নৃত্যরঙের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৃত্যরঙ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজন করা হয় নৃত্যানুষ্ঠান। ‘নৃত্যরঙে রাঙাই জীবন’ শিরোনামের এই আয়োজন শুরু হয় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী, তাই প্রজ্জ্বলিত হলো ১৩টি প্রদীপ। অনুষ্ঠান উদ্বোধন করেন বাসন্তী বড়ুয়া। এরপরেই ছিল আলোচনা সভা। একাডেমির পরিচালক তন্ময় বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লেখক সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন মানসী দাশ ও প্রীতি বড়ুয়া। আলোচনা সভা শেষে তিন নৃত্যশিল্পীকে দেওয়া হয় আজীবন সম্মাননা। তাঁরা হলেন রূপক সেন, সঞ্চিতা দত্ত ও অনন্য বড়ুয়া। এ ছাড়া আরও তিন নৃত্যশিল্পী—জয়ন্তী বণিক, সূচনা বণিক ও প্রথমা দাশকে দেওয়া হয় সংবর্ধনা। সম্মাননা প্রদান শেষে নাচের ছন্দে মঞ্চ মাতান শিল্পীরা। শুরুতেই ‘ফুলে ফুলে’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন নৃত্যরঙ একাডেমির শিল্পীরা। এরপর ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’ ও ‘লাল শাড়ি’ গান দুটির সঙ্গেও দলীয় নৃত্য পরিবেশন করা হয়। এরপর একক। ‘ভেসে আসে সুর’ গানের সঙ্গে নাচ পরিবেশন করেন জয়ন্তী বণিকঅতিথি শিল্পী হিসেবে ভরতনাট্যম পরিবেশন করেন সুরাঙ্গন বিদ্যাপীঠের হিল্লোল দাশ। এরপর আবার দলীয় নৃত্য। ‘প্রাণ চায়’, ‘নাচ করে সুন্দরী’, ‘মাইট্টা কলসি’, ‘অপার হয়ে বসে আছি’ ও ‘হাওড়া মাঝি’ গানগুলোর সঙ্গে দলীয় নৃত্য মুগ্ধ করে শিল্পীদের পরিবেশনা। এরপর ‘জারুলের ফুল’ গানের সঙ্গে মঞ্চ মাতান সূচনা বণিক। রিয়াংকা দাশ ও তন্ময় বড়ুয়া ‘মেঘে মেঘে’ গানে দ্বৈত এবং ‘জাগো বাংলাদেশ জাগো’ গানের সঙ্গে দলীয় নৃত্যের মাধ্যমে শেষ হয় এই আনন্দযজ্ঞের।