৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় টিআইসি মিলনায়তনে ফুলকি পরিচালিত সাংস্কৃতিক স্কুল সোনারতরীর শাস্ত্রীয় নৃত্যচর্চার স্কুল নৃত্যাঞ্জলি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন, চট্টগ্রামের প্রবীণ নৃত্যশিল্পী শারমীন হোসেইন এবং কল্পতরুর প্রধান লুবনা মরিয়ম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ ধারার যেকোনো নাচের ভিত্তি হলো শাস্ত্রীয় নৃত্য। উপমহাদেশে এই নৃত্যের মূল পাঁচটি ধারা রয়েছে—মণিপুরি, কত্থক, ভরতনাট্যম, ওডিশি ও কথাকলি। এর বাইরে সব অঞ্চলেই অনেক বৈচিত্র্যপূর্ণ লোকনৃত্য প্রচলিত রয়েছে। এ ছাড়া আধুনিক কালে শরীর সঞ্চালনার আরও নানা ধারা ও অনুষঙ্গ নৃত্যকলাকে বৈচিত্র্য দিয়েছে ও সমৃদ্ধ করছে। কোনো কোনো ক্ষেত্রে পূর্ব-পশ্চিমের মিশ্রণ ও মিলন ঘটেছে। তবে শিক্ষার্থীদের জন্য প্রথম করণীয় হবে শাস্ত্রীয় নৃত্যের পছন্দের ধারাটি বেছে নিয়ে তাতে দক্ষতা অর্জন। পরে অতিথিদের নিয়ে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে নৃত্যাঞ্জলির আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে রক্তকরবীর শিক্ষার্থীরা রবীন্দ্রনাথের ‘নৃত্যেরও তালে তালে’ গানটি পরিবেশন করেন। এরপর সোনারতরীর খুদে শিক্ষার্থীরা মালকোষ রাগের বন্দিশ ও তারানার সঙ্গে দুটি নাচ পরিবেশন করে। নৃত্যের শিক্ষক অমিত চৌধুরী ও তাঁর দুই সহযোগী জুয়েইরিয়া মৌলি, শাম্মী আক্তার ভরতনাট্যম পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
শিক্ষক অমিত চৌধুরী ও তাঁর সহযোগীরা খুদে শিক্ষার্থীদের নাচের মুদ্রা অনুশীলন করানোর মাধ্যমে নৃত্যাঞ্জলির প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন।