নূরউদ্দিনের ব্রেকশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের কারখানায় ব্রেকশু বানাচ্ছেন নূরউদ্দিন l  প্রথম আলো
নিজের কারখানায় ব্রেকশু বানাচ্ছেন নূরউদ্দিন l প্রথম আলো

নূরউদ্দিন চাকরি করতেন গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠানে। ১৯৯৬ সালে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে জীবন-জীবিকা নিয়ে বিপাকে পড়েন তিনি। শুরু হয় নতুন চিন্তা। এবার আর চাকরির গৎবাঁধা জীবন বেছে নিতে চাইলেন না তিনি।
মোটর পার্টস মার্কেটে কাজ করার সুবাদে বিভিন্ন যন্ত্র সম্পর্কে ভালো ধারণা তৈরি হয় তাঁর। তিনি জানতেন বাংলাদেশের ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানসহ বেশ কিছু যানবাহনে ব্যবহৃত ব্রেকশু চীন ও ভারত থেকে আমদানি করা হয়। কোটি কোটি টাকা চলে যায় দেশের বাইরে।
নূরউদ্দিন চিন্তা করলেন, দেশে চলাচল করা এসব মোটরগাড়ির ব্রেকশুর লাইনিং তৈরি করবেন। প্রাথমিকভাবে বিনিয়োগ করার মতো কোনো টাকা নূরউদ্দিনের ছিল না। কেউ রাজি নন তাঁর এই ‘আজগুবি’ সিদ্ধান্তে। কিন্তু তিনি দমলেন না।
এর মধ্যে একসময় সরকারি চিনিকলগুলোর এক যন্ত্র সরবরাহকারীর ট্রাক্টরের জন্য ৫০০ ব্রেকশুর প্রয়োজন পড়ল। তাৎক্ষণিক সেগুলো জোগাড় করতে না পেরে পরিচয় সুবাদে সেই সরবরাহকারী ঢাকার জামান মোটরসের মো. জামান বিষয়টি নূরউদ্দিনের কাছে জানালেন। নূরউদ্দিন সাহস করে বললেন, ‘আমি তৈরি করে দিব আপনার ব্রেক।’

গাড়ির ব্রেকশু
গাড়ির ব্রেকশু

সরকারি চিনিকলের সেই সরবরাহকারী নূরউদ্দিনের অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসের ওপর আস্থা রেখে বিনিয়োগ করলেন। শুরু হয় চ্যালেঞ্জ নিয়ে দৌড়ঝাঁপ। বড় একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ থেকে কাঁচামাল আনালেন নূরউদ্দিন। কিন্তু প্রক্রিয়াজাত করার মতো কোনো কারখানা ছিল না তাঁর। ঘুরলেন ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি কারখানায়। সেখানে কারখানা মালিকদের সহযোগিতায় তৈরি করলেন ৫০০ ব্রেকশু। কিন্তু ‘ফিনিশিং’ করার মতো কোনো কারখানা পেলেন না। বিষয়টি চিনিকলের মালিককে বললে তিনি ‘ফিনিশিং’ ছাড়াই নিলেন নূরউদ্দিনের তৈরি করা ব্রেক। নূরউদ্দিনের হাতে কিছু টাকা উঠল।
সেই শুরু। আর পেছনে ফিরে তাকাননি নূরউদ্দিন। এরপর ইন্টারনেটে বিশ্বের বিভিন্ন দেশের গাড়ির ব্রেক তৈরি করার প্রক্রিয়া নিয়ে পড়াশোনা করতে লাগলেন। বিষয়টি বাংলাদেশে বাণিজ্যিকভাবে উৎপাদন কঠিন হলেও অসম্ভব নয়। আবার ছোটখাটো কারখানা বসিয়ে ব্রেকশু লাইনিং তৈরি করতে পারলেও ‘ব্র্যান্ডিং’ নিয়ে জটিলতা তো আছেই। এসব ভাবতে ভাবতে গড়িয়ে যায় দীর্ঘ সময়। ২০১১ সালে নূরউদ্দিন ময়মনসিংহ শহরের সেড়হা এলাকায় বসালেন ছোটখাটো একটা কারখানা। দুজন সহকারী নিয়ে নিজেই নামলেন কাজে। নূরউদ্দিন হতে চেয়েছিলেন চিকিৎসক। এ জন্য উচ্চমাধ্যমিক পড়েছেন বিজ্ঞানে। কিন্তু পারিবারিক সমস্যার কারণে পরে চট্টগ্রাম সিটি কলেজ থেকে বিকম পাস করেন। তাঁর স্ত্রী ও দুই মেয়ে এক ছেলে নিয়ে তিনি ময়মনসিংহে থাকেন। তাঁর কার্যক্রমের বিস্তারিত নিয়ে চালু করেছেন একটি ওয়েবসাইটও (roadbrakelining.com/contact-us.html)

সম্প্রতি নূরউদ্দিনের কারখানায় গিয়ে দেখা যায়, তিনটি ছোট ছোট ঘরে প্রয়োজনীয় যন্ত্রপাতি বসিয়ে নিজেই কাজ করছেন। ক্ষুদ্র পরিসরে তৈরি করছেন কার, মাইক্রোবাস ও বাংলাদেশে চলাচলকারী পিকআপ ভ্যানের ব্রেকশু। ঢাকা ও চট্টগ্রামের মোটর পার্টস আমদানিকারকদের মাধ্যমে তিনি সেগুলো বাণিজ্যিকভাবে বিক্রিও করছেন।