নৃত্য ও ফ্যাশনে শরতের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোর্ট্রেট আয়োজিত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা
পোর্ট্রেট আয়োজিত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা

প্রকৃতিতে লেগেছে শরতের ছোঁয়া। খরতাপে থেমে থেমে শান্তির সুবাতাস বইয়ে দিচ্ছে বৃষ্টি। প্রকৃতির এই বিচিত্র খেলায় ভর করে আসছে দুর্গাপূজা আর ঈদ। শরতের এমন দিনে জীবনকে আরও রঙিন করতে আলোকচিত্র ও সাংস্কৃতিকবিষয়ক সংগঠন পোর্ট্রেটের উদ্যোগে গত ২৫ সেপ্টেম্বর নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হলো শারদোৎসব।
বাংলার ছয় ঋতুর মধ্যে শরৎ অন্যতম বৈশিষ্ট্যমণ্ডিত। নৃত্য ও ফ্যাশনের মাধ্যমে এ ঋতুর বিভিন্ন রূপ উপস্থাপন করা হয় অনুষ্ঠানে। শুরুতেই তরুণ চক্রবর্তীর পরিচালনায় ছিল নৃত্যানুষ্ঠান।
নৃত্য পরিবেশন করেন প্রাপণ একাডেমির সদস্যরা। এরপর সালেহ জনের কোরিওগ্রাফি এবং মনিদীপা দাশ ও রওশন আরা চৌধুরীর পোশাক নিয়ে অনুষ্ঠিত হয় ফ্যাশন শো। শরতের শুভ্রতা ও স্নিগ্ধতার চিত্র ফুটে ওঠে বর্ণিল এ ফ্যাশন শোর আয়োজনে।
এর আগে অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য দেন চট্টগ্রাম আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলা ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী প্রমুখ।
বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে ছয় ব্যক্তিকে পোর্ট্রেট সম্মাননা পদক দেওয়া হয়। পদকপ্রাপ্তরা হলেন কবি ও সাংবাদিক এজাজ ইউসুফী, পোশাক ডিজাইনার রওশন আরা চৌধুরী, নৃত্যপরিচালক অনন্য বড়ুয়া, সাংস্কৃতিক সংগঠক অনুপ বিশ্বাস ও সাজ্জাদ বিন খালেদ, কোরিওগ্রাফার সালেহ জন। এ ছাড়া ডিজে সাদিউল ইসলাম, মডেল লিনা খান ও মুনির হোসাইনকে ‘অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।