নূপুরের রিনিঝিনি ছন্দে
নূপুরের রিনিঝিনি ছন্দে মুখর মিলনায়তন। একের পর এক নৃত্যের ঝংকারে মুগ্ধ দর্শক। এভাবেই নাচের তালে কেটেছে সময়। সঞ্চারী নৃত্যকলা একাডেমির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ জুন সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজন করা হয় নৃত্যানুষ্ঠান। ‘অনিন্দ্য আনন্দ তালে’ শিরোনামের এই আয়োজন উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।
অনুষ্ঠানের শুরুতে কংকন দাশের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সঞ্চারী নৃত্যকলা একাডেমির পরিচালক স্বপন বড়ুয়া। এরপর আজীবন সম্মাননা জানানো হয় নৃত্যশিল্পী রাহিজা খানমকে। তিনি অসুস্থ থাকায় তাঁর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন আবদুর রশিদ। এ ছাড়া চট্টগ্রামের আরও পাঁচজন শিল্পীকে সম্মাননা জানানো হয়। তাঁরা হলেন নৃত্যশিল্পী রূপক সেন, স্বপন দাশ, শুভ্রা সেনগুপ্তা, সঞ্চিতা দত্ত ও প্রমা অবন্তী। এরপর তরুণ নৃত্যশিল্পী রোকন উদ্দিনের হাতে তুলে দেওয়া হয় পারফর্মিং অ্যাওয়ার্ড।
সম্মাননা প্রদান পর্ব শেষে শুরু হয় নৃত্যের ঝংকার। শুরুতেই মঞ্চে লাল-সবুজের সমারোহ। ‘ও পৃথিবী এবার এসে’ গানের সঙ্গে জমিয়ে তোলা আয়োজন। এরপর ‘লাল মাটি সবুজ পাহাড়ি’ এই গানের সঙ্গে পরিবেশন করা হয় পাহাড়ি নৃত্য। এর রেশ না কাটতেই ‘আধেক ঘুমে’ গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন সঞ্চারী নৃত্যকলা একাডেমির সদস্যরা।
এরপর ছিল দুটি দলীয় নৃত্য। ‘আলগা করো গো’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন স্বপন বড়ুয়া ও সপ্তর্ষী বড়ুয়া। বড়দের পাশাপাশি ছিল ছোটদের আয়োজন। ‘ঢেঁকি নাচে টাপুর’ গানের সঙ্গে নাচ করে শিশুরা। এ ছাড়া আয়োজনে একে একে ‘আমি চিনিগো চিনি’, ‘আমি খুঁজেছি’, ‘দুই হাতে কালের মন্দিরেতে’ ও ‘মোর ভাবনারে’ গানের সঙ্গে পরিবেশন করা হয় দলীয় নৃত্য। সবশেষে পাঁচমিশালি হিন্দি গানের সঙ্গে নৃত্য পরিবেশনের মাধ্যমে শেষ হয় এই আনন্দযজ্ঞের।
আজ টিআইসিতে রক্তকরবীর মঞ্চায়ন
ঋতুভিত্তিক নাট্যমেলা পরিষদ আয়োজিত নাট্যমেলার প্রথম দিনে আজ রোববার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে তির্যক নাট্যদলেরপরিবেশনায় নাটক রক্তকরবী প্রদর্শিত হবে।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত এ নাটক তির্যকের ৩৯তম প্রযোজনা।
নাটক মঞ্চায়নের আগে আজ সন্ধ্যা ছয়টায় নাট্যমেলা উদ্বোধন করবেন কবি অরুণ দাশগুপ্ত। এতে প্রধান অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ। বিজ্ঞপ্তি।