নূপুরের রিনিঝিনি ছন্দে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা সাতটা। নগরের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তন কানায় কানায় পূর্ণ। নূপুরের রিনিঝিনি ছন্দে মুগ্ধ দর্শক। নাচের তালে কেটেছে সময়। গত ৩০ মে সঞ্চারী নৃত্যকলা একাডেমির ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় নৃত্যসন্ধ্যা।
‘বিমূর্ত ছন্দের ভালোবাসা’ শিরোনামে এ আয়োজন উদ্বোধন করেন শহীদজায়া বেগম মুশতারী শফী। শুরুতে স্বাগত বক্তব্য দেন সঞ্চারী নৃত্যকলা একাডেমির পরিচালক স্বপন বড়ুয়া। এরপর আজীবন সম্মাননা জানানো হয় কত্থক নৃত্যশিল্পী সাজু আহমেদকে। এরপর সঞ্চারী নৃত্যকলা একাডেমির শিক্ষার্থী জারিফা জুহানার হাতে ওঠে কৃতী শিক্ষার্থী পুরস্কার। সম্মাননাপর্ব শেষে সঞ্চারী নৃত্যকলা একাডেমির সদস্যদের পরিবেশনায় মঞ্চে শুরু হয় নৃত্যের ঝংকার। শুরুতেই ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানের সঙ্গে ছিল সমবেত নৃত্য। কত্থক নৃত্যের পাশাপাশি ‘শ্রাবণ ঘনায় দুনয়ন’ গানের সঙ্গে নৃত্য জমিয়ে তোলে আয়োজন। এরপর একে একে ‘দ্রিম তা দারে’, ‘নাম ঠিকানা জানা নাই’, ‘এসো শ্যামল সুন্দর’, ‘কি ভালো লাগে প্রিয়া’ গানগুলো মঞ্চে সমবেত নৃত্যছন্দে রূপায়িত হয়। ভরত নাট্যম ও কত্থক নৃত্য ছিল এ আয়োজনের মূল আকর্ষণ। ‘অঞ্জলী লহ মোর’ ও ‘ঐ মালতীলতা দোলে’ গানের সঙ্গে ভরত নাট্যম ও কত্থক নৃত্যের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের।
এরপর ‘শাওন রাতে খেয়া পারাপার’ গানের সঙ্গে স্বপন বড়ুয়া ও সপ্তর্ষী বড়ুয়া, ‘একটুকু ছোঁয়া লাগে’ গানের সঙ্গে স্বপন বড়ুয়া ও পৃথা পারমিতা এবং ‘ও প্রিয়া রে প্রিয়া’ গানের সঙ্গে কামাল হোসেন ও অনিন্দিতা বড়ুয়া নাচ পরিবেশন করেন।
সবশেষে পাশ্চাত্যের সংগীতের সুরের তালে তালে সমবেত নৃত্য পরিবেশনার মাধ্যমে শেষ হয় আয়োজন।