদ্দেশ্য নতুনকে বরণ করে নেওয়া। গত ২৩ মার্চ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) ফার্মেসি বিভাগের ২২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে বসেছিল প্রাণের মেলা।দুই পর্বের আয়োজনের শুরুতে ছিল আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির সহ-উপাচার্য এ এইচ এম ইসহাক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, ইউএসটিসির পরীক্ষানিয়ন্ত্রক কাজী রফিকুল হক, ফার্মেসি বিভাগের ডিন মোহাম্মদ আরিফুজ্জামান। সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান কিশোর মজুমদার। দুপুর ১২টায় শুরু হয় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। গান, নাচ, আবৃত্তি ও নাটক পরিবেশিত হয় এই পর্বে।রোগ বৃদ্ধিকরণ চিকিৎসালয় নামের রম্য নাটিকা আনন্দ দিয়েছে দর্শককে। নাটকটির নির্দেশনায় ছিলেন শুভ শর্মা। এরপর বিভাগের শিক্ষার্থীরা বেশ কয়েকটি নাচ পরিবেশন করেন।শেষবিকেলের মিষ্টি আলো যখন পড়েছে ইউএসটিসির বারান্দায়, মিলনায়তনে তখন হাজারো প্রাণের উচ্ছ্বাস। নবীন শিক্ষার্থী সানজিদা সানজানা এই সময় গানে গানে মাতালেন মিলনায়তন। এরপর সুরের ডালি নিয়ে মঞ্চে আসেন অভি আসলাম। তিনি ‘পরি’, ‘দিন বাড়ি যায়’সহ জনপ্রিয় বেশ কয়েকটি গান পরিবেশন করেন। এরপর হঠাৎ করে আনন্দের মঝে আসে বিষাদের ঢেউ। ফার্মেসি বিভাগের বিভিন্ন ব্যাচের পক্ষ থেকে বিদায় জানানো হয় শিক্ষক ইরফান নেওয়াজ খানকে।এরপর মঞ্চে আসে ব্যান্ডদল তীরন্দাজ। তীরন্দাজ যখন গিটারে সুর তুলল তখন সব বিষাদ মিলিয়ে গিয়ে প্রাণ ফিরে পেল মিলনায়তন। ‘তোমাকেই মনে পড়বে’ গানটি গেয়ে শুরু করল তারা। এরপর একে একে পরিবেশন করে, ‘হতাশা’, ‘মহারাজ’, ‘অন্ধকার ঘরে’সহ ১২টি গান। পুরো অনষ্ঠানজুড়ে নবাগতদের আনন্দ-উদ্দীপনার কোনো কমতি ছিল না। নবীন শিক্ষর্থী মৌসুমি মৌ বললেন, ‘এই ধরনের আয়োজন আমাদের বিশ্ববিদ্যালয় জীবন ভালোভাবে শেষ করার সাহস ও প্রেরণা জোগাবে।’